করোনায় বাফেলোয় স্থানান্তর বেড়েছে
করোনা মহামারির পর থেকে যুক্তরাষ্ট্রের বড় বড় শহরগুলো থেকে অন্য শহরে মানুষের স্থানান্তরের হিড়িক পড়েছে। স্থানান্তরের ক্ষেত্রে পছন্দের তালিকায় রয়েছে লুইসভিল, কেন্ট ও নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাংলাদেশি অধ্যুষিত শহর বাফেলো। মহামারি শুরুর পর থেকে বিভিন্ন বড় শহর থেকে বাফেলোয় মানুষের স্থানান্তর আগের তুলনায় অনেক বেড়েছে।
করোনা মহামারির ফলে শিক্ষা, অর্থনীতি, সামাজিক পরিসরসহ অনেক কিছুতেই পরিবর্তন আসছে। পরিবর্তন আসছে জনজীবনে। ভাইরাসের সঙ্গে লড়াই করে টিকে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে সবাই। করোনা মহামারির ফলে সবার ভবিষ্যৎ পরিকল্পনায় আসছে বিরাট পরিবর্তন। নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলসের মতো বড় শহরে জীবনযাত্রার উচ্চমানের সঙ্গে খাপ খাওয়াতে না পেরে লোকজন অন্য শহরে স্থানান্তরের সিদ্ধান্ত নিচ্ছে। অন্য শহরে স্থানান্তরের সিদ্ধান্তের পেছনে বেশ কয়েকটি কারণ প্রভাব রাখছে। তার মধ্যে ঘর থেকে অফিস করা, বেকারত্ব, ঘনবসতিপূর্ণ শহরে করোনা দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা ইত্যাদি অন্যতম।
এসব শঙ্কা ও কারণকে মাথায় রেখে লোকজন এমন সব শহরে স্থানান্তরিত হচ্ছে, যেখানে ঘর-বাড়ির ভাড়া বা দাম কম, ব্যবসা-বাণিজ্যের সুযোগ রয়েছে, জীবনযাত্রার মান সাধ্যের অনুকূলে রয়েছে। রিয়েল এস্টেট ওয়েবসাইট রেডফিনের তথ্যমতে, করোনা মহামারি শুরুর পর ২০২০ সালের ২০ মার্চ থেকে অন্য শহরের স্থানান্তরে ইচ্ছুকদের মধ্যে বাফেলোর প্রতি আগ্রহ বেড়েছে। এই সময় বাফেলোতে স্থানান্তরের লক্ষ্যে তাদের ওয়েবসাইটে সার্চের হার প্রায় ১০৭ শতাংশ বেড়েছে। বাফেলোর প্রতি এত মানুষের আগ্রহের পেছনে শহরটির জীবনযাত্রার ব্যয় কম হওয়াই মূল কারণ হিসেবে কাজ করেছে। বর্তমানে বাংলাদেশি মার্কিনদেরও পছন্দের শহর হয়ে উঠছে বাফেলো।
১৯৯০-এর দশকের শুরু থেকে বাঙালি অভিবাসীরা নিউইয়র্ক থেকে মাত্র ৩৭৫ মাইল দূরে যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তের খুব কাছের শহর বাফেলোতে আসতে শুরু করে।
যুক্তরাষ্ট্রের প্ল্যানিং অ্যাসোসিয়েশনের হিসাবমতে, যুক্তরাষ্ট্রের সেরা দশ শহরের তালিকাও রয়েছে বাফেলো। বাঙালিরা স্থানান্তরের পর থেকে বদলে গেছে বাফেলো শহরের কর্মসংস্থান, আবাসন ও নিরাপত্তা ব্যবস্থা। গড়ে উঠেছে হালাল মার্কেট, হালাল রেস্তোরাঁসহ অনেক মসজিদ। অপরাধ প্রবণতা ৭০ শতাংশ থেকে নেমে ৩০ শতাংশে এসেছে।
আবাসন ব্যয় কম হওয়ায় করোনা মহামারি শুরুর পর থেকে বিভিন্ন জায়গা থেকে প্রায় প্রতিদিনই বাফেলোতে বাঙালি অভিবাসীরা স্থানান্তরিত হচ্ছেন। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নানা প্রতারক চক্রও। বাড়ি কেনার ক্ষেত্রে তাই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত বলে পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।