করোনায় এবার ফ্লোরিডায় দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাসের আতঙ্কে নিউইয়র্কে জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে মাস্ক পরিহিত পর্যটকেরা। ছবি: সংগৃহীত
করোনাভাইরাসের আতঙ্কে নিউইয়র্কে জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে মাস্ক পরিহিত পর্যটকেরা। ছবি: সংগৃহীত

চীনের বাইরে এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকায় করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। আমেরিকায় ৬ মার্চ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৩০৮ জন রোগী শনাক্ত করা হয়েছে। আর একই দিনে দেশটির পূর্ব উপকূলীয় অঙ্গরাজ্য ফ্লোরিডায় এই প্রথম একই দিনে করোনায় দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে এই ভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৭ জনে। এই ভাইরাসে ৬ মার্চ পর্যন্ত সারা বিশ্বে মৃত্যু হয়েছে প্রায় সাড়ে তিন হাজার মানুষের।

করোনাভাইরাস বিশ্বের নানা দেশে ছড়িয়ে পড়ায় অনেক দেশ ইতিমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে অনেক বহুজাতিক প্রতিষ্ঠান তাদের কারখানা বন্ধ রেখেছে। করোনাভাইরাসের সংক্রমণে সারা বিশ্বে রোগীর সংখ্যা ৬ মার্চ পর্যন্ত এক লাখ ছাড়িয়েছে। সর্বশেষ খবরে জানা গেছে, ইতালির ক্ষমতাসীন জোট ডেমোক্রেটি পার্টির (পিডি) প্রধান নিকোলা জিনগারেতির শরীরে করোনাভাইরাস পজিটিভ বলে শনাক্ত হয়েছে। তিনি এক ভিডিও বার্তায় জানিয়েছেন, তিনি নিজেই এখন সবার থেকে আলাদা থাকতে শুরু করেছেন।
আমেরিকার জনস হপকিনস ইউনিভার্সিটি জানিয়েছে, ৬ মার্চ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ১ লাখ ৩২৯ হয়েছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাব অনুসারে, এই সংখ্যা এখনো ৯৮ হাজার ২০২।
নিউইয়র্ক টাইমস–এর প্রতিবেদনে বলা হয়, ৬ মার্চ রাতে ফ্লোরিডা কর্তৃপক্ষ জানিয়েছে, এই রাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে। নিহত দুজনই অন্য দেশ থেকে ভ্রমণ করে এসেছিলেন।
এদিকে হাওয়াই দ্বীপে প্রথমবারের মতো একজনকে করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে। ওই ব্যক্তি ক্যালিফোর্নিয়ার ক্রুজ শিপ গ্র্যান্ড প্রিন্সেসে ভ্রমণ করেছিলেন। তবে পূর্ব উপকূলে এই হার আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
ওয়াশিংটন অঙ্গরাজ্যে এখন পর্যন্ত ৮০ জনকে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এই অঙ্গরাজ্যেই সর্বোচ্চসংখ্যক ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া রাজ্যের সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে সিয়াটল শহরে। কিং কাউন্টির কর্মকর্তা ওয়াশ বলেছেন, গত ২৪ ঘণ্টায় এই এলাকার ১৫ জন বাসিন্দাকে লাইফ কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে দুজন বয়স্ক ব্যক্তি। তাঁদের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।