করোনায় ট্রাম্পের ককটেল নিয়ে জুলিয়ানি বললেন ‘ওয়াও’
করোনা চিকিৎসায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া একই ওষুধ পেয়েছেন তাঁর ব্যক্তিগত আইনজীবী রুডি জুলিয়ানি। তাঁর ভাষ্যের বরাতে বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ কথা বলা হয়।
করোনায় সংক্রমিত হয়ে গত রোববার হাসপাতালে ভর্তি হন জুলিয়ানি। ওয়াশিংটন ডিসির একটি হাসপাতালে ভর্তি হয়ে করোনার চিকিৎসা নেন তিনি।
৭৬ বছর বয়সী জুলিয়ানি চিকিৎসাধীন অবস্থায় ফোনকলের মাধ্যমে স্থানীয় সময় বুধবার সকালে একটি রেডিও শোতে অংশ নেন। জুলিয়ানি শোতে বলেন, তিনি এ দিনই (বুধবার) হাসপাতাল ছাড়তে পারবেন বলে আশা করছেন।
বুধবার বিকেলে জুলিয়ানি হাসপাতাল ছাড়েন বলে সিএনএন জানায়।
রেডিও শোতে জুলিয়ানি বলেন, করোনার চিকিৎসায় প্রেসিডেন্ট ট্রাম্পকে ওষুধের যে ককটেল দেওয়া হয়েছিল, তাঁকেও তা দেওয়া হয়েছে।
জুলিয়ানি রেডিও শোতে জানান, তাঁকে রেমডেসিভির ও ডেক্সামেথাসন দেওয়া হয়েছে।
রেডিও শোতে জুলিয়ানি বলেন, 'আমি ভালো আছি। প্রায় সব উপসর্গ চলে গেছে। ককটেলটি নেওয়ার পরমুহূর্তে আমি ১০০ শতাংশ ভালো বোধ করেছি। এটা খুব দ্রুত কাজ করে। ওয়াও।'
জুলিয়ানি আরও বলেন, ওষুধ নেওয়ার পর মনে হয়েছে, তাঁর বয়স ১০ বছর কমে গেছে।
ট্রাম্পের নির্বাচনসংক্রান্ত ভুয়া মামলা নিয়ে দৌড়ঝাঁপ করার মধ্যে আইনজীবী রুডি জুলিয়ানি করোনাভাইরাসে সংক্রমিত হন। ৬ ডিসেম্বর বিকেলে ট্রাম্প টুইট করে জুলিয়ানির সংক্রমিত হওয়ার কথা জানান।
ট্রাম্প নিজেও করোনায় সংক্রমিত হয়েছিলেন। করোনায় সংক্রমিত হয়ে গত অক্টোবরে তিনি তিন রাত হাসপাতালে কাটান।
সে সময় সিএনএন জানায়, হাসপাতালে ভর্তির আগে ট্রাম্পকে রেজেনেরন ফার্মাসিউটিক্যালের একটি পরীক্ষামূলক অ্যান্টিবডি থেরাপি দেওয়া হয়েছিল। জরুরি ভিত্তিতে এই থেরাপি ব্যবহারের অনুমোদন না থাকা সত্ত্বেও তখন ট্রাম্পকে তা দেওয়া হয়। ট্রাম্পকে অ্যান্টিবডি থেরাপির পাশাপাশি রেমডেসিভির ও ডেক্সামেথাসনও দেওয়া হয়েছিল।