করোনার সংক্রমণ নিউইয়র্কে আবারও মাস্ক পরার পরামর্শ
করোনাভাইরাসের সংক্রমণ রোধে নিউইয়র্ক নগরে আবারও মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে। টিকা নেওয়া হয়েছে বা হয়নি—এমন সবাইকে মাস্ক পরার জন্য পরামর্শ দিয়েছেন নগরের মেয়র বিল ডি ব্লাজিও। করোনার রূপান্তরিত ধরন ডেলটার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নতুন করে আবারও মাস্ক পরার নির্দেশনা আসছে।
মেয়র ব্লাজিও বলেছেন, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। মাস্ক পরা বাধ্যতামূলক করা না হলেও ইনডোর বা বাইরের জনসমাগমে মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে।
২ আগস্ট নিউইয়র্ক নগরের মেয়র ব্লাজিও বলেছেন, নগরের পাঁচ বরোতে ডেলটা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। নতুন গবেষণায় দেখা গেছে, কোভিড-১৯ এর রূপান্তরিত ভাইরাস ডেলটা আগের অনুমানের চেয়ে বেশি সংক্রমণ ক্ষমতা রাখে।
নগরের হেলথ কমিশনার ডেভ চোকশি বলেছেন, ডেলটার সংক্রমণ টিকা গ্রহণ করেনি এমন লোকজনের মধ্যে বেশি হচ্ছে। এ ছাড়া টিকা গ্রহণকারীদের মধ্যেও এর সংক্রমণের গুরুত্বপূর্ণ তথ্য এখন বেরিয়ে আসছে। তাই সব ধরনের সাবধানতা অবলম্বন করেই মহামারি মোকাবিলা করতে হবে।
কোভিড-১৯ সংক্রমণের প্রথম ধাক্কায় নাজুক হওয়া নিউইয়র্কে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছিল। সংক্রমণের ব্যাপক বিস্তার কমে আসার সঙ্গে সঙ্গে মাস্ক পরাসহ অন্যান্য স্বাস্থ্য সতর্কতার নির্দেশের ওপর শিথিলতা নিয়ে আসা হয়।
নগরের মেয়র বলেছেন, এখনই আবার মাস্ক পরা বাধ্যতামূলক করার আগে ব্যাপক জনগোষ্ঠীকে টিকা প্রদানে উদ্বুদ্ধ করার চেষ্টা করা হচ্ছে।
নিউইয়র্কে এখনো কিছু কিছু এলাকায় মাস্ক পরার বাধ্যবাধকতা রয়েছে। নগরের গণপরিবহন এবং হাসপাতালে মাস্ক পরা বাধ্যতামূলক। ডেলটা ভাইরাসের সংক্রমণের ক্রমাগত বিস্তৃতি ঘটলে নিউইয়র্কের সর্বত্র মাস্ক পরাসহ অন্যান্য স্বাস্থ্য নির্দেশাবলি আগের অবস্থায় ফিরে যাওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে।
আসছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে স্কুল খুলছে। নিউইয়র্ক নগরে ১৩ লাখ ডলার ব্যয়ে টিকাদান প্রচারণা শুরু হয়েছে। ১২ বছর বা তার বেশি বয়সী শিক্ষার্থীদের টিকা প্রদানের জন্য ব্যাপকভাবে উদ্বুদ্ধ করা হচ্ছে। নগরের সর্বত্র ভ্রাম্যমাণ টিকাকেন্দ্র চালু রয়েছে। অল্প বয়সী লোকজন, এমনকি শিশুদের মাধ্যমে ডেলটা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে বলে নতুন গবেষণায় দেখা গেছে।