করোনাভাইরাস ও ব্যবসায়ী বন্ধুর চীনা পণ্য বিক্রির কৌশল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: রয়টার্স
ছবি: রয়টার্স

করোনাভাইরাসের উৎপত্তি হয়েছে চীনে। চীন থেকে খুব দ্রুত তা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এমনটা হওয়ারই কথা ছিল। কারণ, চীন কোনো সাধারণ রাষ্ট্র নয়। পৃথিবীর সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ চীনের রয়েছে পৃথিবীর প্রায় সব দেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক। চীনের সস্তা পণ্যের ভোক্তা কম-বেশি বিশ্বের প্রায় সব দেশই। শুরুর সেই শঙ্কা এখন তীব্র উৎকণ্ঠায় পরিণত হয়েছে।


আমার এই উৎকণ্ঠা শুধু আমেরিকার জন্য নয়, সারা পৃথিবীর মানুষের জন্য। সবচেয়ে বড় উৎকণ্ঠা আমার জন্মভূমি বাংলাদেশের জন্য। কারণ, আমার জন্মভূমি বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ। চিকিৎসাব্যবস্থা খুবই দুর্বল, ত্রুটিপূর্ণ ও দুর্নীতিযুক্ত। মানুষের স্বাস্থ্য সচেতনতা কম। তার ওপর জনসংখ্যার একটি বিরাট অংশ চিকিৎসা সেবা প্রাপ্তির সুবিধা থেকে বঞ্চিত।


চীন বাংলাদেশের অতি নিকটবর্তী দেশ। বর্তমানে বাংলাদেশের প্রচুর মানুষ ব্যবসায়িক প্রয়োজনে নিয়মিতই চীন ভ্রমণ করে। ইদানীং বাংলাদেশের অনেক শিক্ষার্থী চীনে পড়াশোনাও করছে। এই সব দিক বিবেচনায় চীনের করোনাভাইরাস সবার আগে বাংলাদেশেই আসার কথা ছিল। কিন্তু অবাক ব্যাপার হচ্ছে, ভাইরাসটি বাংলাদেশে সংক্রমিত হওয়ার আগে ইউরোপ-আমেরিকাসহ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এটা কেন হলো? এর কারণ কী? বিষয়টি চিন্তা করতে গিয়ে আমার সেই ব্যবসায়ী বন্ধুর গল্পটা মনে পড়ে গেল।


গল্পটা এ রকম—আমার বন্ধু একটি অফিসে কিছু মেশিন সাপ্লাই দেবে। মেশিনগুলো চীনের। কিন্তু ওই অফিস চায়নিজ মেশিন নেবে না; চীনা পণ্যের গুণগত মান কম বলে। এদিকে বন্ধুর ব্যবসা মূলত চীনের সঙ্গে। চীনা পণ্যই সে আমদানি করে। এখন সে তার চীনা কাউন্টার পার্টের সঙ্গে আলোচনা করল, কী করা যায়। চীনারা বুদ্ধি দিল, ‘তুমি এক কাজ কর। ওই অফিস যে দেশের পণ্য পছন্দ করে, আমরা সেই দেশের নামে এবং ওই দেশের বন্দর থেকে আমাদের পণ্য সাপ্লাই দেব।’ কী দারুণ বুদ্ধি! আমার বন্ধু বিনে পয়সায় এই চীনা বুদ্ধিটি পেয়ে ওই অফিসকে বলল, আর্জেন্টিনার সঙ্গেও তার ব্যবসা আছে। আর্জেন্টিনা থেকে আনা উচ্চ মানের মেশিন তাদের সাপ্লাই দেবে। কাজটা সে পেয়ে গেল। চীনা কাউন্টার পার্ট ঠিকই আর্জেন্টিনার বন্দর থেকে তাদের চীনা পণ্য বাংলাদেশে শিপমেন্ট করল। আর্জেন্টিনা থেকেই পণ্য চট্টগ্রাম বন্দর হয়ে ঢাকায় এল। ক্রয়কারী প্রতিষ্ঠান আর্জেন্টিনার সিলসহ পণ্য বুঝে নিল। বন্ধু তো মহা খুশি। এদিকে চীনের পণ্য আর্জেন্টিনার বলে চালিয়ে দামও নেওয়া হলো তিনগুণ। কিন্তু বিপত্তি বাধল বিল পেতে। ওই প্রতিষ্ঠান আর তার বিল ছাড় করছে না। কারণ, সব ঠিক থাকলেও মেশিনের গায়ে লেখা ছিল ‘মেড ইন চায়না’।


করোনাভাইরাসও বাংলাদেশে সরাসরি চীন থেকে না এসে এসেছে ইতালি থেকে! বাংলাদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে হয় নজর রেখেছিল চীনের দিকে। কিন্তু সুচতুর করোনাভাইরাস সুদূর ইতালির বন্দর থেকে শিপমেন্ট হয়ে বিনা বাধায় ঢাকা বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হয়ে বাংলাদেশে ঢুকে গেল! এখন বাংলাদেশের উচিত হবে ওই অফিসের মতো চীনা মাল করোনাকে গ্রহণ না করা। তা কী করে না করবেন, আমি জানি না। আপনারা ভাবুন।