করোনায় জরুরি অবস্থায় নিউইয়র্কের জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাঁকা প্রবাসীদের জনবহুল এলাকা জ্যামাইকা ও জ্যাকসন হাইটস। ছবি: লেখক
ফাঁকা প্রবাসীদের জনবহুল এলাকা জ্যামাইকা ও জ্যাকসন হাইটস। ছবি: লেখক

জরুরি অবস্থার দ্বিতীয় দিন গতকাল শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় বের হয়েছি। চমৎকার আকাশ। ঝকঝকে রোদ। হালকা ঠান্ডা। উদ্দেশ্য জ্যামাইকার হিলসাইড এলাকায় বসবাসকারী বাংলাদেশিদের সঙ্গে করোনাভাইরাস এবং এই নিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে কথা বলা।

হিল থেকে নামতেই দেখা মেলে দেশি-বিদেশি গ্রোসারি, রেস্তোরাঁ, মোবাইল ফোনের দোকান, কাপড়চোপড়ের দোকান, বিউটি পারলার, ব্যায়ামাগার, ট্রেনস্টেশন, বাসস্টপেজ এবং নানা ধরনের ডাক্তার চেম্বার। কী নেই এখানে। এই এলাকায় সব সময় লোকে গিজ গিজ করে। ছুটির দিন হলে তো কথাই নেই। মানুষের ভিড়ে ফুটপাতেও হাঁটা যায় না।

এরই মধ্যে মানুষ জেনে গিয়েছে আগের রাতে নিউইয়র্ক শহরে করোনাভাইরাসে সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে ৮০ বছর বয়সী এক নারীর মৃত্যুর খবর। করোনাভাইরাসে নিউইয়র্কে এটিই প্রথম মৃত্যু। তিনি হাঁপানি রোগে ভুগছিলেন বলে খবরে নিশ্চিত করেছে।

তা ছাড়া বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি করা হয়েছে। গত শুক্রবার (১৩ মার্চ) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ জরুরি অবস্থার ঘোষণা দেন। আজকে তাই স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

জ্যামাইকা পুরো ফাঁকা। ছবি: লেখক
জ্যামাইকা পুরো ফাঁকা। ছবি: লেখক

তবে একেবারেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতে কিছু মানুষের দেখা মিলেছে। কথা বলতে চাইলে কেউ কেউ সরি বলে অপারগতা প্রকাশ করেন। মনে হলো টুকটাক তৈজসপত্র কিনে খুব তাড়াতাড়ি ঘরে ফেরার তাড়া তাঁদের মধ্যে। প্রিমিয়ার গ্রোসারিতে যাঁদের তাড়া বেশি, তাঁদের কয়েকজনকে জিজ্ঞেস করলাম, জিনিসপত্রের দাম কি একটু বেশি মনে করছেন? মোটামুটিভাবে সবাই বললেন, তারা সব পণ্যের পঁচিশ সেন্ট থেকে এক ডলার পর্যন্ত দাম বাড়িয়ে দিয়েছে। এক ভারতীয় দম্পতির অভিযোগ, শুধু বাঙালি ও ভারতীয় ব্যবসায়ীরা এই দামের কারসাজি করছেন। আমেরিকান দোকানে পণ্যের দাম বাড়েনি, তবে তাদের মজুত শেষ হয়ে গিয়েছে।

কেউ কেউ অভিযোগে করলেন, চাল ও পানির দাম কিছু কমিয়ে তারা অন্য পণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন। কথা বললাম সাত বছরের আবরার ও তার মায়ের সঙ্গে। মায়ের আক্ষেপ স্কুল বন্ধ না রাখা নিয়ে। তিনি আরও জানান, তাঁরা কয়েক পরিবার মিলে সিদ্ধান্ত নিয়েছে সোমবার থেকে বাচ্চাদের স্কুলে দেবেন না।

