করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির জন্য কাজ করা সংস্থাগুলোকে রাশিয়ার হ্যাকাররা লক্ষ্যবস্তু করছে বলে অভিযোগ উঠেছে। ১৬ জুলাই এ সম্পর্কিত এক সতর্কতা জারি করেছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার নিরাপত্তা কর্মকর্তারা।
সতর্কবার্তায় বলা হয়েছে, এপিটি২৯ নামের রাশিয়ার হ্যাকিং গ্রুপ এ ধরনের চেষ্টা চালাচ্ছে। এই গোষ্ঠীটি ‘দ্য ডিউকস’ বা ‘ক্রেজি বিয়ার’ নামেও পরিচিত।
এ সম্পর্কিত এক সতর্কবার্তায় যুক্তরাজ্যের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার (এনসিএসসি) বলেছে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডার ভ্যাকসিন গবেষণা ও উন্নয়ন সংস্থাগুলোকে লক্ষ্যবস্তু করে কাজ করছে রাশিয়ার হ্যাকার গ্রুপগুলো। এপিটি২৯-এর এ ধরনের সন্দেহজনক কার্যক্রম চলছে। বিশেষত তারা সরকারি, কূটনৈতিক, গবেষণা, স্বাস্থ্য সুরক্ষা ও জ্বালানি খাতগুলোকে লক্ষ্যবস্তু করছে। তারা এসব প্রতিষ্ঠান থেকে মূল্যবান তথ্য চুরি করতে কাজ করছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, এবারের সতর্কবার্তায় যে গোষ্ঠীটির নাম উঠে এসেছে, তা ‘কোজি বিয়ার’ নামেও পরিচিত। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির অভ্যন্তরীণ ব্যবস্থা হ্যাকের সঙ্গে জড়িত হিসেবে রুশ গোয়েন্দা বিভাগের সঙ্গে সম্পর্কিত যে দুটি গোষ্ঠীর নাম উঠে এসেছিল, এটি তার একটি। এবার এর নাম উঠে এল করোনাভাইরাসের ভ্যাকসিন গবেষণার তথ্য চুরির চেষ্টার সঙ্গে।
এর আগেও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার কর্তৃপক্ষ করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির সঙ্গে যুক্ত সংস্থাগুলোকে এ ধরনের সাইবার হামলা থেকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছিল। গত এপ্রিলেই যেমন সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছিল, আমেরিকার সরকারি বিভিন্ন সংস্থা ও স্বাস্থ্য খাতের প্রতিষ্ঠানগুলোতে সাইবার হামলার সংখ্যা আগের চেয়ে বেড়েছে। আর এ ধরনের সঙ্গে সংযোগ রয়েছে রাষ্ট্রীয় ও অপরাধী বিভিন্ন সংস্থার। সে সময় সরকারি কর্মকর্তারাও এ ধরনের খবরের সত্যতা নিশ্চিত করেছিলেন। একই সঙ্গে এও জানিয়েছিলেন যে, এ ধরনের হামলা থেকে বাদ যাচ্ছে না হাসপাতাল, গবেষণা সংস্থা, পরীক্ষাগার, স্বাস্থ্য সেবাদাতা প্রতিষ্ঠান ও ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোও। আমেরিকার সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) ও এর তদারককারী হিসেবে স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ উভয়ের ওপরই করোনাকালে এ ধরনের হামলার সংখ্যায় উল্লেখযোগ্য উল্লম্ফন হয়েছে। আর এ কাজটি রাশিয়া ও চীনের হ্যাকাররাই করছে বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে জানেন এমন এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
এ সম্পর্কিত এক বিবৃতিতে মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) সাইবার নিরাপত্তা পরিচালক অ্যান নিউবার্গার বলেন, ‘চলমান কোভিড-১৯ মহামারির সুযোগ নিয়ে বিদেশি কিছু মহল সাইবার হামলা করছে। এসব হামলা প্রতিহতে দেওয়া সতর্কবার্তার পাশাপাশি নিজেদের সহযোগী সংস্থাগুলোকে সঙ্গে নিয়ে জাতীয় নিরাপত্তা সুরক্ষিত রাখতে এনএসএ তার প্রতিশ্রুতিতে অবিচল।’