করোনাভাইরাসের প্রকোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার দুই মাসের মাথায় করোনাভাইরাস এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে বড় নগর নিউইয়র্কে। ৪ মার্চ ম্যানহাটনের একজন অ্যাটর্নি, তাঁর স্ত্রী ও ছেলেমেয়ে করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছে।
ভাইরাসটির ছড়িয়ে পড়ার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, যার প্রভাব এরই মধ্যে পড়ছে জনজীবনে। মানুষ আপৎকালীনের জন্য বেশি বেশি কেনাকাটা করায় সংকট দেখা দিচ্ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহে। বাতিল হচ্ছে উড়োজাহাজের ফ্লাইট।

নিউইয়র্ক নগরের রিভারডেল স্কুলসহ বেশ কয়েকটি স্কুল সতর্ককতামূলকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এনওয়াইপিডির চার পুলিশ কর্মকর্তাকে নজরদারিতে রাখা হয়েছে। এ ছাড়া বাইরের দেশ থেকে আসা ব্যক্তিদের পরীক্ষা করা হচ্ছে। অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমোর দেওয়া তথ্যমতে, নিউইয়র্কে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ১০৫ জনকে শনাক্ত করা হয়েছে। আর কোয়ারেন্টাইনে রাখা ব্যক্তির সংখ্যা শুধু নিউইয়র্ক নগরীতেই ২ হাজার ৭৭৩। পুরো আমেরিকার কথা বিবেচনা করলে পরিস্থিতি আতঙ্ক সৃষ্টির জন্য যথেষ্ট। এখন পর্যন্ত আমেরিকায় পাঁচ শতাধিক ব্যক্তির শরীরে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। এতে আক্রান্ত হয়ে এরই মধ্যে মারা গেছে ২২ জন।

এ অবস্থায় অঙ্গরাজ্য ও নগর কর্তৃপক্ষ বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে। এর মধ্যে কিছু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে গণজমায়েত। বাইরে থেকে আসা লোকদের পরীক্ষা করা বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি করোনাভাইরাস প্রতিরোধে বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিশ্বব্যাপী নতুন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা এরই মধ্যে ১ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে বেশ আগেই। কোভিড-১৯ নামের এ ভাইরাসের এখন পর্যন্ত কোনো প্রতিষেধক না থাকায় এ থেকে মুক্ত থাকতে সতর্কতাই একমাত্র অবলম্বন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি)—সবাই সতর্ক থাকার ওপরই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। ভাইরাসটি যেহেতু স্পর্শের মাধ্যমে ছড়ায়, তাই স্পর্শ বাঁচিয়ে চলা, হাত দিয়ে মুখ স্পর্শ থেকে বিরত থাকাসহ অনেক বিষয়ে সতর্ক থাকতে বলা হচ্ছে।

আশার কথা হলো, ভাইরাসটি দ্রুত ছড়ালেও এর কারণে সৃষ্ট রোগে মৃত্যুহার ১ শতাংশের কম। তবে এখনো অনেকে চিকিৎসাধীন থাকায় মৃত্যুহারের বিষয়টি নিশ্চিত নয়। এর আগে একইভাবে ছড়িয়ে পড়া ভাইরাসগুলোর মতো মৃত্যুহার বেশি না হওয়ায় এবং রোগপ্রতিরোধ ক্ষমতা ভালো এমন ব্যক্তিদের শঙ্কা কম হওয়ায় খুব বেশি আতঙ্কের কিছু নেই। নিউইয়র্ক কর্তৃপক্ষ এরই মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং এর মোকাবিলায় যথেষ্ট প্রস্তুতি আছে বলে জানিয়ে দিয়েছে।

মুশকিল হচ্ছে, অতি আতঙ্কে অনেকেই সতর্ক হওয়ার বদলে নিত্যপণ্যের বাজারে হামলে পড়ছে। এটি আতঙ্ক যতটা ছড়াবে, করোনা মোকাবিলায় ততটা সহায়ক হবে না। অন্যদিকে বাংলাদেশি অনেক সংগঠনকে এখনো বিভিন্ন সাধারণ সভা, উৎসব আয়োজন করতে দেখা যাচ্ছে। যেকোনো সংক্রামক ব্যাধি মোকাবিলার পূর্বশর্ত হচ্ছে গণজমায়েত এড়িয়ে চলা, কিন্তু নিউইয়র্কের বাংলাদেশিরা সম্ভবত এ নীতি মানছেন না। প্রশাসনিক নির্দেশনা থাকলেও তা অমান্য করছেন। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যে ভাইরাসের কোনো প্রতিষেধক এখনো মানুষের হাতে আসেনি, তা থেকে নিরাপদ থাকতে হলে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের কোনো বিকল্প নেই।