করোনায় আর্থিক সংকটে কলেজ-বিশ্ববিদ্যালয়
করোনাভাইরাসের ফলে আমেরিকার কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে। এ দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে প্রতিটি অঙ্গরাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাঠদানের পরিবর্তে স্প্রিং সেমিস্টারের সব ক্লাস ও পরীক্ষা অনলাইনে নেওয়ার ঘোষণা দেয়।
দূর–দূরান্তের শিক্ষার্থীরা এতে ক্যাম্পাস, হল ত্যাগ করে নিজেদের গন্তব্যে ফিরে যায়। শিক্ষার্থীরা হল ত্যাগ করায় কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোকে হল ভাড়া, ক্যাম্পাস ডাইনিংয়ের যাবতীয় খরচ শিক্ষার্থীদের ফেরত দিতে হয়েছে। যার জন্য প্রতিষ্ঠানগুলোকে অনেক লোকসান গুনতে হয়েছে।
কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে আয়ের অন্যতম উৎস হল এফ-১ বা স্টুডেন্ট ভিসায় আমেরিকায় পড়তে আসা বিদেশি শিক্ষার্থীরা। করোনাভাইরাসের কারণে এ বছর অনেক শিক্ষার্থী আমেরিকায় ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন না। আবার অনেকে দেশে ফিরে গিয়ে এখন ফিরে আসতে পারছেন না। যার জন্য অনেক প্রতিষ্ঠান আর্থিক সংকটে পড়েছে, এ নিয়ে উদ্বিগ্ন কর্তৃপক্ষ।
আমেরিকায় কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে করোনা মহামারির যে প্রভাব পড়েছে, তা খুবই বিস্ময়কর। দ্য ইউনিভার্সিটি অব মিশিগানের তিনটি ক্যাম্পাস মিলে চলতি বছর ক্ষতির পরিমাণ চার শ মিলিয়ন থেকে এক বিলিয়ন ডলার হবে বলে প্রশাসনিক কর্মকর্তারা আশঙ্কা করেছেন।
ক্যালিফোর্নিয়ার বিশ্ববিদ্যালয় ব্যবস্থায় শুধু মার্চ মাসেই প্রায় ৫৫৮ মিলিয়ন ডলারের লোকসান হয়েছে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠান আর্থিক সংকটে পড়ে এমনকি বন্ধ করার ঘোষণাও দিয়েছে। ইলিনয় অঙ্গরাজ্যের ১৭৪ বছরের পুরোনো ম্যাকমুরে কলেজ ইতিমধ্যেই বন্ধের ঘোষণা দিয়েছে।
আসন্ন ফল সেমিস্টারে ক্যাম্পাসে নাকি অনলাইনেই পাঠদান কর্মসূচি চালানো হবে কিনা, তা এখনো ঠিক করা হয়নি। সে জন্য অনেক শিক্ষার্থী দোটানায় না গিয়ে সেমিস্টার গ্যাপ দেওয়ার পরিকল্পনাও করছে। করোনাভাইরাসের ফলে শিক্ষার্থীদের ক্যাম্পাস নির্বাচনের ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তন আসবে বলে বিশেষজ্ঞরা বলছেন। অনেক শিক্ষার্থীই নিজেদের পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হয়ে নিজ এলাকায় বা বাসার পাশে কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিতে পারে।
বিশ্ববিদ্যালয়গুলো আর্থিক সংকট মোকাবিলায় বিদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ বা বৃত্তি কমিয়ে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে। তা ছাড়া প্রায় সব বিশ্ববিদ্যালয়েই নতুন শিক্ষক নিয়োগ বন্ধ আছে।