করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রে পৌনে দুই কোটি কর্মী চাকরিচ্যুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বিশ্ব মহামারি করোনাভাইরাসের কারণে কেবল যুক্তরাষ্ট্রেই গত মার্চের মাঝামাঝি পর্যন্ত সময়ে প্রায় পৌনে দুই কোটি মানুষ চাকরিচ্যুত হয়েছেন। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ভাইরাসটির কারণে সৃষ্ট আর্থিক অস্থিরতা আরও কয়েক মাস চলবে। এর ফলে চলতি এপ্রিলে অবস্থা আরও খারাপ হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার বাড়ছে উদ্বিগ্ন হওয়ার মতোই। গত বৃহস্পতিবার প্রকাশিত এক তথ্যানুসারে, বিশ্ব মহামারি করোনাভাইরাসের ক্ষতি কমিয়ে আনতে চাকরি ছাঁটাইয়ের মতো পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্রের অনেক কোম্পানি। এর কারণে গত মার্চের মাঝামাঝি পর্যন্ত সময়ে দেশটির ১ কোটি ৭০ লাখ মানুষ চাকরি হারিয়েছেন।

এদিকে করোনায় ক্ষতিগ্রস্ত মার্কিন অর্থনীতিকে বেগবান করতে ২ লাখ ৩০ হাজার কোটি মার্কিন ডলারের বেশ কিছু অনুদান কর্মসূচি হাতে নিয়েছে ফেডারেল রিজার্ভ।

ফেডারেল রিজার্ভের ঘোষণাটি ঠিক এমন সময়ে এল, যখন লেবার ডিপার্টমেন্টের সবশেষ সাপ্তাহিক প্রতিবেদনে দেখা গেছে, গত সপ্তাহে বেকারভাতা পেতে যুক্তরাষ্ট্রে আবেদন করেছেন ৬৬ লাখের বেশি মানুষ। এর আগের সপ্তাহে আবেদন করেছিলেন ৬৯ লাখ এবং ২১ মার্চ শেষ হওয়া সপ্তাহে আবেদন করেছিলেন ৩৩ লাখ মানুষ।

বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতির দেশে দেখা দেওয়া বেকারত্বের এই চিত্রে এটি স্পষ্ট যে ২০০৮ সালের আর্থিক মন্দার সময়ের বেকারত্বের হারও এবার ছাড়িয়ে যাবে দেশটি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রধান ক্রিস্টালিনা গিওরগিভা গত বৃহস্পতিবার সতর্ক করে বলেছিলেন, ১৯২৯ সালে শুরু হয়ে প্রায় এক দশকব্যাপী চলা মহামন্দার পর বিশ্ব এবার সবচয়ে খারাপ বৈশ্বিক জরুরি অবস্থায় পড়তে যাচ্ছে।

করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রে তিন কোটি লোক বেকার হবে বলে ধারণা করা হচ্ছিল, ইতিমধ্যে প্রায় পৌনে দুই কোটি লোক বেকার হয়েছেন। এ–ও উল্লেখ্য, বিগত মন্দার সময়ে প্রায় এক কোটি লোক যুক্তরাষ্ট্রে বেকার হয়েছিলেন।

অক্সফোর্ড ইকোনমিকস বলেছে, যুক্তরাষ্ট্রের চলতি মাস এপ্রিলে বেকারত্বের হার ১৪ শতাংশ হতে পারে এবং মে মাসে তা গিয়ে ১৬ শতাংশে ঠেকতে পারে।