করোনায় প্রেম
মিলার মন খারাপ। প্রতিদিন ফেসটাইমে কথা বলতে আর ভালো লাগে না তার। কবে যে এই দুর্যোগ থেকে মানুষ মুক্ত হতে পারবে! এসব ভেবে সে একটু হতাশই বোধ করে।
মহামারি শুরু হওয়ার পর থেকেই রাহাত হাসপাতালের কাজের চাপে ব্যস্ত ছিল বলে নানা কারণে তাদের সময় মিলেনি বলে দেখা হয়নি। এখন তো সে ১২–১৩ ঘণ্টা ডিউটি করে।
রাহাত বাঙালি আমেরিকান। এ দেশেই জন্ম ও বেড়ে ওঠা। ব্রুকলিন হাসপাতালের কার্ডিওলোজিস্ট। অপারেশনে হাত বেশ ভালো। তরুণ ডাক্তার হিসেবে এরই মধ্যে বেশ নাম করেছে। হাসপাতালের ডিউটি শেষ করে মিলাকে নিয়ে সময় কাটাতে ভালোবাসে। করোনা কেটে গেলে তাদের পারিবারিকভাবে বিয়ে হবে।
দুজন দুজনকে খুব মিস করে। প্রতি সপ্তাহেই তাদের দেখা করা এখন অভ্যাস হয়ে গেছে। আজ যদি একটু দেখা হতো! মিলা ভাবছিল কত দিন হয়ে গেল জড়িয়ে ধরে রাহাতকে চুমু খাওয়া হয় না। কত দিন হয়ে গেল তারা লং ড্রাইভে যায় না। অনেক দিন হয় তারা দুজন দুজনকে ছুঁয়ে দেখেনি। করোনা তাদের শারীরিক দূরত্ব বাড়িয়েছে। এসব ভাবতেই মিলার শরীরজুড়ে বিদ্যুৎ খেলে গেল।
রাহাতের নতুন চাকরি ও নানান রকম পড়াশোনার চাপের কারণে বিয়ের তারিখটা রাহাত ঠিক করেনি। তবে বলেছিল, এ বছরের জুলাইতে বেশি বড় না হোক নিজেদের মধ্যে এ দেশের নিয়মে তাদের বিয়ে হবে। মিলাকে নিয়ে তার মায়ের বাড়িতে তুলবে।
মিলা লকডাউনে আছে কুইন্সে। রাহাতের মা ব্রুকলিনে আর সে তো হাসপাতাল নিয়েই ব্যস্ত।
মিলা ফোন দিল। রিং হয়, তার মানে রাহাত ড্রাইভ করছে। মিলা মনে মনে ঠিক করল আজ দেখা করতে যাবে।
রাহাত বাংলা বলতে পারে, লিখতে ও পড়তে পারে না। এর জন্য মিলা তার মায়ের উপর রাগ করে। তিনি তো আর আমেরিকায় জন্ম নেননি, তিনি তো পারতেন ছেলেকে বাংলা শেখাতে। মিলা ঠিক করেছে, বিয়ের পর রাহাতকে বাংলা পড়া শেখাবে। কবিতা পড়তে শেখাবে। রাহাত আবৃতি শুনতে পছন্দ করে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের এই সময়টা ডাক্তার–নার্সসহ হাসপাতালের সব কর্মীর জন্য বেশ সংকটময় সময় বলে বলে মনে করা হচ্ছে। কেননা তারা এই সময় ফ্রন্টলাইনে থেকে রোগীদের চিকিৎসা দিচ্ছেন। এরই মধ্যে বিশ্বে অনেক চিকিৎসক এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। দুজন আত্মহত্যাও করেছে মিলা খবরে দেখেছে। একজন ডাক্তার হিসেবে রোগীদের অনেক কাছাকাছি যেতে হচ্ছে তাদের।
এই পরিস্থিতিতে রাহাত নিজেকে কতটুকু নিরাপদ বোধ করছে এবং কী কী করছে–এসব নিয়ে মিলার সঙ্গে প্রতি দিন গল্প করে। রাহাতের সঙ্গে গল্প শুনে মিলা এখন তার রোগীদের চেনে। রোগীদের বেশির ভাগ মারা গেছে। কেউ কেউ সেরে উঠলে রাহাতের সঙ্গে মিলাও খুশি হয়।
কোভিড-১৯ মহামারি বিশ্বজুড়ে যে আতঙ্কের সৃষ্টি করেছে, তাতে দেবদূত এখন স্বাস্থ্যকর্মীরাই। সারা বিশ্বেই স্বাস্থ্যকর্মীরা প্রাণপণ এই মহামারির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে করতে প্রাণ দিয়ে দেওয়া ডাক্তার-নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর সংখ্যাও নেহাত কম নয়। এসব নিয়ে মিলার মনে রাহাতের জন্য ভয় বাসা বাঁধে। রাহাত সাহস দিয়ে বলে, তুমিও যদি মায়ের মতো দুর্বল মনের মানুষ হও, তাহলে তোমার সঙ্গে আমার বিয়ে হবে না। মিলা এখন প্রতিদিন রাহাতের ফোনে মৃতের সংখ্যা গুনে চলে।
রাহাত বলে জানো, মেন্ডিলা আজ চলে গেল। সিডনির অবস্থা ড্রপ করছে, সুসানের অপারেশন করা দরকার, তবে সিনিয়ররা এই সময়ে পারমিশন দিচ্ছে না। করোনা রোগীদের প্রায়োরিটি করতে গিয়ে অন্য রোগীদের প্রতি কিছুটা হলেও অবিচার করা হচ্ছে।
কোভিড-১৯–এ আক্রান্ত হয়ে তারপর সেরে ওঠাদের বলা যায়, করোনাজয়ী। রাহাত এও বলে, এই যুদ্ধে জেতা কঠিন কিছু নয়, দরকার শুধু মনের জোর ধরে রাখা আর চিকিৎসকদের প্রতি অটল বিশ্বাস। সেই সঙ্গে অবশ্যই মানতে হবে উপযুক্ত স্বাস্থ্যবিধি।
মিলার ফোন বেজে উঠল। পুরো রিং হওয়ার আগেই মিলা ফোন ধরল।
রাহাত বলছে, জানো? সরকার আমাদের জন্য হোটেল রুম দিয়েছে। আজকে থেকে আর বাসায় যেতে হবে না।
মিলা দেখতে চাইলে রাহাত ফেসটাইমে তার রুম দেখায়। দুটিড বেড। রাহাতের রুম থেকে ইস্ট রিভার সাইডে ম্যানহাটন দেখা যায়।
মিলা বলে তোমাকে দুই বেডের রুম দিয়েছে! বাহ্, ভালো তো। তোমার রুম থেকে নদী দেখা যায়। সিটির লাইট দেখা যায়। বাহ্, কি সুন্দর ভিউ!
