করোনাভাইরাস: নিউইয়র্কে নিত্যপণ্য মজুতে সুপারশপে ভিড়

নতুন করোনাভাইরাস কোভিড-১৯ সংক্রমণের প্রভাবে নিউইয়র্ক নগরীতে স্মরণকালের ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় গতকাল বৃহস্পতিবার নগরীতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন মেয়র বিল ডি ব্লাজিও। উদ্ভূত পরিস্থিতিতে কখনো না ঘুমানো শহর নিউইয়র্ক প্রায় জনশূন্য হয়ে পড়েছে। আবার সামনের ভয়াবহ পরিস্থিতি বিবেচনায় অনেককে দীর্ঘদিনের জন্য নিত্যপণ্য মজুতের লক্ষ্যে সুপারশপগুলোতে ভিড় করতেও দেখা যাচ্ছে।
মার্কিন স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, আমেরিকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৪১ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিউইয়র্কে আক্রান্তের সংখ্যা ৩২৮ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ওয়েস্টচেস্টার কাউন্টিতে ১৪৮ জন। ৪১ জন আক্রান্ত নিয়ে পরের অবস্থানেই রয়েছে নাসাউ কাউন্টি। সামনে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে—এমন আশঙ্কায় সিটি মেয়র জরুরি অবস্থা ঘোষণা করলেন।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এক জরুরি বিবৃতিতে ডি ব্লাজিও জানান, পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে—এমন আশঙ্কায় সতর্কতা হিসেবে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, যে দুটো স্কুল বন্ধ করা হয়েছে, সেখানে আক্রান্ত শিক্ষার্থী শনাক্ত হয়েছে বিধায় অন্যদের স্বাস্থ্য সতর্কতা নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু পরিস্থিতি এমন হয়নি যে, অন্য সব স্কুল বা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার নিউইয়র্কের ব্রঙ্কসের একটি স্কুলের এক শিক্ষার্থী স্কুল কর্তৃপক্ষকে নিজের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য জানালে দ্রুততার সঙ্গে ওই এলাকার দুটি স্কুল ২৪ ঘণ্টার জন্য বন্ধ ঘোষণা করা হয়। এ অবস্থায় নিউইয়র্কের বাসিন্দারা পরিস্থিতি বিবেচনায় শহরের সব স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া উচিত বলে মত প্রকাশ করছেন। যদিও নগর কর্তৃপক্ষ মনে করছে, এমন সিদ্ধান্তের জন্য আরও অপেক্ষা করা যেতে পারে।

এদিকে শহর জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। চারদিকে সুনশান নীরবতা। কোথাও তেমন কোনো জনসমাগম নেই। বলা হচ্ছে, স্মরণকালের ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে এখন নিউইয়র্ক নগরীতে। কখনো ঘুমায় না যে শহর, তার সমস্ত থিয়েটার, মিউজিয়াম, ব্রডওয়ে আড্ডাখানা এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। নিষিদ্ধ করা হয়েছে বড় ধরনের যেকোনো সভা-সমাবেশ। বার ও রেস্তোরাঁ বলতে গেলে প্রায় অচল হয়ে পড়েছে। এক কথায় জনশূন্য হয়ে পড়ছে নগর। শহরের মেট্রোপলিটন ট্রান্সপোর্ট অথোরিটির (এমটিএ) আওতাধীন গণপরিবহনব্যবস্থা একেবারে যাত্রীশূন্য হয়ে পড়েছে। যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষের আনাগোনা থাকত, তা এখন একেবারে জনশূন্য।
নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো জানিয়েছেন, জরুরি প্রয়োজন ছাড়া প্রায় এক মিলিয়ন মানুষ কোথাও যাতায়াত করছেন না।
আবার অনেকটা বিপরীত চিত্র দেখা যাচ্ছে সুপারশপগুলোতে। করোনাভাইরাস আতঙ্কে গ্রোসারি স্টোর, বড় বড় সুপারশপগুলোতে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। পরিস্থিতি খারাপ হতে পারে এই আশঙ্কায় গতকাল বৃহস্পতিবার নিউইয়র্কের কুইন্স, ব্রুকলিন, ম্যানহাটনের সুপারশপ থেকে টয়লেট পেপার, পানি, শাক-সবজি, মাছ ইত্যাদি এক মাসের হিসাবে কিনতে দেখা গেছে অনেককে।
এদিকে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে আমেরিকার শেয়ারবাজারে স্মরণকালের ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। ১৯৮৭ সালের পর এই প্রথমবার শেয়ারবাজারে এত বড় ধস নেমেছে।