করোনার সময়ে বকরি ঈদ
ঈদুল-আজহা বা কোরবানির ঈদ বাংলাদেশে বকরি ঈদ নামে সমধিক পরিচিত। ভারতের রাজস্থান, হায়দরাবাদ, কাশ্মীর, বিহারসহ অনেক অঞ্চলেই বকরি ঈদ নামটি অধিকতর জনপ্রিয়। পাকিস্তানেও পরিচিতি এ নাম। হতে পারে ছাগল বা এ জাতীয় পশু যেমন ভেড়া, মেষ ইত্যাদি কোরবানিতে ব্যবহারের আধিক্যের কারণেই বকরি ঈদ নামটি এত বেশি জনপ্রিয়। আফ্রিকার অনেক দেশে এ ঈদকে ঈদুল কিবির বলা হয়।
ভারতে ব্রাহ্মণ্যবাদের প্রভাবে গরু কোরবানি খুবই বিপজ্জনক ছিল। পূর্ববঙ্গে হিন্দু জামিদারের আধিক্য থাকায় ঈদে গরু জবেহ করা নিষেধ ছিল। আবার এখনকার সময়ের মতো আর্থিকভাবে সক্ষম লোকের সংখ্যাও আগে কম ছিল। কথিত আছে, সিলেটে গরু জবেহ করে ছেলের আকিকা করার সময় চিল এক টুকরো মাংস রাজা গৌর গোবিন্দের প্রাসাদে (মতান্তরে এক ব্রাহ্মণের বাড়িতে) ফেলার কারণে বোরহান উদ্দিন নামের এক ব্যক্তির হাত কেটে ফেলা হয়। সেই ছেলে সন্তানটিকে রাজা গৌর গোবিন্দের নির্দেশে টুকরো টুকরো করে কেটে ফেলা হয়। বোরহান উদ্দিন ন্যায়বিচার চেয়ে সুলতান সামসুদ্দিন ফিরোজ শাহের শরণাপন্ন হলে তিনি সেনাপতি সেকান্দার গাজীকে গৌর গোবিন্দকে শাস্তি দিতে পাঠান। একপর্যায়ে সেকান্দার গাজীকে সাহায্যের জন্য দিল্লির সুলতান সৈয়দ নাসির উদ্দিনকে সিপাহসালার হিসেবে বাংলায় পাঠান। এ সময়ে সোনারগাঁয়ে অবস্থানরত হজরত শাহজালাল (র.) তাঁর সঙ্গী ৩৬০ জন আউলিয়া নিয়ে এ অভিযানে যোগ দেন এবং গৌর রাজ্য জয় করে নেন। কাহিনিটি গরু জবাই বা কোরবানিকে কি কঠোর দৃষ্টিতে দেখা হতো, তার ওপর আলোকপাত করার জন্য বলা হলো। ছাগল বা বকরা কোরবানি দিয়ে ঈদ উদ্যাপন ও তা সামাল দেওয়া তুলনামূলক সহজ ছিল। মূলত এসব কারণেই বকরি ঈদ নামটি জনপ্রিয় বিশেষত বাংলাদেশের গ্রামাঞ্চলে।
এবারের বকরি ঈদ করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এক ভিন্ন বাস্তবতায় উদ্যাপিত হবে। সংক্রমণের ভয়, কোভিড-১৯ মোকাবিলায় সরকারের দেওয়া নীতিমালা ও বিধিনিষেধ মেনে কোরবানির পশু কেনাবেচা, হাটে নিরাপত্তা, হাট থেকে নিরাপদে নির্দিষ্ট স্থানে বা বাড়িতে পশু নিয়ে যাওয়া, যোগাযোগ ব্যবস্থার অসুবিধে তো আছেই তদুপরি নানা প্রতারক ও ছিনতাই বাহিনী এ সময় খুবই সক্রিয় থাকে। ফলে কেনাবেচা ও যাতায়াত নিয়ে উদ্বেগ থেকেই যায়। তবে বাংলাদেশের লোকজন ধর্মভীরু বলে ওয়াজিব হলেও করোনার ঝুঁকি মাথায় নিয়ে তারা কোরবানি দেবে—এ কথা নির্দ্বিধায় বলা যায়। গত বছরের তুলনায় এবার হয়তো কোরবানির পশু কেনাবেচা কম হবে করোনা ও অর্থনৈতিক মন্দার কারণে। আবার এই ঈদকে কেন্দ্র করেই অর্থনীতির চাকা গতিশীল হতে পারে। আর বিত্তবানদের সঙ্গে সঙ্গে দরিদ্র মানুষদের আমিষের চাহিদা কয়েক দিনের জন্য অন্তত পূরণ হওয়ার সম্ভাবনার বিষয়টি তো রয়েছেই বরাবরের মতো।