করোনাভাইরাস শনাক্তের পর লন্ডনে ফেসবুক কার্যালয় বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজুড়ে এক লাখের বেশি মানুষের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে। সম্প্রতি লন্ডনে ফেসবুকের এক কর্মীর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তিনি সিঙ্গাপুর থেকে লন্ডনের অফিসে আসেন। তারপরই লন্ডনে ফেসবুকের তিনটি কার্যালয়ই বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি।
লন্ডনে এখনো পর্যন্ত প্রায় দেড় শতাধিক মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন করোনাভাইরাস কোভিড-১৯ আক্রান্ত হয়ে শহরটিতে দুজনের মৃত্যু হয়েছে। গত কয়েক দিনে লন্ডনে নতুন করে ৪৭ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। এই পরিস্থিতিতে ফেসবুক কার্যালয়েও করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন কর্তৃপক্ষ।


যে কর্মীর মধ্যমে করোনাভাইরাস অফিসে ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে, তিনি মূলত সিঙ্গাপুরের অফিসের কর্মী। গত ২৪ থেকে ২৬ ফেব্রুয়ারির মধ্যে তিনি একাধিকবার ফেসবুকের লন্ডন অফিসে যান কর্মসূত্রে। সেই কর্মীর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি জানার পরই তিনটি কার্যালয়ই আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ফেসবুক।


লন্ডনে ফেসবুকের অন্তত তিন হাজার কর্মী কাজ করেন। তাঁদের এখন অফিসে না এসে বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে। ফেসবুক কর্তৃপক্ষের দাবি তাঁরা জানেন না, আক্রান্ত ওই ব্যক্তির কাছ থেকে কার কার শরীরে করোনাভাইরাস গিয়েছে।