করোনাময় দিন
শনিবার। বিকেল বেলা। অনেক দিন একটানা বাসায় থাকতে থাকতে শরীর ম্যাজম্যাজ করছে। যা আছে কপালে, বাইরে হাঁটতে যাচ্ছি। রেডি হয়ে বাইরে বের হওয়ার মুহূর্তে বড় মেয়ে রাস্তা অবরোধ করে দাঁড়াল। সে আমার সঙ্গে বাইরে যেতে চায়। আমিও তাকে নিতে রাজি হলাম। এখন বসন্তকাল। তাপমাত্রা এখনো তেমন বেশি না। তাই জ্যাকেট পরতে হয়েছে। মাস্কও পরে নিলাম দুজনে। মেয়েকে বলে নিলাম রাস্তায় অন্য লোকজন থেকে দূরত্ব বজায় রেখে হাঁটতে। কোন দিকে যাবে বলাতে মেয়ে বলল তার স্কুলের দিকে যাবে। আমাদের বাসা থেকে ওদের স্কুলে হেঁটে যেতে পনেরো মিনিটের মতো লাগে। টরন্টো শহরের এই একটা বৈশিষ্ট্য যে, প্রাইমারি স্কুলগুলো পনেরো-বিশ মিনিটের হাঁটার দূরত্বে অবস্থিত। যে যেই এলাকায় বাস করে, সে সেই এলাকার স্কুলে পড়বে।
বাবা-মেয়ে দুজনে মুখে মাস্ক পরে হাঁটছি। অস্বস্তি লাগছে। তারপরও কোনো উপায় নাই। কয়েক দিন আগেও শুনেছি, মাস্ক পরতে হবে না। এখন আবার শুনছি মাস্ক পরা ভালো। প্রতিটি বাড়ির সামনে এক বা একাধিক গাড়ি অলস অবস্থায় পড়ে আছে। হয়তো অনেক দিন যাবৎ গাড়িগুলো এই অবস্থায় আছে। কোনোটা হয়তো স্টার্ট নিচ্ছে না, ব্যাটারি বসে গেছে, যেমনটি আমার গাড়িতে হয়েছিল কয়েক দিন আগে। এই মনে হয় প্রথমবার সবগুলো গাড়ি একসঙ্গে পার্ক করা অবস্থায় আছে।
কিছু দূর এগোতেই চোখে পড়ল স্কুলের মাঠের কোণের প্লে-গ্রাউন্ডটি। এটি অবশ্য মাঠের দূরবর্তী প্লে-গ্রাউন্ড। আরও দুটি আছে স্কুলের খুব কাছাকাছি। তার মানে একটি স্কুলকে ঘিরে তিনটি প্লে-গ্রাউন্ড, যেখানে বাচ্চারা আশ মিটিয়ে খেলে। আশ মিটিয়ে বলছি এই কারণে যে, এখানে বছরের বেশির ভাগ সময় ঠান্ডা থাকায় খেলার সুযোগ থাকে শুধু গ্রীষ্মে। আর এই গ্রীষ্মটা তাই বাচ্চারা চরমভাবে উপভোগ করে। লক্ষ্য করলাম প্লে-গ্রাউন্ডটি হলুদ রঙের টেপ দিয়ে ঘেরা, আর তার পাশেই এক নোটিশ বোর্ড ঝুলছে। সেখানে লেখা, করোনার প্রাদুর্ভাবের কারণে এটি বন্ধ আছে।
আমরা দুজন গল্প করছি আর হাঁটছি। কোনো মানুষ চোখে পড়েনি এখনো। মানুষগুলো বাসায় আছে। হয়তো জানালার পর্দা সরিয়ে আমাদের দেখছে। একটা জিনিস খেয়াল করলাম, ছোট ছোট পাখিগুলো আমাদের অস্তিত্বকে পাত্তা না দিয়ে খুব কাছাকাছি এসে ছুটছে আর কিচিরমিচির করছে, যেন তাদের রাজ্যে আজ আমরা অতিথি হিসেবে হাজির হয়েছি। মেয়েকে বললাম, ‘দেখেছ পাখিগুলো কী অবলীলায় আমাদের চারপাশে কিচিরমিচির করছে?’ সে বলে, ‘তাই তো বাবা।’ তখনই মনে পড়ল সেদিন ফেসবুকে দেখলাম, লকডাউনে কোন দেশের কোন শহরে যেন হরিণ ঘুরে বেড়াচ্ছে।
