করোনার ভ্যাকসিন আছে, মনে করেন এক-তৃতীয়াংশ মার্কিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কের ব্রুকলিনের এনওয়াই লানগোন হাসপাতালে জরুরি প্যারামেডিক কর্মীরা ২৪ এপ্রিল এক করোনা রোগীকে অ্যাম্বুলেন্স থেকে নামাচ্ছেন। ছবি-রয়টার্স
নিউইয়র্কের ব্রুকলিনের এনওয়াই লানগোন হাসপাতালে জরুরি প্যারামেডিক কর্মীরা ২৪ এপ্রিল এক করোনা রোগীকে অ্যাম্বুলেন্স থেকে নামাচ্ছেন। ছবি-রয়টার্স

করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার নিয়ে যখন বিজ্ঞানীরা কাজ করে যাচ্ছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখন বলছে, এই ভ্যাকসিন তৈরি হতে ১৮ মাস সময় লাগবে, তখন যুক্তরাষ্ট্রের নাগরিকেরা বলছেন অন্য কথা। দেশটির প্রায় এক-তৃতীয়াংশ মানুষ মনে করছেন, করোনাভাইরাসের ভ্যাকসিন রয়েছে। কিন্তু এই ভ্যাকসিন আটকে রাখা রয়েছে, সাধারণ মানুষের জন্য দেওয়া হচ্ছে না। ইউএসএ টুডের এক জরিপে এমনটাই উঠেছে।

নিউইয়র্ক ডেইলি নিউজের এক প্রতিবেদনে জরিপের তথ্য তুলে ধরে বলা হয়, জরিপে অংশগ্রহণকারীরা বলছেন, করোনাভাইরাসের কোনো ভ্যাকসিন নেই বলে এটি জনগণের কাছ থেকে লুকিয়ে রাখার কারণে শুধু আমেরিকায় হাজার হাজার মানুষের মৃত্যু ও ব্যবসা-বাণিজ্য ধ্বংস হচ্ছে না, বরং সারা বিশ্বে আজ একই পরিস্থিতি বিরাজ করছে।

প্রতিবেদনে বলা হয়, জরিপে প্রায় ৬ হাজার ৩০০ মার্কিন অংশ নেন। এঁদের মধ্যে ৩২ শতাংশ মার্কিন মনে করেন, কোভিড-১৯ থেকে আরোগ্যের ভ্যাকসিন কেউ না কেউ লুকাচ্ছেন।
বাস্তবতা হচ্ছে, মানবদেহে করোনাভাইরাসের প্রতিষেধক ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ চলছে। তবে বেশির ভাগ চিকিৎসক মনে করছেন, ১২ থেকে ১৮ মাসের আগে করোনার ভ্যাকসিন বাজারে সহজলভ্য হবে না।
ইউএসএ টুডের জরিপে আরেকটি কৌতূহলোদ্দীপক তথ্য উঠে এসেছে। প্রায় ৪৪ শতাংশ আমেরিকান মনে করেন, কোভিড-১৯ একটি ল্যাবে তৈরি হয়েছে (তাঁদের এই দাবির পক্ষে কোনো প্রমাণ নেই এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবারই বলে আসছে, কোনো প্রাণীর থেকে এই করোনাভাইরাসের উৎপত্তি হতে পারে)। ৩৫ শতাংশ মার্কিন এখনো মনে করে, করোনাভাইরাস নিয়ে অতিমাত্রায় ভীতি ছড়ানো হয়েছে (অথচ সর্বশেষ খবরে শুধু আমেরিকায় ৫২ হাজারের বেশি মানুষ মারা গেছে)।
অবশ্য বিরাট সংখ্যক মার্কিন আবার মনে করে, সরকার মৃত্যুর সঠিক তথ্য গোপন করছে। জরিপে বলা হয়, জরিপে অংশ নেওয়া ৪৮ শতাংশ মার্কিন বিশ্বাস করেন, সরকার করোনাভাইরাসে মৃত্যুর সত্যিকারের সংখ্যা 'গোপন' করছে।
কেন্দ্রীয় ও অঙ্গরাজ্যের কর্তৃপক্ষের প্রতি এমন অবিশ্বাস প্রকাশ করলেও ৮১ শতাংশ আমেরিকান বলছেন, তাঁরা সামাজিক দূরত্ব বজায় রেখে চলেছেন।
২ থেকে ৮ এপ্রিলের মধ্যে ইউএসএ টুডের এই জরিপ চালানো হয়। ইউএসএ টুডে জানায়, জরিপে ২.২ শতাংশ এদিক-সেদিক হতে পারে।