করোনার টিকায় তাঁকেও মনে রাখবে বিশ্ব
বিশ্বব্যাপী করোনার তাণ্ডবের বিরুদ্ধে জয়ী একজন ড. কিজমিয়া সান্তা করবেট (৩৪)। নর্থ ক্যারোলিনায় বসবাসরত আফ্রিকান–আমেরিকান পরিবার থেকে আসা একজন মেধাবী বিজ্ঞানী তিনি।
২০০৮ সালে ম্যারিল্যান্ড-বাল্টিমোর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি নিয়ে নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের চ্যাপেল হিল ক্যাম্পাস থেকে মাইক্রোবায়োলজি ও রোগ প্রতিরোধ বিদ্যায় পিএইচডি করেন ২০১৪ সালে। রোগ প্রতিরোধ বিদ্যা তথা ইমোনোলজিষ্ট বিজ্ঞান বিষয়ে বিশেষ দক্ষতা নিয়ে কর্মজীবন শুরু করেন জাতীয় অ্যালার্জি ও সংক্রামক রোগ প্রতিষেধক টিকা গবেষণা কেন্দ্রে যাকে সংক্ষেপে বলা হয় ভিআরসি।
বিজ্ঞানী কিজমিয়া করবেট বিশেষ করে নভেল করোনাভাইরাস প্রতিরোধে টিকা আবিষ্কারের কাজে নিজেকে নিয়োজিত করেন। ফলও পেয়ে যান দ্রুত। জীব বিজ্ঞানী করবেট ও তার দল যুক্তরাষ্ট্রভিত্তিক ওষুধ কোম্পানি মডার্নার পক্ষে করোনাভাইরাস প্রতিরোধক টিকার প্রস্তুত ফর্মুলা মার্কিন ফুড ও ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে (এফডিএ) জমা দেন। এফডিএ কর্তৃপক্ষ মডার্নার টিকাকে অনুমোদন দেওয়ার আগে গণশুনানি থেকে আসা জনগণের মতামত নিয়েছেন। এ ছাড়া সংশ্লিষ্ট বিষয়ে বাইরের বিজ্ঞানীদের মতামত সাপেক্ষে মডার্নাকে সবুজ সংকেত দেবে।
এফডিএর মতে, মডার্নার আবিষ্কৃত টিকা করোনা প্রতিরোধে ৯৪ শতাংশ কার্যকর। তবে ৬৫ বয়সের ঊর্ধ্ব ব্যক্তিদের বেলায় টিকার কার্যকারিতার হার ৮৬ শতাংশ। পাশাপাশি এফডিএ পরীক্ষা করে দেখেছে, করোনা প্রতিরোধের পাশাপাশি টিকার কিছু পার্শ্বপ্রতিক্রিয়া যেমন জ্বর, ঝিমানোর ভাব বা চুলকানির মতো সমস্যা দেখা দিতে পারে। মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার ও বায়োএনটেক উদ্ভাবিত টিকার প্রয়োগ ইতিমধ্যে শুরু হয়েছে। করোনায় এ পর্যন্ত শুধু যুক্তরাষ্ট্রে তিন লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
পৃথিবীজুড়ে অর্থনৈতিক বিপর্যয় ও প্রাণহানির মূল কারণ করোনার আগ্রাসন থামাতে জীববিজ্ঞানী ড. কিজমিয়ার এই আবিষ্কারকে সারা বিশ্বের বিজ্ঞানীরা স্বাগত জানান।
এফডিএ পরিচালিত এক গবেষণায় জানা যায়, মডার্নার টিকার পাশাপাশি নকল টিকা গ্রহীতাদের মধ্যে মাত্র ১ দশমিক ১৫ শতাংশের মধ্যে সংবেদনশীলতার লক্ষণ দেখা যায়। যা সহনশীল বলে কর্তৃপক্ষ মনে করেন। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রজুড়ে করোনার তাণ্ডবে যেখানে প্রতিদিন গড়ে ২ হাজার ৪০০ মানুষ মারা যাচ্ছেন, সেখানে বিজ্ঞানী ড. কিজমিয়া করবেটের এই টিকার আবিস্কার এই দুর্যোগের ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে।
তাঁর দলের এই অভাবনীয় আবিষ্কার শেষে ড. কিজমিয়ার টুইট ছিল, শেষ পর্যন্ত বিজ্ঞানের জয় হলো।