করোনায় আমরা যা করতে পারি
খবরের কাগজ ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে টেলিভিশনের টক শো ও বাসাবাড়িতে চলছে একই আলোচনা, করোনাভাইরাস! আশ্চর্যজনক হলেও সত্য যে, এসব আলোচনায় যেসব বিষয় স্থান পায় তা হলো, কার কী করার কথা ছিল, সেটা করা হলো না কেন বা তা না করায় কী ক্ষতি হচ্ছে। দায়ী করা হয় দুর্নীতি, অব্যবস্থাপনা ও লুটপাটসহ সরকারি সিদ্ধান্তগুলোকে। কিন্তু, কেউ কি চিন্তা করছেন, এসব দোষারোপের আলোচনা আমাদের জন্য কোন সুফল বয়ে আনছে না?
তাহলে আমরা কি করতে পারি এই করোনাভাইরাস পরিস্থিতিতে? এক কথায় উত্তর দিতে হলে বলতে হবে, আমাদের বিবেক ও দায়িত্ববোধ যা বলে তা করতে হবে। উদাহরণ দিতে হলে বলতে হবে— বিদ্যানন্দ ফাউন্ডেশন, মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন, রেড ক্রিসেন্টসহ অসংখ্য স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যক্তিগত স্বেচ্ছাসেবীদের কথা। তাঁরা হাসপাতালগুলোকে জীবাণুমুক্ত করছেন, বাস জীবাণুমুক্ত করছেন, ডাক্তারদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র দিচ্ছেন। লকডাউন থাকা অবস্থায় মানুষকে খাবার দেওয়া থেকে শুরু করে কাজের অভাবে ক্ষুধার জ্বালায় মরা ছিন্নমূল মানুষকে খাওয়াচ্ছেন। এসব করতে তাঁরা সবার কাছ থেকে টাকা সংগ্রহ করছেন এবং একত্রে সবাই মিলে কাজ করছেন। এসব মহান কাজ কি ওপরে বর্ণিত দোষারোপের আলোচনা থেকে ভালো নয়?
এসব দায়িত্ব নিজে না নিতে পারলে যাঁরা স্বেচ্ছাসেবক হিসেবে জীবন বাজি রেখে এসব মহান দায়িত্ব নিচ্ছেন, তাঁদের সাহায্য করতে পারেন। তাঁদের ওয়েবসাইট ও ফেসবুক পেজে তাঁদের সাহায্য করার উপায় বলা আছে। ৭৬ লাখ প্রথম আলো পাঠকের সবাই ১০ টাকা করে সহযোগিতার হাত বাড়ালে এসব স্বেচ্ছাসেবী সংগঠন ৭ কোটি ৬০ লাখ টাকা পাবে, যা তাঁদের এই কঠিন যুদ্ধ অনেক সহজ করে দেবে। তখন অন্তত তাঁদের আর্থিক বিষয় নিয়ে এত চিন্তা করতে হবে না।
এই কঠিন পরিস্থিতিতে কাউকে দোষারোপ না করে আপনি আপনার আশপাশের মানুষকে যতটুকু সম্ভব সচেতন করতে পারেন। আর্থিকভাবে অসচ্ছল ক্ষুধার্ত মানুষকে খাওয়াতে পারেন। এটাও হবে একটা মহান মানবতা ও বিরাট সাহায্য। আর, যদি মনে করেন আপনি কেন দায়িত্ববান হবেন, স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে কেন সামান্য হলেও দান করবেন, সরকারের কি কিছুই করার নেই বা দেশের শীর্ষধনীরা কী করছেন—তাহলেও আপনি এ যুদ্ধে নিজে নিরাপদ থেকেও অন্যকে সাহায্য করতে পারেন। নিয়ম মতো ঘরে থাকা ও সাবান দিয়ে হাত ধোয়া এই আন্দোলনের একটা বড় সাহায্য। তাই, সেটা করুন। শুধু মনে রাখবেন, আপনার দোষারোপ কোনোভাবেই এ পরিস্থিতি কাটিয়ে উঠতে সাহায্য করছে না।
তারপরও যদি আপনি দোষারোপ করেন, আপনাকে একটা কথা মনে করিয়ে দিতে চাই। তা হলো—যাঁরা কিছুই পারে না তাঁরা শুধু দোষারোপই করে। তাই, নিজেকে প্রশ্ন করুন আপনি কি কিছু না পারা দলের লোক? যদি তা না হন, তবে দয়া করে দোষারোপ করবেন না। কারণ এটা কোন কাজে আসে না।
পরিশেষে ভারতের ১১তম রাষ্ট্রপতি ড. এ পি জে আবদুল কালামের ‘উত্তরণ: শ্রেষ্ঠত্বের পথে সকলে’ বইয়ে বর্ণিত তাঁর নিকোবর দ্বীপের অভিজ্ঞতা লিখে এ লেখা শেষ করতে চাই। ভয়ংকর সুনামির পর ২০০৫ সালের জানুয়ারি মাসে তিনি নিকোবর দ্বীপে কিছু উপজাতি নেতৃবৃন্দের সঙ্গে দেখা করতে যান। সে সুনামির ছোবল অনেক পিতামাতাকে কেড়ে নিয়ে তাঁদের সন্তানদের অনাথ করে দেয়। কিন্তু তিনি লক্ষ্য করলেন, সে দ্বীপে কোন অনাথ আশ্রম নেই। তাই তিনি আশ্চর্য হয়ে সেখানকার নেতৃবৃন্দকে জিজ্ঞাসা করছিলেন, ‘আমি আন্দামানে গিয়ে তিনটি অনাথ আশ্রম দেখেছি। নিকোবরের অনাথ আশ্রমগুলো কোথায়?’
উত্তরে নেতারা এ পি জে আবদুল কালামকে বিস্মিত করে জানান, ‘এখানে কোনো অনাথ আশ্রম নেই। যেসব ছেলেমেয়ের পিতামাতা নেই, তারা আমাদের ঘরের ছেলেমেয়ে হয়ে রয়েছে। আমাদের এখানে তাই অনাথ আশ্রমের প্রয়োজন নেই। আমাদের ঘরই তাদের ঘর। আসলে এই দ্বীপে আমরা একটি বৃহৎ পরিবার।’
আজ যেন আমাদের দেশ দুর্নীতি, অব্যবস্থাপনা ও লুটপাটের ছোবলে সবকিছু হারিয়ে নিকোবর দ্বীপের মতো এতিম। আমাদের নেই কোন অনাথ আশ্রম। কিন্তু আমাদের আছে দেশের প্রতি গভীর ভালোবাসা ও মমত্ববোধ। সেই ভালোবাসার প্রতিদানে আসুন আমরা সবাই দোষারোপ বন্ধ করে নিজ নিজ দায়িত্বে কাজ করে সবার সহযোগিতায় এই কঠিন পরিস্থিতি সামাল দিই। আমরা জয়ী হবই।