করোনায় এত অতিথি নিয়ে বিয়ে নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাকালে নিউইয়র্কে যেকোনো সমাবেশে ৫০ জনের বেশি মানুষ উপস্থিতি থাকতে পারবে না বলে নির্দেশ রয়েছে
ফাইল ছবি: এএফপি

করোনা মহামারির কারণে নিউইয়র্কে একটি বিয়ের অনুষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছেন আদালত।

পামেলা গিগলিয়া ও জো ডুরোলেক ২২ আগস্ট আমন্ত্রিত ১৭৫ জন অতিথি নিয়ে বাফেলোর একটি গলফ ক্লাবে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। রাজ্য সরকারের অনুরোধে ২১ আগস্ট ম্যানহাটনের ফেডারেল বিচারক ডেনি চিন এই বিয়ের অনুষ্ঠান স্থগিত রাখার আদেশ দিয়েছেন। এই আদেশ করোনাকালে যেকোনো সমাবেশে সর্বোচ্চ ৫০ জনের উপস্থিতি সংক্রান্ত ইউএস সার্কিট কোর্টের নিয়মকে বহাল রেখেছে।

বর-কনের আইনজীবী বলেছেন, ‘এটি দুর্ভাগ্যজনক। আপিল আদালতের বিচারপতি দুই পৃষ্ঠা ও চার অনুচ্ছেদের একটি আদেশ জারি করে এই দম্পতিকে এমনভাবে বিয়েতে বাধা দিলেন, যা কোনো রেস্তোরাঁ, জিম বা জাদুঘর যাওয়ার চেয়ে খুব বেশি ঝুঁকিপূর্ণ নয়।’

ওই আইনজীবী আরও বলেন, ডুরোলেক ও গিগলিয়া তাঁদের বিয়ের অনুষ্ঠান স্থগিত করেছেন। গভর্নর অ্যান্ড্রু কুমো ও রাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিসিয়া জেমসের অফিস এই মামলায় রাষ্ট্র পক্ষের নেতৃত্ব দিয়েছে। রাজ্য গভর্নরের কার্যালয় বিয়ে সম্পর্কিত কোনো নির্দিষ্ট নির্দেশিকা প্রকাশ করেনি। তবে তারা বলেছে, যেকোনো সামাজিক সমাবেশে সর্বোচ্চ ৫০ জন উপস্থিত হতে পারবেন।

জানা গেছে, গিগলিয়া ও ডুরোলেকসহ অন্য আরও এক দম্পতির বিয়ের অনুষ্ঠান নিয়ে মামলা হয়েছে। তাঁদের মতে, যেকোনো অনুষ্ঠান বা কিছু রেস্তোরাঁয় যদি ৫০ জনের বেশি লোক থাকতে পারে, তাহলে বিয়ের অনুষ্ঠানে উপস্থিতি ৫০-এ সীমাবদ্ধ রাখা অনুচিত।

গভর্নর অ্যান্ড্রু কুমো ও রাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিসিয়া জেমসের অফিস এই মামলায় রাষ্ট্র পক্ষের নেতৃত্ব দিয়েছে

সিরাকিউসে একজন ফেডারেল বিচারক ৭ আগস্ট এক দম্পতির পক্ষে রায় দিয়েছিলেন। জেনা ডিমার্টিল ও জাস্টিন ক্রফোর্ড নামে এই দম্পতি অ্যারোহেড গলফ ক্লাবে তাঁদের বিয়ের অনুষ্ঠান করেছিলেন।

নিউইয়র্কের রাজ্য কর্মকর্তারা ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়েছেন। রাজ্য স্বাস্থ্য কমিশনার হাওয়ার্ড জাকার বলেছেন, ডুরোলেক-গিগলিয়ার বিয়ের জন্য ১৭৫ জন অতিথি গ্রহণ করার পক্ষে রায় দিলে করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে রাষ্ট্রের প্রচেষ্টাকে আপস করতে হতো। যে ভাইরাসে ২৫ হাজার নিউইয়র্কারের মৃত্যু হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা ২০ আগস্ট এক প্রতিবেদনে লিখেছেন, এই দম্পতি ৫০ জন আমন্ত্রিত অতিথি নিয়ে তাঁদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করতে পারবেন। অন্য আমন্ত্রিতরা ভিডিওতে উপস্থিত হয়ে বা অন্য কোনো জায়গায় উপস্থিত হয়ে অনুষ্ঠানে যোগ দিতে পারবে।

ওই দম্পতির আইনজীবী বলেছেন, অতিথি এবং অনুষ্ঠানস্থল কর্তৃপক্ষ সুরক্ষা বিধি মেনে চলতে সম্মত হয়েছে। ভেন্যুর ভেতর মোট অতিথি ধারণ ক্ষমতার অর্ধেক হলো ২১৯ জন। তাই বিয়ের অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি হলেও তাঁদের আলাদাভাবে বিচার করার কোনো সুযোগ নেই।