করোনার কবে হবে করুণা

খোলা জানালায় ধূসর আকাশ দেখতে ভাল্লাগে না। কারণ ওই ধূসরতায় দূষিত কার্বন আছে, যে আকাশে নেই কোন নীলের নির্মলতা, প্রকৃতির বাতাসে নেই ফুল ফোটানোর সক্ষমতা, সেই আকাশ দেখার আগ্রহ নেই আমার। আমি চাই, মৃদু বাতাসে ভেসে বেড়াক ফুলের গন্ধ। গোলাপি চেরির পাপড়ি গড়িয়ে যাক হাইল্যান্ডের পিচঢালা পথে। পাতা ঝরা বৃক্ষ আবার সবুজে ভরে যাক। আকাশে ভেসে বেড়াক সাদা সাদা মেঘপুঞ্জ। কিংবা মেঘের ভেলায় লুকোচুরি যাক লাগোর্ডিয়াগামী বর্ণিল বিমান। কোলাহলে ভরে উঠুক প্রতিটি শিক্ষাঙ্গন। আবার পুলিশ গাড়ির সাইরেন বাজুক ঘরমুখো শিক্ষার্থীদের তাড়া করে বেড়াবার। বর্ণিল ফুলের সমারোহে ফিরে আসুক বসন্ত। আবার শুরু হোক বসন্ত উৎসব। পথ মেলার আয়োজন হোক জ্যামাইকা, জ্যাকসন হাইটস আর ব্রঙ্কসের বাঙালি পাড়ায়। যার মোহে লালিত হয়েছি প্রবাসের তিন দশকের বেশি সময়।
এক মাসের বেশি অন্তরীণ থেকে দরজা খুলে বাইরে তাকাতেও আঁতকে উঠি এখন। চারদিকে সুনসান নীরবতা। জনকোলাহল নেই কোথাও। ঘরবন্দী মানুষগুলো কেমন আতঙ্কে আত্মকেন্দ্রিক। মাঝেমধ্যে ঘরমুখো মানুষ প্রয়োজনের তাগিদে মাস্ক আর গ্লাভস লাগিয়ে ছুটে চলে দ্বিধাগ্রস্ত হয়ে।
মনে হয় মানুষখেকো বাঘ তাড়া করছে লকলকে জিহ্বা বের করে। কখনো রাতের নির্জনতা ভেদ করে রোগীবাহী গাড়িগুলোর সাইরেন শুনে মুমূর্ষু রোগীর ব্যথাতুর মুখখানা ভেসে উঠে নিদ্রাভঙ্গ চোখের সামনে। এক সময় মনে করিয়ে দেয়, ২০০১ সালের নাইন–ইলেভেনের কথা।
ওই দিন সকালে আমার ছোট মেয়েকে নিয়ে যাব ম্যানহাটনের কোন এক হাসপাতালে। সকাল দশটায় তার অ্যাপয়েন্টমেন্ট। আমি তৈরি হয়ে বসে আছি, আর মেয়ের অপেক্ষা করছি। রিমোট নিয়ে টিভি অন করতেই পর্দায় ভেসে এল এক ভয়ংকর চিত্র। আমি অবাক হয়ে ভাবলাম, হয়তো কোন মুভি চ্যানেলে চলে গেছি। চ্যানেল বদল করে দেখি একই দৃশ্য।
ইতিমধ্যে টুইনটাওয়ারের বাঁ পাশের ভবনে যাত্রীবাহী বিমানটা আঘাত করতেই মুহূর্তেই ভবনের ওপরের অংশটা ভেঙে গেল। অবাক বিস্ময়ে ভাবছি, বিমানটা এত বড় দুর্ঘটনার সম্মুখীন হলো।
মুহূর্তেই দেখি আরেকটা বিমান একইভাবে দ্বিতীয় ভবনে আঘাত করল। মুহূর্তেই ভবন দুটি ভেঙে পড়ার উপক্রম হলো। কত মানুষ আকাশ ছোঁয়া ভবনের জানালা দিয়ে লাফিয়ে পড়ছে। দেখতে দেখতে ভবন দুটি ভূমির সঙ্গে মিশে গেল। আমার মেয়ে এসে বলল, আব্বা ম্যানহাটনের টুইন টাওয়ারে নাকি আগুন লেগেছে। তার এক বান্ধবী নাকি ফোনে বলেছে। আমি তাকে ঘটনার বিস্তারিত বললাম। আমরা তখন এষ্টোরিয়ার ছিলাম। বাসার বাইরে বের হয়ে
দেখি, লোকজন ছোটাছুটি করছে।
কেউ কিছু বলছে না। নিউইয়র্কের বাতাসে যেন অবর্ণনীয় ভ্যাপসা গন্ধ। কর্মস্থলে ফোনে খোঁজ নিয়ে জানা গেল, ম্যানহাটনের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
সিএনএন বলছে সন্ত্রাসী হামলা। যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় সন্ত্রাসী হামলার ব্যাপারটা আমার বোধগম্য হচ্ছে না কিছুতেই।