এই হোটেলে আমাদের হাসপাতালের সবাই থাকবে।
মিলা বলে, আমাদের অনেক দিন দেখা হয় না।
দেখা হবে, এখন সময়টা ভালো না। যদিও খুব সহজে এটা সেরে যাবে না। ধৈর্য রাখো একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে।
রাহাত মিলাকে ফোনে চুমু খায়।
ফোন টেবিলের ওপর রেখে কাপড় বদলায়। ফোনকে বাথরুমের বেসিনের সঙ্গে আটকে রেখে গোসল করে। মিলা চেয়ে চেয়ে দেখে রাহাত যেন এই কদিনে আরও সুন্দর হয়েছে। মিলার অন্য রকম অনুভূতি হতে লাগল। হাত পায়ে শিরশিরে অনুভূতি হলো। মিলা আহ্লাদী স্বরে জানতে চায়, বাবু আমাদের কবে দেখা হবে! আমি কি আসব তোমাকে দেখতে?
আরে পাগল নাকি? তুমি কি জানো না, এই মুহূর্তে ডাক্তাররা হলো করোনার সুপার স্পেডার। বলছি তো ধৈর্য ধরো, সব ঠিক হয়ে আসবে।
আচ্ছা রাখি এখন ঘুমাতে হবে। সারা দিন বেশ দেখল গেছে।
মিলা ফোন কেটে সোফায় বসে থাকে। তার মাথায় রাহাতের গোসলের দৃশ্য ঘুরতে থাকে। এসব ভাবতে ভাবতে সেও সোফায় ঘুমিয়ে পরে।
মিলা স্বপ্নে দেখে, রাহাতের পাশে বউ সেজে বসে আছে। কিন্তু রাহাতকে বাঙালি বিয়ের পোশাকে তেমন কমফোর্টেবল মনে হলো না। কেমন যেন উসখুস করছে। মিলাকে কপট রাগ দেখিয়ে ফিসফিস করে বলছে, তুমি আর মায়ের জন্য এসব গা চুলকানি বিয়ের পোশাক পরেছি।
ঘুম ভেঙে গেলেও মিলার চোখ থেকে রাহাতে বিয়ের সাজের উসখুসানী গেল না। ততক্ষণে মিলা গাড়ি স্টার্ট দিয়ে সোজা হোটেলের দিকে রওনা দিল। ফাঁকা রাস্তা অল্প সময়েই পৌঁছে গেল ডাবল ট্রি থ্রি স্টার হোটেলে। ফ্রন্ট অফিস ফাঁকা। একজন সিকিউরিটি দুর থেকে পরিচয় জানতে চাইলে ডাক্তার রাহাতের নাম বলে রুমে যাব বলায় লিফট দেখিয়ে দিল। ২৪৪ রুম খুঁজে পেয়ে মন খুশিতে নেচে উঠল। ভাবল কল দেবে? নাহ্ থাক কল দেবে না। কল দিলে ও বুঝে ফেলবে।
সারপ্রাইজ দেওয়া যাক! মিলা দরজা নক করল, একবার, দুবার, তিনবার, চারবারে দরজা খুলল সিনথিয়া!
কোন রকমে শরীরে টাওয়েল পেঁচিয়ে প্রায় ঘুমন্ত অবস্থায় বিরক্ত হয়েই দাঁড়িয়ে জানতে চাইল
হু আর ইউ?
আই অ্যাম মিলা! সরি আই থট ইটস রাহাত রুম!
ওহ রাহাত! হি ইজ স্লিপিং।
সিনথিয়া দরজা একটু ফাঁক করলেই মিলা দেখল অর্ধ নগ্ন রাহাত উপুড় হয়ে ঘুমায়।
সরি ফর ডিস্টার্ব। গুড নাইট।
সিনথিয়া দরজা বন্ধ করে দেয়।
মিলা ধীর পায়ে গাড়িতে উঠল। বসে রইল চুপচাপ। সিনথিয়া ডাক্তার। রাহাতের কলিগ। দুজনে একই ডিপার্টমেন্টে কাজ করে। সিনথিয়া বিবাহিত। ও ঘুম চোখে মিলাকে চিনতে পারেনি।
রাহাত বলেছে ডাক্তাররা সুপার স্পেডার! তাহলে দুই ক্লান্ত কলিগ এক সঙ্গে রাতে ঘুমালে করোনা ছড়ায় না?
কিন্তু ভালোবাসা কেড়ে নেয়। করোনা বিশ্বাস কেড়ে নেয়। করোনা আশ্বাস কেড়ে নেয়। করোনা প্রেম কেড়ে নেয়।