মেয়ে আমাকে একটু দূরে দুটি লোককে দেখিয়ে বলল, ‘এই`তো পেয়ে গেছি বাবা, ওরাও আমাদের মতো হাঁটছে। লোক দুটি হয়তো আমাদের রাস্তা দিয়েই আসছিল। কিন্তু সামাজিক দূরত্বের কথা চিন্তা করে আমাদের সমান্তরাল রাস্তা দিয়ে হাঁটছে।’ একটু পর দেখালাম এক কাপল জগিং করছে। মেয়ে এবার গুনতে শুরু করল, কতজন লোক আমাদের দৃষ্টিগোচর হলো। বাসায় পৌঁছাতে পৌঁছাতে আমরা ছয়জন লোককে দেখেছি—মেয়ে হিসাব দিল।
মেয়েকে বাসায় রেখে আমি অন্যদিকে হাঁটতে বের হলাম। মূল রাস্তার কোনায় একটি নতুন পেট্রল পাম্প তৈরি হচ্ছিল অনেক দিন যাবৎ। লকডাউনে ফিনিশিং টাস্ক বাকি রয়েছে। মালিকের ভাগ্য খারাপ। অন্যথায় এত দিনে এখানে জমজমাট ব্যবসা শুরু হয়ে যেত। পেট্রল পাম্পের বিপরীতে রাস্তার অপর পাশে ছোট্ট একটি মল, যেখানে গ্রোসারি, সেলুন ও রেস্টুরেন্টসহ অন্যান্য ছোট ছোট দোকানগুলোকে পরিত্যক্ত মনে হলো। অনেকটা বিরান মরুভূমির মতো, কোনো গাড়ি নেই, লোকজনের আনাগোনা নেই।
একটু এগোতেই লোকাল ফায়ার সার্ভিস স্টেশন। সুনসান নীরবতা বিরাজ করছে। এটিও কি তাহলে বন্ধ। না, তা কী করে হয়। আগুন কী বলে কয়ে ধরে যে, এখন করোনার সময় একটু বিরতি দেবে। বরং মানুষ বাসায় থাকবে আগুন নিয়ে কাজ করবে তাই এই স্টেশনের গুরুত্ব হয়তো বেড়ে যাবে। আসলে ফায়ার সার্ভিস স্টেশনটা হয়তো এমনই থাকে সব সময়। কখনো খেয়াল করিনি ওভাবে।
ফায়ার সার্ভিস স্টেশন পেরিয়েই একটা চার্চ আছে। প্রতি উইকেন্ডে এখানে প্রচুর লোকের সমাগম হয়। বিশেষত চাইনিজ কমিউনিটির চার্চ। আজ শনিবার। কিন্তু কোনো ভিড় নেই, সামনে কোনো গাড়ি নেই। খেয়াল করে দেখলাম চার্চের সাইনবোর্ড নামানো আর সামনের যন্ত্রপাতির সমাহার দেখে মনে হচ্ছে এই লকডাউনে সংস্কার কাজটা সেরে নিচ্ছে।
না, আর সামনে যাব না। বাসায় ফিরছি। রাস্তার অন্যপাশ দিয়ে একজনকে দেখলাম পোষা কুকুর নিয়ে হাঁটছে। আর এই দিক দিয়ে একজন কানে হেডফোন লাগিয়ে জগিং করতে করতে শাঁ শাঁ করে চলে গেল। আমি হাঁটি আর ভাবি, হয়তো অচিরেই পাশের মলের ছোট দোকানগুলো খুলে যাবে, রাস্তার কোনার নতুন পেট্রল পাম্পটি তার স্টার্টআপ ব্যবসাটা জমিয়ে বসবে আর লোকজনও ফিরে যাবে যার যার কাজে। এই প্রত্যাশায় রইলাম।