করোনাভরা এ বসন্তে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাক্তার নার্সকে হতাশ করে

হাসপাতালের ভেন্টিলেটর থেকে মুক্তি পেয়ে
সোজা চলে এসেছি ম্যানহাটনের পার্ক অ্যাভিনিউয়ে।
কারণ আমি জানতাম
মরিচ বাতির মতন চঞ্চল কোমল মায়ায়
সেখানে জ্বলছে প্রিয়তমা চেরির মেঘের তোরণ।

যেতে যেতে ড্রোনের চোখে আকাশ থেকে দেখি
সম্ভাষণ জানাতে, মোমের আলোয় স্নান সেরে
দাঁড়িয়ে চেরির মেঘে গড়া সারি সারি আফ্রোদিতি।
অক্সিমিটারের মাপা অক্সিজেনের চাইতে ঢের ভালো
এই কোলাহলহীন নির্মল অলস হাওয়া।
শুদ্ধ বাতাসে আফ্রোদিতির ফুলেল মেদে ডুবে গেলাম,
যেন মেজবানে তৃপ্তিতে ডুবে যাওয়া নিমন্ত্রিত কবজি।

নির্লিপ্ত মেদের গভীরে শয্যায় তৃপ্তি কই,
যদি না মেলে সাড়ার বিপরীতে সাড়া।
করোনার কাছে সবকিছু খুইয়ে
কীভাবে কপর্দকহীন আমি
আফ্রোদিতিকে জাগাব মুগ্ধতায়।
অবশেষে মৃতদের হাটে
যৌবনের দ্যুতি হারানো টিউলিপ চেরির প্রলাপে
মেলে উত্তর আলাপে-
নির্মল হাওয়া চাওয়ার বিনিময়ে
চাইনি এমন ‘রোদনভরা’ বসন্ত।
স্বেচ্ছায় নির্বাসনে প্রকৃতিপ্রেমিকেরা
এঁটেছে শঙ্কায় খিল দরজায়,
নামিয়ে চোখের ঝাঁপ লকডাউনে কল্পনায়
ঘোলের রঙে কতটা পারবে আঁকতে
দুধচেরির আফ্রোদিতি!

করোনাভরা এ বসন্তে