করোনাময় দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনায় প্রায় সবকিছু বন্ধ। সেলুনও এর বাইরে নয়। লকডাউনে বাইরে যাওয়া সীমিত হলেও চুলের বৃদ্ধি কিন্তু স্বাভাবিক। এই বৃদ্ধিপ্রাপ্ত আউলা–বাউলা চুল না হয় এক-দুই সপ্তাহ সহ্য করা যায়, কিন্তু মাস পেরিয়ে গেলে এর একটা বিহিত করতে হয়। বাসায় অনেক দিন অব্যবহৃত চুল কাটার মেশিনটা অনেক খুঁজে অবশেষে হাতে পেয়ে ‘ইউরেকা’ ‘ইউরেকা’ বলে দ্রুত মাথায় চালিয়ে দেওয়ার পর যখন দেখা যায় মাথাটার খাঁজ কাটা খাঁজ কাটা অবস্থা, তখন চুল কাঁটার সবচেয়ে সরল পন্থাটা অবলম্বন করতে হয়। চুলের বংশ নির্মূল করে মাথা ন্যাড়া হওয়া ছাড়া কোনো উপায় থাকে না। কেউ কেউ আবার এমনিতেই মাথা ন্যাড়া করে। সরল উপায়ে হোক আর সদিচ্ছায় হোক, বর্তমান করোনার এই সংকটকালে ন্যাড়া মাথার সমাহার চারদিকে। এই দেখে আমি নিজেও উদ্বুদ্ধ হয়েছি। আমি এমনিতেই খুব ছোট চুল রাখি। এই ছোটকে আরও একটু ছাটলে ন্যাড়ার কাছাকাছি চলে যায়। সেই কাজটি গিন্নি অতি সহজেই করে ফেলল।
এখন আমার ন্যাড়া মাথা। আমার মেয়েরা অবশ্য এই ন্যাড়া মাথা তেমন পছন্দ করেনি। বড় মেয়ের মন একটু বেশিই খারাপ। কারণ তাঁর জন্মদিনেই আমি এই জঘন্য কাজটি করেছি। অন্যদিকে গিন্নি মনে মনে খুশি। মাথা ন্যাড়া কথা বলার সঙ্গে সঙ্গে দেখি সে চুল কাঁটার মেশিন নিয়ে হাজির। তাঁর ধারণা, ন্যাড়া করে দিলে আমার মাথায় চুল গজাবে আরও ঘন হয়ে। বাবরি ঝোলানো সেই ঘন কালো চুলে সে হয়তো হারিয়ে যাওয়ার দিবাস্বপ্ন দেখছে! চুল কাঁটার মাঝামাঝি সময়ে গিন্নিকে বললাম, ‘শুনেছি মাথা একেবারে ন্যাড়া করলে পরবর্তীতে সব চুলে গজায় না’। সে দেখলাম চিন্তায় পড়ে গেল আর হয়তো ভাবতে লাগল, কী চেয়েছি আর কী হতে যাচ্ছে! ঘন কালো চুল নয়, বরং তপ্ত বিরান মরুভূমিতে বিচরণ করতে হবে তাঁর। মা-মেয়েদের যখন এই বিপরীতমুখী অবস্থান, তখন আমি মনে মনে ভাবছি চুল তুই রয়ে–সয়েই বড় হ, কারণ অচিরেই লকডাউন শেষ হবে না মনে হচ্ছে।
তো এই ন্যাড়া মাথা দেখে অনেকের মনেই প্রশ্ন, যে এর সঙ্গে করোনার কোনো সম্পর্ক আছে কিনা? মানে মাথা ন্যাড়া করলে করোনায় আক্রান্ত হবে না, এ রকম কোনো কিছু পাওয়া গেছে কিনা? ন্যাড়া বেঢপ মাথার লোকদের দেখে করোনা পালাবে, এমন তথ্য আমার জানা নেই। এই ব্যাপারে গবেষণা করা যেতে পারে। তবে গবেষণার ফলাফল প্রতিকূলে যাওয়ার সম্ভাবনাই বেশি। মাস্ক দিয়ে মুখ ঢেকে রাখলে যদি ভালো ফল দেয়, তবে মাথা চুল দিয়ে ঢেকে রাখলে ভালো ফল দিতেও পারে!
সেলুন বন্ধ থাকায় ছেলেরা না হয় সবচেয়ে সরল পন্থা অবলম্বন করে মাথা ন্যাড়া করে ফেলল। মেয়েরা তো আর এই সহজ সরল পথ বেছে নিতে পারে না। একটু কঠিন পন্থা অবলম্বন করতে হয় ওদের। চুলের সৌন্দর্য বর্ধনে মনোযোগী হলেন সবাই। চুলের কালার দরকার সবার। খবরে দেখলাম, বাজারে নাকি চুলের কালার স্টক আউট হয়ে গেছে। মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারের পাশাপাশি চুলের কালারের উৎপাদনও এখন বৃদ্ধি পাবে। এগুলোকে করোনার পশ্চাৎমুখী শিল্প বলা যেতে পারে। করোনায় আক্রান্ত রোগী যখন ক্রমাগত বেড়েই চলছে, তখন একদল তরুণ ছেলেমেয়ে সেলুন খুলে দেওয়ার দাবি নিয়ে ডাউনটাউনে ওই দিন সমবেত হয়েছিল। মানুষের চাওয়ার কি বৈচিত্র্য!
