করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে ড্রামা সার্কেল

বিপদের সময় পাশে থেকে সহযোগিতা করাই মানুষের ধর্ম হওয়া উচিত। একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে যদি একটি প্রাণ, একজন মানুষ বাঁচার স্বপ্ন দেখে—তাতেই হয়তো জীবনের সার্থকতা খুঁজে পাওয়া যায়। করোনা মহামারিতে তেমনই এক ক্রান্তিলগ্ন পার করছে সারা বিশ্ব। যুক্তরাষ্ট্র এবং এই নিউইয়র্কও তার বাইরে নয়। এ দুর্যোগকালে তাই মানবতার আদর্শে উজ্জীবিত হয়ে নিউইয়র্কের বেশ কিছু দুর্দশাগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে ড্রামা সার্কেল নিউইয়র্ক। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নার্গিস আহমেদ বলেন, ‘করোনার কারণে সৃষ্ট এ দুর্যোগকালে কিছু মানুষ অসহায় জীবন যাপন করছে। এখনই আমাদের উচিত তাদের সহযোগিতার জন্য হাত বাড়ানো।’
নার্গিস আহমেদ বিশ্বাস করেন, করোনার এই ক্রান্তিকাল একদিন শেষ হবে। আবারও ঘুরে দাঁড়াবে এ পৃথিবী। এ যাত্রায় তাই সবাইকে নিয়ে বাঁচার চেষ্টা করতে হবে।
ড্রামা সার্কেলের সভাপতি আবির আলমগীর জানান, ‘বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছিলাম যে, করোনা আক্রান্ত হয়ে হয়তো কোনো পরিবারের কেউ মারা গেছে। এই শোকের মধ্যেই আবার বাইরে বের হওয়ার উপায় না থাকায় বাজার করতে পারছে না তারা। কেউ হয়তো চাকরি হারিয়েছেন, খাবার কেনার মতো টাকা নেই। এমন কিছু পরিবারের জন্য সপ্তাহান্তের বাজার করে তাদের ঘরের দুয়ারে পৌঁছে দেওর দায়িত্ব নিয়েছি আমরা ড্রামা সার্কেলে সদস্যরা। ভবিষ্যতেও সহযোগিতার এ ধারা অব্যাহত থাকবে ।’ জহির মাহমুদ জানান, সংগঠনের সবাই মিলে নিজেরাই তহবিল গঠন করে এগিয়ে এসেছে। তাই তিনি ধন্যবাদ জানান সব সদস্যদের।
শুধু তাই নয় মাস্ক, স্যানিটাইজারের মতো জরুরি সামগ্রীও বিতরণ করছে সংগঠনটি। ড্রামা সার্কেলের পক্ষে লুৎফর রহমান বলেন, এরই মধ্যে পাঁচ শতাধিক ফেস মাস্ক ও বেশ কিছু হ্যান্ড সেনিটাইজারও বাঙালিদের মধ্যে বিতরণ করা হয়েছে।