করোনাবিধি মেনে দুর্গাপূজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতি বছরের মতো গণজমায়েত, গানবাজনা থাকবে না। তবে কোভিড আইন মেনে দুর্গাপূজা পালিত হবে এবার নিউইয়র্ক নগরের মন্দিরগুলোতে। বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদ্‌যাপিত হবে ২২ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত। শুধু নিউইয়র্ক নগরে বাংলাদেশি সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরেই নয়, ভারতীয় হিন্দুরাও একইভাবে নিয়ম মেনে দুর্গাপূজা পালন করছে। তবে বিধিনিষেধ থাকলেও আসন্ন পূজা উপলক্ষে উৎসাহ উদ্দীপনার অভাব নেই। পূজার জন্য পোশাক কেনা হচ্ছে। পূজা উপলক্ষে অনেকে আগাম ছুটি নিয়েছেন কাজের জায়গা থেকে।

আগামী ২১ অক্টোবর পঞ্চমী দিয়ে শুরু হবে এবারের দুর্গা পূজা। ২২ অক্টোবর মহাষষ্ঠী, ২৩ অক্টোবর সপ্তমী, ২৪ অক্টোবর অষ্টমী, ২৫ অক্টোবর নবমী ও ২৬ অক্টোবর দশমী দিয়ে শেষ হবে অনুষ্ঠান। ২৬ অক্টোবর হওয়ায় ওই দিন ছুটি নেবে সবাই। তার আগে শুক্রবার রাতে ও শনি-রোববার বন্ধ থাকায় সবাই মিলে এবার জমিয়ে পূজা উদ্‌যাপন করতে পারবে।

তবে নিউইয়র্কে সর্বজনীন পূজা কমিটির অন্যতম একজন মণিকা রায় চৌধুরী বলেন, এবারের পূজায় প্রতি বছরের মতো সমাগম হবে না। ঘটা করে পূজা হচ্ছে প্রায় অনেক জায়গায়।

নিউইয়র্ক নগরের সবচেয়ে বেশি বাঙালির বাস যে বোরোতে, সেই কুইন্সে বাংলাদেশি মার্কিন হিন্দুদের পরিচালিত বেশ কয়েকটি মন্দির আছে। এর মধ্যে আছে—ওম শক্তি মন্দির, হিন্দু মন্দির, হরি মন্দির, দিব্যাধাম মন্দির, ভক্ত সংঘ মন্দির।

বিভিন্ন সূত্রে জানা গেছে, কোভিড আইন মেনে এসব মন্দিরে এবার পূজা উদ্‌যাপন করা হবে। ভেতরে ঢুকতে হলে দর্শনার্থীদের একসঙ্গে যেতে দেওয়া হবে না। হয়তো ২০ জনকে ঢুকতে দেওয়া হবে। ঠাকুর দর্শন ও অঞ্জলি দিয়ে ফিরে এলে অন্যরা ঢুকতে পারবে। কেউ বেশিক্ষণ থাকতে পারবে না। পূজা শেষে প্রসাদ খাওয়া যাবে না সেখানে। প্রসাদের প্যাকেট বাসায় নিয়ে যেতে হবে।

নিউইয়র্কের নামকরা আবৃত্তিকার ও সংস্কৃতিকর্মী গোপন সাহা বলেন, বিধিনিষেধ মেনেই সবকিছু হবে এবার দুর্গাপূজায়। আগের বছরের মতো গানবাজনা ও জমায়েত থাকবে না। যতদূর জানি, পশ্চিমবঙ্গের বাঙালিদের পরিচালিত হিন্দু মন্দিরেও একই অবস্থা। দশমীর দিনে রং খেলা উৎসবের একটা অংশ। এবার সেটাও করা হবে সীমিত পরিসরে।

নিউইয়র্কের এক স্কুলের সেফটি পুলিশ অফিসার হিসেবে কর্মরত সুতপা মণ্ডল ইতিমধ্যে দশমীর দিন ২৬ অক্টোবর স্কুল থেকে ছুটি নিয়েছেন। আরও জানালেন, ‘পরিবারের সদস্যদের জন্য দুর্গাপূজা উপলক্ষে পোশাক কিনেছি। নিজের জন্য শাড়ি কিনেছি। সবাই মিলে পূজার আনন্দ করব। ঠাকুরের পায়ে সিঁদুর ছোঁয়াব।’

মণিকা রায় জানালেন, এবার মন্দিরের বাইরে অন্য কোথাও দুর্গা পূজা হচ্ছে না। আগে যেভাবে বিভিন্ন হল ভাড়া করে পূজা উদ্‌যাপন হতো, এবার সেটা হবে না। মন্দিরে দুর্গা মূর্তি সংরক্ষণ করা হয়। কারণ, প্রবাসে আমাদের পক্ষে প্রতি বছর মূর্তি নির্মাণ করা সম্ভব নয়। মন্দিরে নিরাপত্তা ও সাবধানতা অবলম্বন করে পূজা উদ্‌যাপন করা হবে।