করোনার সময়ে সরেজমিন রিপোর্টিংয়ের ঝুঁকি
নিউইয়র্ক নগরীর ব্রঙ্কস বরো। জ্যাক ডি ওয়েইলার হাসপাতালের জরুরি বিভাগে আতঙ্ক, ব্যথা ও একাকিত্বের হাহাকার শোনা যাচ্ছে। কক্ষটি নতুন করোনাভাইরাসে আক্রান্ত রোগীতে ভরা। অক্সিজেন মাস্কের ওপর দিয়ে তাদের ভয়ার্ত চোখ দেখা যায়। শ্বাস নিতে কষ্ট হচ্ছে মানুষের; অনেকটা ডুবে যাওয়ার অনূভুতি। এ জীবনে আর আপনজনদের দেখতে পাওয়া যাবে না এ যেন প্রায় নিশ্চিত। পরিবারের সদস্যদের এখানে প্রবেশ নিষেধ। কক্ষটিতে রোগীর ভিড় স্বাভাবিকের চেয়ে তিনগুণ বেশি।
জরুরি বিভাগের এই কক্ষে থাকা রোগীদের ৮০ জনের বয়স ৩১ থেকে ৯৭ বছরের মধ্যে। এক শয্যা অন্যটির লাগোয়া। এক কোনায় কয়েকটি চেয়ার রাখা। সেখানে বসে আছে নবাগত আরও কয়েকজন। তাঁরাও করোনাভাইরাসে আক্রান্ত; চোখে-মুখে অনিশ্চয়তা। স্ট্রেচারের অপেক্ষায় তাঁরা এদিক-ওদিক তাকাচ্ছেন। চিকিৎসক ও নার্সরা সুরক্ষা পোশাক পরে ছুটে বেড়াচ্ছেন। সহকর্মীরা পরস্পরকে চেনার কোনো উপায় নেই। সত্যিকার অর্থে চিকিৎসক ও নার্সরাও ভীত; অতিমাত্রায় ক্লান্ত এবং দীর্ঘ সময় না ঘুমানোয় চোখগুলো টলটলায়মান।
ডা. নিকোল ভেলি (২৯) জানান, তিনি আর নিতে পারছিলেন না। তিনি করোনায় আক্রান্ত ৩০ বছর বয়সী যে নারীকে চিকিৎসা দিচ্ছিলেন, তাঁর ২৩ বছর বয়সী বোন মাত্রই মারা গেছেন। ডা. ভেলি তখনই তাঁর নিজের ছোট বোনকে ফোন করে ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দেন।
নিকোল ভেলি বলেন, তিনি সারা দিন তাঁর কাজে পেশাগত রীতি অনুসরণ করেন। নাক দিয়ে অক্সিজেন টিউব যখন লাগান (ইনটিউবেশন), হাত ধরেন রোগীদের। এরপর বাসায় গিয়ে কাঁদেন তিনি।
পৃথিবীর ইতিহাসে এর আগে কখনো এমন ঘটেনি। এমন বৈশ্বিক মহামারিকালে চিকিৎসা ব্যবস্থা ভয়াবহভাবে ভেঙে পড়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত রোগীর উপচে পড়া ভিড় ব্রঙ্কসের জ্যাক ডি ওয়েইলার ও মন্টিফিওরের মোজেস ডিভিশন হাসপাতালে। হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে একদিন প্রবেশাধিকার নিয়ে দেখার সুযোগ পান নিউইয়র্ক টাইমসের সাংবাদিক। তাঁর সঙ্গে ছিলেন একজন ভিডিও জার্নালিস্টও। সেই অভিজ্ঞতা তাঁরা লিখে প্রকাশ করেছেন নিউইয়র্ক টাইমসে। সঙ্গে ছিল ভিডিও। নতুন এ ভাইরাস সম্পর্কে আমেরিকানদের জানাতেই তাঁরা এ ঝুঁকি নেন। সামাজিক দূরত্ব মেনে চলা ও মানুষের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীদের আত্মত্যাগের চিত্র সবার সামনে তুলে ধরতে তাঁরা এ উদ্যোগ নেন।
এমন মহামারির সময়ে কোনো সাংবাদিকের হাসপাতালের জরুরি বিভাগে প্রবেশের অনুমতি পাওয়াটা এক বিরল বিষয়। নিউইয়র্ক টাইমসের নিকোলাস ক্রিস্টফ দু দিন ছিলেন এ দু হাসপাতালে। বলেছেন, এখানে কোভিড-১৯ চিকিৎসায় জরুরি বিভাগে কর্মরত স্বাস্থ্যকর্মীদের সঙ্গে থেকে রিপোর্ট করা ইরাক যুদ্ধের সময় বাগদাদে ন্যাটো জোটের সঙ্গে থেকে রিপোর্ট করার চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ।
মন্টিফিওর হাসপাতালের চিকিৎসক চেলসি গিফোর্ড বলেন, ‘আই হেইট ইট।’ কারণ হিসেবে বলেন নিজের নিরুপায় পরিস্থিতির কথা। তিনি বলেন, ‘পেটের ভেতরটা মুচড়ে ওঠে, যখন রোগী বলেন তারা আতঙ্কিত এবং আমি জানি যে এ ভাইরাসের কোনো চিকিৎসা নেই।’
নার্সিং হোম থেকে আগত এক রোগীর কথা উল্লেখ করে গিফোর্ড বলেন, ‘রোগীটি এসে বললেন, “আমার ভয় করছে। আমার কোভিড-১৯ হোক এ চাই না। আমি যে নার্সিং হোম থেকে এসেছি, সেখানে করোনাভাইরাসে মানুষ মরছে।” এ রোগীর হাত ধরি, তার চোখে তাকাই, বলি যে—আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। আমরা জানি এটা ভয়ের। সাহায্য করার জন্য আমরা আছি এখানে।’
বাসায় গিয়ে ডা. গিফোর্ড ঘুমাতে পারেন না। তাঁর নিজের জন্য ভয় নয়। তিনি থাকেন তাঁর বাবা-মায়ের সঙ্গে। তাঁরা যদি আক্রান্ত হন সে ভয় তাঁকে গ্রাস করতে চায়। অবশ্য তিনি আলাদা রুমে থাকেন। কথা বলতে হলে বন্ধ দরজার ওপর পাশ থেকে কথা বলেন। কাজে যাওয়ার সময় রাস্তার পাশে, পার্কে মানুষ জড়ো হতে দেখলে ভয় বাড়ে। সামাজিক দূরত্ব মেনে চলার গুরুত্বকে মানুষ হালকাভাবে নিচ্ছে। রোগের ভয়াবহতা বোঝাতে নিউইয়র্ক টাইমসের সাংবাদিককে এক রোগীর দিকে ইঙ্গিত করে বলেন, ‘মানুষ যদি মানুষের শ্বাস নেওয়ার এ কষ্ট দেখতে পেত, তাহলে বুঝতে পারত। তবে হয়তো মানুষ ঘরে থাকত।