করোনার সময়েও আমরা বদলাইনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডা. ফেরদৌস খন্দকার
ডা. ফেরদৌস খন্দকার

কোভিড–১৯ বা করোনাভাইরাসের এই সময়টা হঠাৎ করে এমন দমকা বাতাসের মতো আমাদের জীবনে এল, যেন কোন কিছুই বুঝে উঠতে পারিনি। একজন চিকিৎসক হিসেবে মানুষের পাশে থেকে কাজ করছি অনেক দিন হয়ে গেল। কিন্তু কল্পনাও করতে পারিনি, আধুনিক সভ্যতার এই যুগান্তকারী সময়েও মানুষের জন্য এই মাত্রার স্বাস্থ্যঝুঁকি তৈরি হবে। চোখের সামনে সবকিছু কেমন বদলে যেতে দেখলাম। মানুষ সংক্রমিত হচ্ছে, মানুষ মারা যাচ্ছে। বিভীষিকাময় একটি পরিস্থিতি। চারদিকে ভয়, আতঙ্ক। এর মধ্যেও সিদ্ধান্ত নিয়ে ফেললাম, জীবনের মায়া তুচ্ছ করেই মানুষের জন্য লড়ব । চিকিৎসক হিসেবে এটাই আমার শ্রেষ্ঠ সময়।
মানুষগুলো সবাই তখন মৃত্যুকে খুব কাছ থেকে দেখতে শুরু করল। নিউইয়র্কের মৃত্যু উপত্যকায় দাঁড়িয়ে যখন লড়াই করছিলাম, তখন অনেককেই বলতে শুনেছি, এবার যদি বেঁচে যাই; বদলে যাব। সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা ব্যক্তিগত যোগাযোগে অনেকেই এমন প্রতিশ্রুতি দিয়েছেন, নিজের প্রতি, দেশের প্রতি এবং পৃথিবীর প্রতি দায়িত্ববোধ থেকে দূরে সরে যাবেন না। মানবিক হব, নিজেদের ভুলগুলো শুধরে নেব। কিন্তু সত্যিই কি আমরা মানবিক হয়েছি? ভুলগুলো শুধরে নিয়ে আমরা কি নতুন পৃথিবী গড়ার দিকে এগিয়ে যাচ্ছি?
মাঝে মাঝে ভাবি, কেন করোনা মহামারির এই সময়টা এল। আমাদের নিশ্চয়ই অনেক ভুল ছিল। গোটা পৃথিবীর প্রতি, নিজেদের প্রতি, একে অপরের প্রতি নিশ্চয়ই অনেক বেশি সমস্যা ও সংকট আমরা তৈরি করেছিলাম। প্রাণ–প্রকৃতি ও পরিবেশের প্রতিও আমাদের অবহেলা এতটা চরমে উঠেছিল, সেই কারণেই কিনা, মানুষের বিরুদ্ধে গোটা পৃথিবীটাই কি গর্জে উঠেছিল? যেভাবে বন ধ্বংস হয়েছে; যেভাবে সাগর দূষিত হয়েছে, যেভাবে পাহাড় কেটেছি; এই দায় থেকে মানুষ কীভাবে নিজেদের মুক্ত করবে? জলবায়ু পরিবর্তনের ফলে মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে। পৃথিবীর বড় একটি অংশ তলিয়ে যাওয়ার শঙ্কার মধ্যেও মানুষ নির্বিকার। ভেবেছিলাম, নিশ্চয়ই বদলাব। কিন্তু আমরা আসলে কি শিখলাম?
