করোনায় জীবন উৎসর্গকারী কর্মীদের স্মরণে স্মৃতিস্তম্ভ

নির্মিত হতে যাওয়া ‘সার্কেল অব হিরোজ’।ছবি: রাজ্য গভর্নরের ওয়েবসাইট থেকে নেওয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কের করোনা মহামারির শুরুর সময় নিজেদের জীবন উৎসর্গ করা জরুরি কর্মজীবীদের স্মরণে নগরের ব্যাটারি পার্ক এলাকায় স্মৃতিস্তম্ভ স্থাপন করা হচ্ছে।

গত সপ্তাহে রাজ্য গভর্নর অ্যান্ড্রু কুমো এ স্মৃতি স্তম্ভের কাজ উদ্বোধন করেছেন। গভর্নর কুমো বলেছেন, ‘সার্কেল অব হিরোজ’ নামের এ স্মৃতিস্তম্ভ জরুরি কর্মজীবীদের ত্যাগের কথা স্মরণ করিয়ে দেবে।

আসছে লেবার ডের মধ্যে অর্থাৎ আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই স্মৃতিস্তম্ভের কাজ সমাপ্ত হবে বলে জানানো হয়েছে। আশপাশের জলস্রোত ধারার মধ্যে সবুজ ঘেরা দৃষ্টিনন্দন এ স্থাপনাটি রাজ্যের সব জরুরি বিভাগের কর্মজীবীদের ত্যাগের প্রতি সম্মান জানাবে বলে বলা হয়েছে।

করোনা মহামারির শুরুর দিকে যখন সবাইকে বাড়িতে থাকার জন্য বলা হচ্ছিল তখন জরুরি অগ্রসর সারির কর্মজীবীরা নিজেদের জীবন বিপন্ন করে দিনরাত কাজ করেছেন। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেবা দিয়েছেন নিউইয়র্কবাসীকে। নিঃস্বার্থভাবে তাঁরা জননিরাপত্তা প্রদান, খাবার সরবরাহসহ জরুরি মৌলিক কাজে নিজেদের নিয়োজিত রেখেছেন।

গভর্নর বলেছেন, ‘আমরা কখনোই আমাদের এসেনশিয়াল কর্মীদের এই ঋণ শোধ করতে পারব না। তবু যারা আমাদের দুঃসময়ে নিঃস্বার্থভাবে পাশে দাঁড়িয়েছিল এবং আমাদের জন্য যা কিছু করেছে, তাঁদের অবদানের প্রতি আমরা সম্মান জানাতে চাই।’

কুমো বলেন, এ বীর কর্মজীবীরা প্রতিদিন আমাদের অনুপ্রাণিত করে চলেছেন। তাঁদের সেবা এবং ত্যাগের জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ।

স্মৃতিস্তম্ভের পাশে ১৯টি লাল ম্যাপল গাছ রাখা হয়েছে। যা বহু প্রয়োজনীয় ব্যবসা এবং পেশার প্রতীক হিসেবে দেখানো হয়েছে। ১৯টি গ্রুপের মধ্যে রয়েছে নার্স, চিকিৎসক, স্বাস্থ্যসেবা কর্মী, ট্রানজিট কর্মী, পুলিশ অফিসার, ইএমটিএস এবং প্যারামেডিকস, দমকল কর্মী, সংশোধনকারী অফিসার, স্টোর কর্মচারী, ন্যাশনাল গার্ড, সরকারি কর্মচারী, বিল্ডিং সার্ভিস কর্মী, ইউটিলিটি ও যোগাযোগ কর্মী, ডেলিভারি ড্রাইভার, শিক্ষক, স্যানিটেশন শ্রমিক, নির্মাণ ও উৎপাদন শ্রমিক, খাদ্য পরিষেবা কর্মী এবং আতিথেয়তা কর্মী।

স্মৃতিস্তম্ভে একটি চিরন্তন শিখাও প্রদর্শিত হবে যা নিউইয়র্ক রাজ্যের এসেনশিয়াল কর্মীদের প্রতি চিরন্তন কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকবে। স্মৃতিস্তম্ভ এবং পার্শ্ববর্তী পার্কটির নকশা পরীক্ষা করা হয়েছে এবং এটি রাজ্য আইনসভায় অনুমোদিত হয়েছে।

নিউইয়র্ক স্টেট বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন ট্রেডস কাউন্সিলের সভাপতি গ্যারি লাবারবেরা বলেন, মহামারিতে প্রয়োজনীয় কর্মীরা তাঁদের শক্তি দেখিয়েছিলেন এবং তাঁরা আমাদের জনসমাজের কাছে খুবই মূল্যবান। এই স্থানটি কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত লোকজন তাদের প্রিয়জনদের সঙ্গে সংযুক্ত হওয়ার এক বিমূর্ত স্থাপনা হয়ে দাঁড়াবে বলে আশা প্রকাশ করা হয়েছে।