টরন্টোতে ফ্যামিলি ফিজিশিয়ানরা এখন ভার্চ্যুয়ালি রোগী দেখে। রোগীর সঙ্গে ফোনে আলাপ করে ডাক্তার পথ্য দেয়। প্রেসক্রিপশন নিকটবর্তী ফার্মেসিতে পাঠিয়ে দেয়। আর যদি কোনো টেস্ট করার দরকার পড়ে, তাহলে ইমেইলে তা পাঠিয়ে দেয়। প্রিন্ট করে ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলেই হয়। তেমনি একটি টেস্ট রিকুয়ারমেন্ট প্রিন্ট করা দরকার। বাসার প্রিন্টারটা ইদানীং কাজ করছে না। অন্য সময় হলে পাবলিক লাইব্রেরি থেকে প্রিন্ট আউট করতে পাড়তাম। লাইব্রেরি বন্ধ থাকায় বন্ধুর বাসায় যাচ্ছি প্রিন্ট করতে। গাড়ি স্টার্ট দিতে গিয়ে দেখি, কাজ হচ্ছে না। অনেক দিন না চলতে চলতে হয়তো গাড়ি ভুলে গেছে তাকে চলতে হবে! ওই দিনও এই অবস্থা হয়েছিল। হয়তো অনেক দিন ইঞ্জিন না চলায় ব্যাটারি বসে গেছে। কয়েকবার চেষ্টা করার পর গাড়ি স্টার্ট নিল। বন্ধুর বাসা থেকে ফেরার সময় ব্যাংকের কাজটি সেরে নেব বলে ভাবছি।
ব্যাংকে শেষ কবে এসেছিলাম, মনে করতে পারছি না। অনেক দিন আগে হয়তো। মোবাইল ডিপোজিট, ইমেইল ট্রান্সফার, ডাইরেক্ট ডিপোজিট, ডেভিট-ক্রেডিট কার্ড ব্যবহার ইত্যাদির কারণে ফিজিক্যালি ব্যাংকে না আসলেও চলে। ব্যাংকের সামনে দেখি কিছু মানুষ নিরাপদ দূরত্বে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। গেটে নতুন নোটিশটি চোখে পড়ল। ব্যাংক আওয়ার ব্যাপক কমানো হয়েছে। সকাল দশটা থেকে দুপর একটা পর্যন্ত ব্যাংক খোলা। অথচ স্বাভাবিক সময়ে এটি খোলা থাকে সকাল আটটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত। ব্যাংকের দুজন লোক বাইরে দাঁড়িয়ে তা তদারকি করছে। আমি লাইনের দিকে এগোতেই ব্যাংকের লোক আমাকে বলল, এটিএম মেশিনে কাজ করলে লাইনে দাঁড়ানোর দরকার নেই। আমি এটিএমে কাজ সেরে গাড়ি স্টার্ট দিতে চেষ্টা করছি। কিন্তু গাড়ি স্টার্ট নিচ্ছে না। আমার এই অবস্থা দেখে এক ছেলে এসে বলল, আমি যে বারবার গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করছি, তাতে গাড়ির স্টার্টার নষ্ট হয়ে যেতে পারে। সে আমাকে পরামর্শ দিল, অন্য কোনো গাড়ির সাহায্যে বুস্টার ব্যবহার করে গাড়ি স্টার্ট দিতে। আমি বুস্টার ক্যাবল নিয়ে অপেক্ষা করছি যদি কোনো গাড়ি আসে। এক মধ্যবয়সী এশিয়ান লোক কাছাকাছি আসতেই তাকে বললাম, আমাকে একটু সাহায্য করতে। এই করোনাময় দিনে আমাকে মাস্ক পরা অবস্থায় দেখে মনে হয় বেচারা ভয় পেয়ে গেছে। বুঝি এই তাঁর মধ্যে করোনা ছড়িয়ে পড়বে! সে সাহায্য করতে রাজি হয়নি। এর পরপরই এক তরুণ বরং অনেকটা উৎসাহী হয়ে আমাকে উদ্ধার করলেন। আমি আর দেরি না করে আমার পরিচিত গ্যারেজে চলে যাই। গ্যারেজের রিসেপশনে গিয়ে দেখি, করোনা থেকে রক্ষার এক অভিনব পদ্ধতি। পুরো ফ্রন্ট অফিসটা স্বচ্ছ পাতলা পলিথিন দিয়ে আচ্ছাদিত। কাস্টমারের কোনো ড্রপলেট দূরে থাক শ্বাস-নিশ্বাসটুকু তাদের ধারে কাছে যেতে পারবে না। পলিথিনের মাঝখানে একটুখানি ফুটো রাখা আছে, যাতে করে ক্যাশ বা কার্ড দিয়ে লেনদেনটা সম্পন্ন করা যায়। পলিথিনের ওপারে মাস্ক পরিহিত একজন সামনে মাথা ঝুঁকে হিসাব–নিকাশে ব্যস্ত। গাড়ি চেক করে মেকানিক বলল, ব্যাটারি চেঞ্জ করতে হবে। ব্যাটারি চেঞ্জ করে আমি বাসায় ফিরছি আর মনে মনে ভাবছি, এই করোনার দিন একদিন শেষ হবে, সেলুন খুলবে, লাইব্রেরি খুলবে, ব্যাংকের আওয়ার বাড়বে আর মানুষ স্বাভাবিক জীবন যাপন করবে। সেই দিনের প্রত্যাশায় থাকলাম।