আমার বিবেচনায় আমরা হয়তো তেমন কোন শিক্ষা এই পরিস্থিতি থেকে নিইনি। ব্যক্তিগত পর্যায় থেকে বৃহত্তর পর্যায়, মানুষের প্রতি মানুষের সহমর্মিতা বাড়েনি, বরং কমেছে। হিংসা, বিদ্বেষ অনেক কিছুই ভরপুর চারপাশ। মানুষের প্রতি কুৎসা রটানো, ঘৃণার পরিবেশ তৈরি, মানুষে মানুষে ভেদাভেদ কমেনি, বরং বেড়েছে। দেশে কিংবা যুক্তরাষ্ট্রে; সর্বত্র একই পরিবেশ।
ব্যক্তিগত কথা বলব না। একটু বৃহৎ পরিসরে চলুন উদাহরণ দেওয়া যাক। দেশে কি হচ্ছে সেটা দিকে দৃষ্টি দিই। যখন করোনা মহামারি একেবারে খুব খারাপ পর্যায়ে, তখন বিভিন্ন জায়গায় ত্রাণ চুরির ঘটনা একে একে পত্রিকায় আসতে শুরু করল। মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। মানুষকে এই অসময়েও পণ্য বানিয়ে ব্যবসায় করতে এতটুকু পা কাঁপেনি রিজেন্ট হাসপাতালের শাহেদের। যে কারণে টাকা নিয়ে করোনা পরীক্ষা না করেও, রীতিমতো অপকর্ম করে গেছেন। এ ছাড়া আরও নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
করোনা পরীক্ষা জালিয়াতির আলোচিত মামলায় গ্রেপ্তার হয়েছেন জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটের কার্ডিয়াক সার্জারি ইউনিটের রেজিস্ট্রার ডা. সাবরিনা চৌধুরী। সরকারি কর্মকর্তা হয়েও স্বামী আরিফ চৌধুরীর জেকেজি হেলথ কেয়ারের সঙ্গে জড়িত হয়ে অপরাধে জড়িয়েছেন তিনি। সময়টা খারাপ হলেও, কারওই কিন্তু এতটুকু খারাপ লাগেনি এই সব জঘন্য অপরাধ করতে। বরং করোনার সময়ে তারা যেন আরও হিংস্র হয়ে উঠেছেন।
কেবল দেশের কথা কেন বলব! আমেরিকার উদাহরণ দিই। বাংলাদেশি বংশোদ্ভূত টেক জায়ান্ট ফাহিম সালেহকে কি নির্দয়ভাবেই না হত্যা করা হলো। ফাহিমের ফ্ল্যাটে গিয়ে তাকে হত্যা করা হয়। হত্যাকারী হিসেবে পুলিশ যাকে গ্রেপ্তার করেছে তার নাম টাইরেস ডেভোঁ হ্যাসপিল। মাত্র ২১ বছর বয়সী এই তরুণকে খুব ভালো বেতনেই চাকরি দিয়েছিলেন ফাহিম। তবুও প্রায় লক্ষাধিক ডলার চুরি করায় ধরা পড়ে যায় হ্যাসপিল। তাকে পুলিশে না দিয়ে বরং অর্থ শোধ করার উপায় বাতলে দিয়েছিলেন ফাহিম। ভালো মানুষি দেখানোর শাস্তি কিনা পেতে হলো ফাহিমকেই! তাও এই করোনা মহামারির সময়ে! কি শিক্ষা পেলাম তাহলে বলুন। কথায় আছে “উপকারীকে বাঘে খায়”। ফাহিমের বেলাতেও তাই হয়েছে।
আরেকটি উদাহরণ দিই। অপরাধ করলে, তাকে ধরতেই হবে। পুলিশের কাজও তাই। কিন্তু তাই বলে এভাবে নির্দয়ভাবে হত্যা করতে হবে? আমি বলছি জর্জ ফ্লয়েডের কথা। পুলিশের হেফাজতে মিনিয়াপোলিসে এই কৃষ্ণাঙ্গ ব্যক্তির মৃত্যু কীভাবে গোটা আমেরিকাকে এই করোনাকালেও বদলে দিয়েছে, সহিংস করে তুলেছে, সেটাতো দেখতেই পাচ্ছি। কোনোভাবেই পুলিশের এমন বর্বরতা মেনে নিতে পারছি না। মানুষের ন্যায়সংগত দাবি ও আন্দোলনের সঙ্গে সব সময়ই আছি আমি। কিন্তু আন্দোলনের সুযোগে একদল দুর্বৃত্ত যেভাবে সহিংসতা চালিয়েছে, লুটপাট করেছে, সেটা দেখেও খুব ব্যথিত হয়েছি।
এক একটি দিন যাচ্ছে, নিজের মনেই আমি হতাশ হয়ে পড়ছি। তাহলে কি দাঁড়াল, কোন শিক্ষা তো কেউই নিলাম না। বরং মনে হচ্ছে দিনে দিনে আরও হিংস্র হয়ে উঠছি সবাই। কার কাছে পরিত্রাণ চাইব? বুঝে উঠতে পারি না। কেবল প্রার্থনা করি, আসুন না সত্যি সত্যি একটু চেষ্টা করি। আমরা মানবিক হয়ে উঠি। বিপদ আসবেই। মানুষই সম্মিলিত প্রচেষ্টায় সেই বিপদ মোকাবিলা করে জেগে উঠবে। মানুষের শক্তিতে বিশ্বাস রাখি। আমরা পারব।

লেখক: নিউইয়র্ক প্রবাসী মেডিসিন বিশেষজ্ঞ।