করোনাভাইরাসের প্রকোপের মধ্যে এশীয়দের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কে করোনাভাইরাস ছড়িয়ে গেলে নগরীর বিভিন্ন স্থানে এশীয়দের ওপর বিদ্বেষমূলক হামলা হওয়ার খবর পাওয়া গেছে। চলতি সপ্তাহের শুরুতে ২৩ বছর বয়সী এক তরুণী ও ৫৯ বছর বয়সী এশিয়ান বংশোদ্ভূত এক ব্যক্তির ওপর হামলা করা হয়েছে। দুটি ঘটনাকেই পুলিশ বিদ্বেষমূলক হামলা হিসেবে অভিহিত করেছে।
প্রথম ঘটনাটি ঘটে ম্যানহাটনের মিড টাউন এলাকায় জনি ভাষা বিদ্যালয় সংলগ্ন রাজপথে। পুলিশ জানায়, আক্রমণকারী অভিযোগকারীর পূর্ব পরিচিত এবং একই ভবনে থাকা এম্পায়ার বিউটি স্কুলে অধ্যয়নরত। আক্রমণকারী নারী ভুক্তভোগীকে বারবার জিজ্ঞেস করেন, ‘তোমার মুখে মাস্ক নেই কেন?’
ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, ভবনে রুটিন আগুন নেভানোর মহড়া চলাকালে এই ঘটনা ঘটে।
অন্য ঘটনা ঘটে ম্যাডিসন অ্যাভিনিউয়ের হারলেম এলাকায়। ৫৯ বছর বয়সী এক এশীয়কে কয়েকজন সন্দেহভাজন একের পর এক আঘাত করে রাস্তায় ফেলে দেয়। এ সময় তারা এশীয়-বিরোধী নানা মন্তব্য করে।
১৩ মার্চ পুলিশ কর্তৃক প্রকাশিত ভিডিও চিত্রে এ মর্মান্তিক ঘটনার জন্য দায়ীদের খোঁজ করা হচ্ছে। অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো জানান, নগরীতে করোনাভাইরাস মহামারি আকারে ছড়ানোর জন্য এশীয়দের দোষারূপ করার ন্যূনতম কোনো কারণ নেই। এ ধরনের বিদ্বেষমূলক হামলাকে কোনো অবস্থায় সহ্য করা হবে না। পুলিশ বাহিনীর হেট ক্রাইম ইউনিটকে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এর বাইরে সাবওয়েতে এক এশীয় যাত্রীর মুখে অন্য এক যাত্রী স্প্রে করেছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাটির তদন্ত করা হচ্ছে।