করোনার ঝুঁকিতে গ্রোসারির কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাভাইরাসের এই মহামারির সময়ে সবার জন্য খাদ্য সরবরাহ নিশ্চিত করতে নিজের জীবনের ঝুঁকি নিয়েও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন গ্রোসারি দোকানের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা। গ্রোসারি দোকানের কর্মচারীদের প্রতিদিনই নানা ধরনের ক্রেতার সংস্পর্শে আসতে হচ্ছে। তাই তাদের মধ্যে ভাইরাসে সংক্রমিত হওয়ার আশঙ্কাও বেশি।

দ্য ইউনাইটেড ফুড অ্যান্ড কমার্শিয়াল ওয়ার্কার্স ইন্টারন্যাশনাল ইউনিয়ন ১৩ এপ্রিল এক বিবৃতিতে জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত প্রায় ৩০ জন গ্রোসারি বা সুপারমার্কেটের কর্মচারী মারা গেছেন। কমপক্ষে তিন হাজার কর্মী করোনাভাইরাসের লক্ষণ নিয়ে অথবা সংক্রমিত হওয়ার কারণে কাজে যোগ দিতে পারছেন না। 

সংস্থাটি আমেরিকাজুড়ে গ্রোসারির প্রায় ৯ লাখ দোকানের কর্মচারীদের প্রতিনিধিত্ব করে। এ সংস্থার সদস্য নয় এমন আরও অনেক গ্রোসারি দোকান ও কর্মচারী রয়েছে। তাই এটি স্পষ্ট যে, আমেরিকায় গ্রোসারি দোকানে কর্মরত আরও অনেক কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন।

এত বেশি কর্মচারী করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার কারণ বের করার জন্য সংস্থাটি পাঁচ কর্মচারীর ওপর একটি জরিপ চালায়। যেখানে প্রায় ৮৫ শতাংশ কর্মচারীর অভিযোগ, ক্রেতারা সোশ্যাল ডিসটেনস বা সামাজিক দূরত্ব মেনে চলছে না। কীভাবে গ্রোসারি দোকানগুলোতে কর্মচারীদের সুরক্ষা নিশ্চিত করা যায়—এমন প্রশ্নের জবাবে প্রায় ৭২ শতাংশের অভিমত, গ্রোসারি দোকানগুলোতে ক্রেতার সংখ্যা নির্দিষ্ট বা সীমিত করে দেওয়া।

করোনাভাইরাসের ফলে আমেরিকায় সবচেয়ে নাজুক অবস্থা নিউইয়র্ক অঙ্গরাজ্যের। নিউইয়র্কে অনেক বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত, এঁদের মধ্যে শতাধিক মারা গেছেন। প্রতিনিয়তই এই তালিকা দীর্ঘ হচ্ছে। শুরুর দিকে গ্রোসারি দোকানগুলোতে সামাজিক দূরত্ব না মেনে, ভিড় করে খাদ্যসামগ্রী কেনার ফলে নিউইয়র্কে বসবাসকারী এত সংখ্যক বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত বলে এক প্রতিবেদনে উঠে এসেছে।