করোনার কারণে মিশিগানে খাবার সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিশিগানের একটি গ্রোসারি পণ্যের দোকানে প্রায় ফাঁকা পড়ে আছে পণ্য রাখার তাক। ছবি: সংগৃহীত
মিশিগানের একটি গ্রোসারি পণ্যের দোকানে প্রায় ফাঁকা পড়ে আছে পণ্য রাখার তাক। ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের কারণে আমেরিকার মিশিগান স্টেটে খাবার ও নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিয়েছে। মিশিগানের কিছু বাংলাদেশি গ্রোসারি দোকানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা এই সুযোগে নিত্য পণ্যের দাম বাড়িয়েছে। বিশেষ করে চাল, ডাল, পেঁয়াজ, চিনি, আটা, আদা, রসুন ও ভোজ্যতেলসহ প্রায় সব পণ্য বাড়তি দামে বিক্রি হচ্ছে।

১৪ মার্চ প্রথম আলো উত্তর আমেরিকার পক্ষ থেকে ওয়ারেন সিটির বেশ কয়েকটি গ্রোসারি শপে গিয়ে এই অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

গ্রোসারি মালিকেরা জানান, দোকানে পর্যাপ্ত পরিমাণে পণ্য নেই। চালের সংকট বেশি। তবে দুই-একদিনের মধ্যে চলে আসার সম্ভাবনা আছে। তেল ও পেঁয়াজ এখনো পর্যাপ্ত পরিমাণে আছে।

পণ্যের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে তাঁরা বলেন, ‘আমরা এখনো দাম বাড়াইনি। তবে কিছু পাইকারি ব্যবসায়ী যদি পণ্যের দাম বাড়িয়ে আমাদের দেন তখন আমাদের কী করণীয়? আমরা বাংলাদেশিরা আমদানি করা খাদ্যের ওপর নির্ভরশীল। প্রয়োজনের অতিরিক্ত পরিমাণে পণ্য সামগ্রী কেনাকাটা করলে সংকটতো হবেই।’

এদিকে মিশিগানের অ্যাটর্নি জেনারেল ডানা নেসেল বাসিন্দাদের সতর্ক করে বলেছেন, ব্যবসায়ী অতি মুনাফার আশায় করোনাভাইরাসকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে পণ্যের মূল্য বাড়িয়ে দিতে পারেন। ১০ মার্চ করোনায় একজনের আক্রান্ত হওয়া এবং জরুরি অবস্থা ঘোষণার পর এই সতর্কবার্তা দেন।

ডানা নেসেল জানান, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার নানা জিনিসের উচ্চ মূল্য রাখতে পারেন ব্যবসায়ীরা। এটা মিশিগান কনজুমার প্রোটেকশন অ্যাক্টের লঙ্ঘন। পণ্য ক্রেতার চাহিদা অনুযায়ী সরবরাহ হতে হবে। সেটা হয়তো আছে। কিন্তু আইনকে তোয়াক্কা না করে অনৈতিক ব্যবসার মাধ্যমে বাসিন্দাদের জিম্মি করে পণ্যের দাম বেশি রাখা হচ্ছে। তিনি জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষার দায়িত্বে নিয়োজিত দল অনেক অভিযোগ পেয়েছে। এসব ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করছে ওই দল। তিনি কোনো ব্যবসায়ী বেশি দাম রাখলে ভোক্তাদের অভিযোগ পাঠানোর অনুরোধ করেছেন যাতে সেখানে গিয়ে অভিযান পরিচালনা করে শাস্তি দেওয়া যায়। অভিযোগ জানাতে তিনি এই নম্বরে ৮৭৭-৭৬৫-৮৩৮৮ কল করতে বলেছেন।

১০ মার্চ মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার স্টেটে জরুরি অবস্থা ঘোষণা করেন। তিনি জনসমাগমে না যেতে বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছেন। করোনা মোকাবিলায় মিশিগানে সেন্টারস ফর ডিজিজেস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন মিশিগান রাজ্যকে ১ কোটি ৪৫ লাখ ডলার বরাদ্দ দিয়েছে। গত সপ্তাহে কংগ্রেসে ৮ বিলিয়ন ডলারের একটি প্রস্তাব পাস হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে স্বাক্ষর করেছেন। এ ছাড়া মিশিগান করপোরেশনও প্রয়োজনে ৩৫০ মিলিয়ন ডলার বরাদ্দ দেবে।

শেষ খবর অনুযায়ী মিশিগানে তিনজন করোনাভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে। এ ছাড়া জনস্বার্থে মিশিগানের বেশ কয়েকটি ইউনিভার্সিটি সহ বাংলাদেশি কমিউনিটির অনুষ্ঠান সাময়িক বন্ধ রাখা হয়েছে।