করোনায় আটলান্টিক সিটিতে রমজানের আনুষ্ঠানিকতাও ঘরবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাভাইরাস পরিস্থিতির কারণে বিশ্বের অন্যান্য স্থানের মতো আটলান্টিক সিটিতেও এবারের রমজানের আনুষ্ঠানিকতা ঘরবন্দী হয়ে পড়েছে। রমজানের সময় তারাবির নামাজ, সাহরি, ইফতার ইত্যাদি ঘরের মধ্যেই সীমাবদ্ধ থাকছে।
প্রতি বছর রমজান মাসকে ঘিরে আটলান্টিক সিটিতে যে উৎসবের আমেজ সৃষ্টি হয়, করোনাভাইরাসের কারণে এ বছর তাতে ছেদ পড়েছে। রমজান মাস সিয়াম সাধনার মাস। এ মাসে বিশ্বের মুসলমানরা দিনের ভাগে পানাহার বন্ধ রেখে রোজাব্রত পালন করেন। এই সংযমের সঙ্গে সঙ্গে রমজান এলেই শুরু হয় উৎসবের আমেজ।
ইসলামি বিধানমতে, মাসব্যাপী রোজা পালনের সঙ্গে সঙ্গে আরও কিছু আনুষ্ঠানিকতা রয়েছে; যেমন- তারাবি নামাজ, সাহরি, ইফতারি ইত্যাদি। রোজার মাসে মুসলমানেরা এগুলো যৌথভাবে আদায় করেন। কিন্তু করোনাভাইরাস বিস্তারের কারণে রমজানের এসব আনুষ্ঠানিকতা ম্লান হয়ে গেছে। আটলান্টিক সিটিতে রমজানের সময় প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ইফতার-কেন্দ্রিক মিলনমেলা আয়োজনের সংস্কৃতি দীর্ঘদিন ধরে চালু রয়েছে। ব্যক্তি ও পরিবারেও ইফতারের দাওয়াতের সংস্কৃতি চালু রয়েছে। কিন্তু এবার রমজানে এই সংস্কৃতি ব্যাহত হয়েছে।
আটলান্টিক সিটিতে বাংলাদেশি আমেরিকানদের দ্বারা পরিচালিত মসজিদ আল হেরার খতিব বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ড. রুহুল আমিন, মসজিদ আল হেরার ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ওবায়দুল্লাহ চৌধুরী ও মসজিদ আল তাকওয়ার ইমাম শেখ তৌফিক আজিজ জানান, নিউজার্সি অঙ্গরাজ্য সরকারের নির্দেশনা অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মসজিদের কার্যক্রম বন্ধ আছে। তাই রমজানের আনুষ্ঠানিকতা ঘরের মধ্যেই সীমিত রাখতে হচ্ছে। করোনার এই দুর্যোগকালে এটা ভিন্ন আর কোনো উপায়ও নেই।