বাঙালিদের কি কোয়ারেন্টিনে থাকা সম্ভব না
কথা বলেছি পথচারী কিছু মানুষের সঙ্গে। কোয়ারেন্টিনের ব্যাপারে কী করছেন জানতে চাই। তাঁরা বললেন, বেশি অসুস্থ হলে হাসপাতালে ভর্তি হবেন, নাহয় বাসায় থাকবেন। কোয়ারেন্টিনে থাকতে পারবেন না। জামশেদ নামের একজন দুঃখ করে বলেন, মা–বাবা, ভাই–বোনদের নিয়ে দুই রুমের ঘরে কোনোমতে দিন পার করেন। সেখানে কেমন করে কোয়ারেন্টিনে থাকবেন। তরুণ জামশেদ একটু আক্ষেপ করেই উঁচু স্বরে বললেন, ‘ভাই এসব কোয়ারেন্টিন আমরা বাঙালিদের জন্য না।’ তাঁর সঙ্গে আরও কয়েকজন যোগ দিয়েছেন, তাঁরাও একই সুরে জানান, এসব আমেরিকানদের জন্য, তাঁরা এমনিতেই একা একা থাকেন। এখন রুমে সাত থেকে আটজন মানুষ গাদাগাদি করে থাকতে হয়। তাই কোয়ারেন্টিনে তাঁরা থাকতে পারবেন না। কেউ কেউ বলেছেন, তাঁরা গ্রুপ করে এক বাসায় থাকেন। এখন দল সকালে কাজে যায় তো অন্য রাতে কাজ করে বাসায় ফেরে। তাঁদের পক্ষে কোনো মতেই কোয়ারেন্টিনে থাকা সম্ভব না।

প্রবাসীদের প্রিয় খাবারবাড়িও ফাঁকা। অন্য সময় এখানে ভিড় লেগে থাকে। ছবি: লেখক
প্রবাসীদের প্রিয় খাবারবাড়িও ফাঁকা। অন্য সময় এখানে ভিড় লেগে থাকে। ছবি: লেখক

কাউকে কাউকে দেখলাম মাস্ক পরেছেন। কিন্তু মাস্ক সরিয়ে খোলা রাস্তায় থুতু ফেলছেন। আবার কাউ কাউকে দেখলাম মাস্ক পরে আছেন তবে একই সিগারেট কয়েকজনে শেয়ার করে ফুঁক দিচ্ছেন। হাসি চাপিয়ে জানতে চাইলাম, ভাই, মুখে মাস্ক দিয়ে তো লাভ হবে না যদি সিগারেট ভাগ করে খান। বললেন, তাঁদের কারও করোনাভাইরাস নেই।

আল হামরা নামকরা কাপড়ের দোকান। তবে সেখানে কোনো ক্রেতা নেই। বললেন, গত এক সপ্তাহে কোনো বেচা বিক্রি হয়নি। পানসি, সাগর, ঘরোয়ায় তাদের কর্মচারী ছাড়া কোনো ক্রেতা চোখে পড়েনি।

রাস্তায় মাঝেমধ্যে দেখা মিলছে গাড়ির। ছবি: লেখক
রাস্তায় মাঝেমধ্যে দেখা মিলছে গাড়ির। ছবি: লেখক

বিকেলে গেলাম জ্যাকসন হাইট খাবারবাড়ি নামক দোকানে। যেখানে কখনোই বসার জায়গা পাওয়া যায় না। দুজনকে দেখলাম চা খেতে। কর্মচারীরা জানান, কাস্টমার নেই। তাই তাঁদেরও কাজ কমে গেছে, কয়েকজনকে বাসায় চলে যেতে বলা হয়েছে। কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হয়েছে। পরিবার নিয়ে কেমন করে চলবেন, সেই দুশ্চিন্তা অনেকের চোখেমুখে দেখা গেল। পুরো জ্যাকসন হাইটস আমার কাছে ফাঁকাই মনে হলো। লং আইল্যান্ড ওষুধ কোম্পানির বেশ কটি ইতিমধ্যেই কাঁচামাল আমদানি করতে না পারলে কিছু মাসের জন্য বন্ধ ঘোষণা করবে বলে কর্মচারীদের জানিয়েছে। এরই ফাঁকে গেলাম কসকো সুপার শপে। মানুষের লাইন পার্কিং লট পর্যন্ত পৌঁছেছে। ভেতরে ডিম কিনতে গিয়ে মোটামুটি সব শেলফ ফাঁকা দেখতে পেলাম।

ছুটির দিনের মানুষের ভিড় থাকলে এখন এসব এলাকা ফাঁকা। ছবি: লেখক
ছুটির দিনের মানুষের ভিড় থাকলে এখন এসব এলাকা ফাঁকা। ছবি: লেখক

নিউইয়র্ক অঙ্গরাজ্যে করোনাভাইরাসের সংক্রমণ রোধে পাঁচ শতাধিক মানুষের সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে শুক্রবার যুক্তরাষ্ট্রের জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ছাড়া দেশটিতে প্রাণঘাতী এ ভাইরাস মোকাবিলায় ৫০ বিলিয়ন ডলার বরাদ্দের ঘোষণা দেন তিনি। চীন থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস যুক্তরাষ্ট্রের এখন পর্যন্ত ২ হাজার ৬৬৫ জন আক্রান্ত হয়েছে। এতে মৃত্যু হয়েছে ৫৬ জনের। রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধে যুক্তরাষ্ট্রের কেন্দ্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে।