করোনার উৎপত্তি, কোনটি বলি কোনটি রাখি
বাড়িতে বন্দীদশা থেকে বের হচ্ছেন? ভীষণ বিরক্ত লাগছে? এক কাজ করুন। চলুন, একটি পপুলার কন্সপিরেসি থিওরি বা ষড়যন্ত্র তত্ত্বের সমাধানের কাজে লেগে যাই। কি সেই কন্সপিরেসি থিওরি? সে তো আপনি ভালো করেই জানেন মশাই। কি বললেন, জানেন না? ওহো, তা ধরুন যে, এখনকার করোনাভাইরাস মানে কোভিড-১৯ কোথা থেকে আসল? তার অরিজিন কি? আচ্ছা চলুন, একসঙ্গে এ–মোড় থেকে ও-মোড় পর্যন্ত আন্দাজ করা যাক, যাকে ইংরেজিতে বলে ব্রেন স্টর্মিং—
১. চীন: চীনারা শুধু দুনিয়ার লোককে তাঁবেদার বানানোর ফন্দিতে নয়, খোদ আমেরিকাকেও টেক্কা দেওয়ার জন্য প্ল্যান করেছে। তারা উহান শহরে নিজেদের ভাইরোলজি ল্যাবে কোভিড-১৯ ভাইরাসটি বানানোর জন্য জোরেশোরে কাজ করে যাচ্ছিল। এক্সপেরিমেন্ট চলাকালে জিনিসপত্র নাড়াচাড়া করতে গিয়ে অসাবধানতাবশত একটা বোতল মেঝেতে পড়ে যায়। আসলে সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। সেখান থেকে ওই ভাইরাসটি লিক করে আশপাশে ছড়িয়ে পড়ে। ওই এক জায়গা থেকে সারা চীনে। সেখান থেকে এখন সারা দুনিয়ায়। অথচ ভান করছে যেন ভাজা মাছটি উলটে খেতে জানে না।
২. বিল গেটস: গত বছর বিলিয়নিয়ার বিল গেটস ও মেলিন্ডা গেটস মেরিল্যান্ডের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ে মারাত্মক সব ভাইরাসের ওপর গবেষণা করতে তাঁর শার্টের এক পাশের পকেট কিছুটা উপুড় করে দেন। এমন একটা কিছু যে হবে, এটা নাকি তাঁর আগেই আন্দাজ ছিল। হয় তো সত্যি, না হলে এমন অবস্থায় উনি অমন ‘কুল’ হয়ে আছেন কি করে?
৩. আমেরিকা: এটি নাকি একেবারে খোদ আমেরিকার কাজ। ব্যাটা চীনাদের বিষ দাঁত ভেঙে দিতে মার্কিনরা নিজেরা গিয়ে ওখানে মালটি ছেড়ে এসেছে আর ভেতরে-ভেতরে বলছে, ‘দেখ ব্যাটা এখন কি হয়! মজাটা একবার দেখ।
৪. কানাডা: লেডি কিলার হ্যান্ডসাম প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার ট্রুডোর দেশের ন্যাশনাল ডিফেন্স ল্যাবরেটরিতে অনেক চীনা নাগরিক রিসার্চ স্কলার হিসেবে কাজ করে। এদের মধ্যে দুজন নাকি কোভিড-১৯ তৈরি করার ফর্মুলা চুরি করে পালিয়ে যায় এবং উহানের ল্যাবে ওই ভাইরাসটি বানানোর জন্য দান করে। সেই থেকেই নাকি এই বিপত্তি।
৫. ফাইভ জি ইন্টারনেট: শুনুন, এসব কিছু হচ্ছে কেবল ফাইভ জি ইন্টারনেট রেডিয়েশনের ফল। এটি যে কত বড় এবং কত সাংঘাতিক একটা বিষ, সে সম্বন্ধে পৃথিবীর কারও কোন ধারণাই ছিল না। এখন বোঝ ঠেলা। নেচারকে ডিস্টার্ব করলে সে এক সময় শোধ নেবেই।
৬. মিটিওর বা উল্কা: ২০১৯ সালের নভেম্বরে মহাকাশে একটা বিস্ফোরণ হয়েছিল, মনে আছে? সেই মহাশূন্য থেকে আগুনের পাটকেল বা ‘ফায়ার বল’ আমেরিকার মিজৌরিতে এসে পড়ে। সেখান থেকেই এই বিপদের উৎপত্তি।
৭. সার্স, মার্স: আগে ‘সার্স (SARS) ও মার্স (MARS) যেমন পৃথিবীতে এসে দাবড়ানি দিয়ে গেছে, এটা তারই মামাতো ভাই। এখন থেকে কয়েক বছর পর পর এমন উপসর্গ হবে, হতেই থাকবে, হতেই থাকবে। অতএব, সাধু সাবধান।
৮. এইচআইভি বা এইডস: এইডস ভাইরাস যেমন রক্ত এবং পুরুষ ও নারীর গোপনাঙ্গ থেকে নিঃসৃত তরল পদার্থের সংস্পর্শে আসলে তা থেকে সংক্রামিত হয়, এটাও তেমন ভয়ানক একটা ভাইরাস। তবে এটা অত গভীরেও নয়, জাস্ট যার মধ্যে ওই রোগের বীজ ঢুকেছে, তার হাতের ছোঁয়া ও হাঁচি নিজের শরীরে লেগে গেলেই হলো। তফাৎ হলো, এটি হলে যাদের ভালো না হওয়ার, তাদের খুব অল্প দিনে মৃত্যু হয়। এইডসের মতো অত সময় পাওয়া যায় না। অতএব, সাবধান হয়ে যাও ভাই।
৯. মেক্সিকোর বিয়ার: আরে, ওসব বাজে কথা ছাড়ো তো। রোগটা মেক্সিকোর ওই করোনা নামের পপুলার বিয়ার খাওয়ার পাপ থেকেই এসেছে। এই সহজ কথাটা কে না জানে?
১০. বাদুড়ের স্যুপ: সবাই জানে, চীনার উহান এলাকার এক রেস্টুরেন্টে এক চীনা মহিলা বাদুড়ের স্যুপ খেয়েছিল। সেই থেকেই এই রোগের উৎপত্তি।
এখন আপনিই বলুন দাদু, এর কোনটি নিই আর কোনটি দূর করে ছুড়ে ফেলে দিই?