করোনার ছায়া ঈদুল আজহাতেও
আমরা এ নিয়ে দুটি ঈদ উদ্যাপন করছি করোনা মহামারির এই কঠিন সময়ে। আমাদের জীবনকে সম্পূর্ণ বদলে দিয়েছে করোনাভাইরাস। এখন থেকে দুনিয়া চলবে সাবধানতা আর সতর্কতার সঙ্গে। সবাই জানি, এখনো এর ভ্যাকসিন আবিষ্কার হয়নি। কবে হবে, কেউ জানে না। মানবজাতি বিশ্বযুদ্ধের চেয়েও গভীর এক সংকটকালে আজ অসহায়। এটাও প্রমাণ হয়েছে, মানুষ যতই এগিয়ে যাক না কেন, এখনো সে প্রকৃতির কাছে অসহায়। অসহায় দানবের কাছে। দানবের সবচেয়ে মন্দ দিকটা মানুষকে মানুষের দুশমন করে তোলা।
আমরা স্বপ্নেও কল্পনা করিনি, একজন আরেকজনকে দেখলে পালাব। দূর থেকে দেখে রাস্তা ছেড়ে অন্য দিকে চলে যাবে কিংবা সরে দাঁড়াবে। ঘরে ঘরে মানুষকে থাকতে হবে একা ও নিঃসঙ্গ। ঈদের বড় আনন্দ বাড়ি যাওয়া, রোজা ঈদে হয়নি সেটা, এই ঈদেও হবে না। দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য অনলাইনভিত্তিক বিনোদন বা অনলাইনে করা অনুষ্ঠান দেখেই সন্তুষ্ট থাকতে হবে। দুনিয়ায় যে যত বাড়ে, প্রকৃতি তাকে তত কঠিনভাবে শিক্ষা দেয়। তাই আমাদের মানতে হবে, উৎসবের আনন্দ ঢালাও না হলেও কম পড়ে না কিছু। বরং রমজানের ঈদে আমার কাছে মনে হয়েছে পরিবারের সঙ্গে নিবিড় আনন্দ উদ্যাপনের সুযোগ এনে দিয়েছিল করোনা কালের ঈদ।
মনযোগ দিয়ে চিন্তা করুন আর পেছনে তাকান, দেখবেন অনেক বছর আপনি এমন নিবিড় পারিবারিক ঈদ উদ্যাপনের সুযোগ পাননি। বাড়তি বিষয়গুলো বড় হয়ে গিলে নিয়েছিল পারিবারিক আনন্দ। সকালে এখানে বিকেলে ওখানে, রাতে আরেক বাড়ি। পরদিন এমন করতে করতে পরিবারকে সময় দেওয়ার সময় থাকত না আমাদের। করোনাভাইরাস সে কষ্ট লাঘব করেছে। শিখিয়েছে, দিন শেষে পরিবার–পরিজন ছাড়া আসলে কেউ নেই, কেউ থাকে না। এটিই সুখ, এটিই দুঃখ। এখন আগের মতো প্রতিযোগিতাও নেই। কে কত দামে লেহেঙ্গা কিনলেন, কার শাড়ি কত দামের বা কারটা খাঁটি পাকিস্তানি আর কার পোশাক বলিউডের লেটেস্ট সে প্রতিযোগিতা নেই। ফলে অসুস্থ প্রতিযোগিতাও এখন নেই। এটি আপনার মনোবেদনার কারণ হতে পারে, তবে নিম্নবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের মা-বাবাদের আড়ালে চোখের পানি মুছতে হবে না। সন্তানকে সেরা কিছু কিনে দেওয়ার নামে প্রতিযোগিতা এখন বন্ধ বলে তাদের মন ভালো থাকবে।
এটি ঠিক, বাণিজ্য আর ব্যবসায় এখন যে মন্দা, তার রেশ থাকবে দীর্ঘ দিন। হাজার হাজার কোটি টাকার ঈদ বাণিজ্য এবার মুখ থুবড়ে পড়েছে। দোকানি-ব্যবসায়ীদের মাথায় হাত। মানুষের ঘরে ঘরে কষ্ট। কিন্তু, এটি সত্য আমাদের লোভ–লালসা হয়ে পড়েছিল। আমাদের ইচ্ছা হয়ে গিয়েছিল কামনা। আমরা ধর্মের মূল বিষয় ভুলে নেমে যেতাম নানা অসুস্থ প্রতিযোগিতায়। এবার তার ছেদ টেনেছে করোনাভাইরাস।
এই কঠিন সময়ের ঈদে আবার আমাদের হিরো কিন্তু পর্দা কাঁপানো নায়ক–নায়িকাদের বলা যাবে না। এখন জাতির ও বিশ্বের হিরো ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, প্রিন্ট ও টিভি মিডিয়ার সংবাদকর্মীরা। আমাদের শ্রদ্ধার আসন কেড়ে নিয়েছেন বহুল সমালোচিত পুলিশ। সে জায়গাটা এখন তাদের। আর যারা জীবনের মায়া তুচ্ছ করে ঈদকে এখনো অম্লান রাখছেন, তারাই আমাদের এবারের ভালোবাসার মানুষজন। একটি ছোট ভাইরাস সবকিছু বদলে দিলেও একটা বিষয়ে ছাপ ফেলতে পারেনি, তার নাম ভালোবাসা। তার নাম মায়া। এর ভেতরেই পূর্ণ হবে ঈদ উৎসব ইনশা আল্লাহ। ঈদ মোবারক।