দুদিন পরে কাজে গেলাম গাড়ি নিয়ে। ম্যানহাটনের অনেক রাস্তা বন্ধ করে চেকপোস্ট বসানো। কাজের জায়গা থেকে বেশ দুরে গাড়ি পার্ক করে হাঁটতে লাগি। মনে হল, দুদিন আগের দেখা ম্যানহাটন আর আজকের ম্যানহাটনে অনেক তফাৎ। আমার মতো যারা হাঁটছে, সবাই মাস্ক ব্যবহার করছে। পুরো নিউইয়র্ক নগরের বাতাসে পোড়া গন্ধ, মনে হচ্ছে মানুষ আর কেমিক্যাল জ্বালা ভ্যাপসা গন্ধ এটা। কয়েক হাজার মানুষ টুইন টাওয়ারে কর্মরত ছিল, তাদের মধ্যে কেউ যে বেঁচে নেই, তা বলা যায় নিঃসন্দেহে।
আমেরিকা তথা সারা বিশ্ব এই ন্যক্কারজনক ঘটনার নিন্দা জানিয়েছে। এত মৃত্যুর মিছিলে বাংলাদেশি ছয়জন মারা গিয়েছিল। এটি ছিল আমেরিকার ইতিহাসে এক কালো অধ্যায়।
কিন্তু এত বড় একটা বিপর্যয়কে সামাল দিয়েছে আমেরিকার দেশপ্রেমিক জনগণ, দেশের প্রশাসন।
একটা কঠিন সময় অতিক্রম করে নিউইয়র্ক নগর আবার জেগে উঠেছিল উদ্দামতায়। সাময়িক দেয়াল বেষ্টন করে রাখা হয়েছিল ক্ষতিগ্রস্ত এলাকা। বাকি পুরো শহরে লোকে লোকারণ্য হয়েছিল, জেগে উঠেছিল জনপদ। আশপাশের বার, রেস্তোরাঁ, সাময়িক বন্ধ থাকার পর আবার জমজমাট হয়েছিল। খুব স্বল্প সময়ে কেটে গিয়েছিল নিস্তব্ধতা।
কিন্তু আজকের পরিস্থিতি ভিন্ন। খুব ছোট্ট একটি ভাইরাসের কারণে পুরো পৃথিবীর বিরাট শক্তিধর পরমানু ক্ষমতাধর দেশগুলো লেজ গুটিয়ে বসে বসে লাশের সংখ্যা গুনছে। আজ বাইরে তাকিয়ে অবাক হতে হয়। একি সেই চির চেনা শহর? যে শহর সদা জাগ্রত থাকার সুনাম ছিল। যে শহরের পাতাল রেল আর পাবলিক পরিবহনে সদা লাইনে দাঁড়িয়ে গাদাগাদি করে লোক যাতায়াত করত, সেখানে আজ নির্জনতা। নিউইয়র্কের অনেক স্থান আজ ভুতুড়ে শহর, কোথাও নিরাপত্তা কর্মীদের প্রহরী হয়ে নির্বাক দাঁড়িয়ে থাকা।
কিছুদিন আগেও যারা দাপটে কাজ করে মধ্যরাত পর্যন্ত আড্ডা দিয়ে ঘরে ফিরেছেন, তারা আজ বেকার হয়ে হোম কোয়ারেন্টিনে বসে প্রহর গুনছেন।
অকর্মা লোকজন বেকার ভাতার আবেদন করতে পারছেন না। প্রশাসনিক ফোন সিস্টেমে লোড নিতে পারছে না। সরকারিভাবে প্রণোদনের ঘোষণা থাকলেও এখনো আশার প্রতিফলন ঘটছে না। সর্বত্র একটা অনুশোচনার রুদ্ধতার প্রভাব পরিলক্ষিত।
টাস্কফোর্সের শীর্ষস্থানীয় চিকিৎসক বলেছেন, এই ভাইরাসটি বারবার ফিরে আসতে পারে। এ জন্য প্রস্তুত থাকতে হবে। অ্যালার্জি ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি বলেছেন, করোনাভাইরাস মৌসুমি ফ্লুর প্রকৃতি ধারণ করতে পারে।
যুগে যুগে বিভিন্ন নামে মহামারি আকারে এসেছে অনেক ভাইরাস। ২০১৪ সালেও ইবোলা ভাইরাস এসেছিল পশ্চিম আফ্রিকার কয়েকটি দেশে। ২০১৬ সাল পর্যন্ত বয়ে যাওয়া এই ভাইরাসে অনেক প্রাণহানি ঘটলেও করোনাভাইরাসের মতো পৃথিবীব্যাপী এত ব্যাপক আকারে প্রভাবিত হয়নি। এখনো করোনাভাইরাসের ছোবল দিন দিন বেড়েই চলেছে। ভাইরাসের দীর্ঘতা লক্ষ করে নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো লকডাউনের মেয়াদ আরও দীর্ঘ করে আইনের কড়াকড়ি নিয়ম বেঁধে দিয়েছেন। তার অর্থ, করোনার কবে হবে করুণা, আমরা কেউ জানি না।