করোনার মধ্যেও দায়িত্ব পালন করছেন ডাক-কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনার বিরুদ্ধে লড়াইয়ে সম্মুখ সারির যোদ্ধাদের আরেক দল হলো ডাক বিভাগের কর্মীরা। ইউএস পোস্টাল সার্ভিসের কর্মীরা কনকনে শীত কিংবা বৃষ্টিতে ভিজে এই করোনাকালেও মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন চিঠিপত্র, পিপিই, ওষুধ এমনকি প্রণোদনার চেক। চলতি বছর আগের বছরের তুলনায় তাঁরা ১০ শতাংশ বেশি চিঠি ও পার্সেল পৌঁছে দিয়েছেন।

এরিক লোমাক্স ইউএস পোস্টাল সার্ভিসে কাজ করছেন ১৮ বছর ধরে। তাঁর কর্মস্থল মহামারি করোনায় নিউইয়র্ক নগরীর সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা কুইন্স। তাঁর মতে গত কয়েক সপ্তাহ যাবৎ কাজের ধরন, নিজের সুরক্ষা—এসব বিষয়ে ব্যাপক পরিবর্তন এসেছে। কাজ শেষে বাড়ি ফিরে পরিধেয় পোশাক বাড়ির বাইরে রেখে নিজেকে শতভাগ জীবাণুমুক্ত করে ঘরে প্রবেশ করতে হচ্ছে। এ ছাড়া কাজের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়। স্বাভাবিক সময়ে পুরো নিউইয়র্কে প্রতিদিন দেড় মিলিয়ন প্যাকেজ সরবরাহ করার মতো চ্যালেঞ্জিং কাজের সঙ্গে যোগ হয়েছে মহামারির কারণে বাড়তি চাপ।

লাখো নিউইয়র্কবাসী এই মুহূর্তে বাড়িতে বসে অনলাইনে অর্ডার করছেন হাজার হাজার সামগ্রীর। বর্তমানে করোনা মহামারিকালে অর্ডার ও সরবরাহের সামগ্রিক অবস্থা ক্রিসমাস সময়ের মতোই অনেকটা। ইউএস পোস্টাল সার্ভিসের পাশাপাশি ইউপিএস ও ফেডেক্সের কর্মীদের ব্যস্ততা বেড়েছে বহুলাংশে। ৩২ বছর বয়সী টনি মাজেলার মতে, ‘মহামারির এই দুর্যোগ আমাদের দায়িত্বের নতুন সংজ্ঞা এনে দিয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে বর্তমানে প্যাকেজ গ্রহীতাদের স্বাক্ষর নেওয়া হচ্ছে না।’ টনির মতে, ‘প্রতিটি ডেলিভারি গ্রহীতাদের কাছে গুরুত্বপূর্ণ। তা আমাদের সব সময় স্মরণে রাখতে হচ্ছে। তবে আমি যখন কোনো জরুরি সামগ্রী হাসপাতালে পৌঁছে দিই, তখন আমি নিজেকে চলমান যুদ্ধের একজন সৈনিক হিসেবে মনে করি।’

তবে আগের মতো গ্রাহকদের সঙ্গে সরাসরি যোগাযোগ না থাকাটাও কখনো কখনো টনির মতো মানুষদের পীড়া দেয়। টনি জানান, একদিন এক বাড়িতে একটি প্যাকেজ সরবরাহ করতে গেলে তিনি দেখেন, এক বাবা তাঁর সন্তানসহ অপেক্ষা করছেন। প্যাকেজটি গ্রহণ করলেন বাবা। পাশে থাকা সন্তান তখন ধন্যবাদ দিয়ে বলেছিল, ‘এর ভেতর থাকা মাস্ক আমাদের সবাইকে রক্ষা করবে তাই না?’ টনি বলেন, ‘শিশুটির এই কথা আমাকে সত্যি ছুঁয়ে গেছে।’

টনি মাজেলা ও এরিক লোমাক্স—দুজনই আমেরিকার ইতিহাসের সবচেয়ে খারাপ সময়ে দেশের জন্য কাজ করতে পেরে গর্বিত।