করোনার সব ধরনের নামকরণ হবে গ্রিক অক্ষরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)
ছবি: রয়টার্স

করোনাভাইরাসের ধরন বা ভেরিয়েন্টগুলোর নামকরণ করার উদ্যোগ নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর জন্য ব্যবহার করা হবে গ্রিক অক্ষর। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, ভারতসহ বিভিন্ন দেশে যে ভেরিয়েন্টগুলো পাওয়া গেছে, সেগুলোর জন্য এখন থেকে গ্রিক অক্ষর ব্যবহার করবে ডব্লিউএইচও।

বিবিসির খবরে বলা হয়েছে, ডব্লিউএইচও যুক্তরাজ্যের ভেরিয়েন্টের নাম দিয়েছে আলফা। একইভাবে সংস্থাটি দক্ষিণ আফ্রিকা ও ভারতের ভেরিয়েন্টের নাম দিয়েছে বিটা ও ডেলটা। নাম নিয়ে যে ধরনের বিতর্ক দেখা দিয়েছে, তা এড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

ভারত সরকার দেশটিতে পাওয়া ধরনটির নাম দিয়েছিল বি.১.৬১৭.২। গত অক্টোবরে এটি পাওয়া যায়। কিন্তু এ ধরনকে ‘ভারতীয় ধরন’ হিসেবে উল্লেখ করা হচ্ছিল। যদিও ‘ভারতীয় ভেরিয়েন্ট’—এই শব্দবন্ধ ডব্লিউএইচও কখনো ব্যবহার করেনি।

এ প্রসঙ্গে ডব্লিউএইচওর কোভিড-১৯–বিষয়ক কারিগরি প্রধান মারিয়া ভ্যান কেরখোভ এক টুইট বার্তায় উল্লেখ করেছেন, ‘করোনাভাইরাসের নতুন ধরন চিহ্নিত ও তা নামকরণের ক্ষেত্রে কোনো দেশের নাম কলঙ্কিত করা উচিত নয়।’ এ ছাড়া নতুন ধরন ছড়ানো ঠেকাতে তা চিহ্নিতকরণ ও এ–সংক্রান্ত বিজ্ঞানভিত্তিক তথ্য সরবরাহ বাড়াতে আহ্বান জানিয়েছেন তিনি। এ নামের তালিকা ডব্লিউএইচওর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

মারিয়া ভ্যান কেরখোভ এসটিএটি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, নতুন নাম দিয়ে ভেরিয়েন্টগুলোর বৈজ্ঞানিক নাম প্রতিস্থাপিত করা হবে না। নতুন ধরনের সংখ্যা যদি ২৪ ছাড়িয়ে যায়, তবে নতুন নামকরণ করা হবে। কারণ, গ্রিক অক্ষরে বর্ণসংখ্যা ২৪টি।