করোনার টিকা নিলে মিলবে বন্দুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

নাগরিকদের করোনাভাইরাসের টিকা দিতে মরিয়া যুক্তরাষ্ট্রের সরকার। টিকার অনুমোদন দেওয়ার পর থেকে গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে। গত ২৫ মে পর্যন্ত করোনার টিকার কমপক্ষে একটি ডোজ নিয়েছেন ৫০ শতাংশ মার্কিন নাগরিক। কিন্তু প্রেসিডেন্ট জো বাইডেন চাইছেন, আগামী ৪ জুলাইয়ের মধ্যে ৭০ শতাংশ প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক কমপক্ষে টিকার এক ডোজ নিক। এ লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন অঙ্গরাজ্য বিভিন্ন ধরনের বাড়তি সুযোগ-সুবিধা দিচ্ছে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ার প্রশাসন ঘোষণা দিয়েছে, যাঁরা টিকা নেবেন, তাঁদের মধ্য থেকে লটারির মাধ্যমে কয়েকজনকে পিকআপ ট্রাক, শিকারের জন্য নিবন্ধন অথবা রাইফেল দেওয়া হবে।

ওয়েস্ট ভার্জিনিয়ার এমন ঘোষণার কারণ জানা যাক এবার। বেশ জোরেশোরেই শুরু হয়েছিল এই অঙ্গরাজ্যের টিকা কার্যক্রম। কিন্তু ওই রাজ্যের পার্বত্য এলাকাগুলোয় যখন এই টিকা কার্যক্রম বিস্তৃত হয়, তখন তার গতি শ্লথ হয়ে যায়। সেখানে দুই ডোজ টিকা নিয়েছেন—এমন গ্রহীতার সংখ্যা ৪১ শতাংশ। এ ছাড়া অঙ্গরাজ্যের বাসিন্দারাও টিকা গ্রহণের ক্ষেত্রে এখনো দ্বিধায় রয়েছেন।

তাই টিকাগ্রহীতার সংখ্যা বাড়াতে নতুন কার্যক্রম শুরু হচ্ছে। গত মঙ্গলবার দেশটির গভর্নর জিম জাস্টিস ঘোষণা দেন, আগামী ২০ থেকে ৪ আগস্ট পর্যন্ত যাঁরাই টিকা নেবেন, তাঁদের মধ্য থেকে লটারি করে পুরস্কার দেওয়া হবে। প্রতি সপ্তাহে এই লটারি হবে।

এএফপির খবরে বলা হয়েছে, সপ্তাহে প্রতি বুধবার এই লটারি অনুষ্ঠিত হবে। লটারি করে দুজনকে দেওয়া হবে পিকআপ ট্রাক। পাঁচজনকে দেওয়া হবে শিকার ও মাছ ধরার লাইসেন্স। আজীবনের জন্য দেওয়া হবে এই লাইসেন্স। দশজনকে দেওয়া হবে বন্দুক। এ ছাড়া অঙ্গরাজ্যের ন্যাচারাল পার্কের সাপ্তাহিক ছুটিতে থাকার সুযোগ পাবেন লটারি বিজয়ীরা।

১০ লাখ মার্কিন ডলারের আর্থিক পুরস্কারের ব্যবস্থাও করেছে এই অঙ্গরাজ্যের সরকার। এ ছাড়া ১২ থেকে ২৫ বছর বয়সীদের জন্য থাকছে বৃত্তির ব্যবস্থা। এই বৃত্তি দিয়ে অঙ্গরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোয় পড়তে পারবেন তাঁরা।

অঙ্গরাজ্যের ওয়েস্ট ভার্জিনিয়া ইউনিভার্সিটির মুখ্য স্বাস্থ্য কর্মকর্তা ক্লে মার্শ বলেন, জনগণের একটি বড় অংশ এখনো টিকা গ্রহণ করেননি। তাঁরা টিকা নেওয়ার সিদ্ধান্তও নেননি।

এর আগেও রাজ্য সরকার প্রণোদনা ঘোষণা করেছিল। গত মাসে রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, ১৬ থেকে ৩৫ বছর বয়সীরা টিকা নিলে পাবেন ১০০ ডলারের সঞ্চয়ী সার্টিফিকেট। এই বয়সীদের মধ্যে টিকা নেওয়ার প্রবণতা সবচেয়ে কম।

ওয়েস্ট ভার্জিনিয়া ছাড়াও ওহাইওসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্য এমন লটারি চালু করেছে। অনেক অঙ্গরাজ্য নগদ অর্থ দিচ্ছে। অনেক অঙ্গরাজ্যের পক্ষ থেকে দেওয়া হয়েছে পানীয়, পিৎজা ইত্যাদি।