করোনায় বাড়ি বেচাকেনা বেড়েছে
করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রসহ সারা দুনিয়ায় অর্থনৈতিক মন্দা চলছে। এর মধ্যেও যুক্তরাষ্ট্রে বাড়ি বিক্রি থেমে নেই। বরং এ সময়ে আবাসন খাতে বেচাকেনা বেড়েছে। দামও আগের তুলনায় বেড়ে গেছে।
রিয়েল এস্টেট এজেন্টরা মনে করেন, বাড়ি কেনার চাহিদা বাড়তি থাকায় এবং ঋণে সুদের হার কম থাকায় বাড়ি কেনাবেচা বেশি হচ্ছে।
এক পরিসংখ্যানে দেখা গেছে, যখন রাজনৈতিক অস্থিরতা থাকে, তখন বাড়ির মূল্য বেড়ে যায়। একই সঙ্গে বেশি বেশি জনগোষ্ঠী যখন নাগরিকত্ব লাভ করে, তখনো বাড়ির দাম বেড়ে যায়। বর্তমানে রাজনৈতিক অস্থিরতা ও নাগরিকত্ব লাভের হার বেড়ে যাওয়ায় অনেকেই বাড়ির মালিক হতে চাইছেন। আবার অনেকেই রাজনৈতিক অস্থিরতার মধ্যে বাড়ি বিক্রি করে অন্যত্র বাড়ি কিনছেন।
যুক্তরাষ্ট্রের অধিকাংশ নাগরিক মনে করেন, সম্পদশালী হতে এবং অধিক লাভের নিরাপদ বিনিয়োগ হচ্ছে বাড়ি কেনাবেচার ব্যবসা। এ ছাড়া কেউ যদি নিজ বাড়িতে থাকেন, তাহলে পাঁচ বছর পর সেই বাড়ির দাম বেড়ে যায়। একই সঙ্গে ভাড়াও নিজের কোষাগারে যোগ হয়। আবার বিপদে অর্থের দরকার হলে রিফাইনান্স করে ঋণ নেওয়ার সুযোগ রয়েছে। সে কারণে বাড়ি কেনাবেচা সব সময় লাভের ভাগটাই বেশি।
বিশেষ করে বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তান ও চীনারাই বাড়ি কিনতে আগ্রহী থাকেন সব সময়। অনেকেই একাধিক বাড়ি কিনে ব্যবসা করে লাভবান হয়েছেন।
বর্তমানে করোনার কারণে বাড়ি কেনায় ঋণে সুদের হার অন্যান্য সময়ের তুলনায় অনেক কম ধরা হয়েছে। এ ছাড়া ২৫ ভাগ ডাউন পেমেন্ট দিলে কোনো কোনো ব্যাংক ব্যাকগ্রাউন্ড চেক না করে ঋণ দিচ্ছে। এ জন্য বেশির ভাগ মানুষ বাড়ি কিনতে আগ্রহী হচ্ছেন। তাই বাড়ি বেচাকেনার দাম আগের তুলনায় বেড়েছে।
যারা ছোট বাড়ি কিনেছেন, তারা এখন বাড়ি বদল করছেন। কারণ, করোনার এই সময়ে বাড়ি থেকে বের হতে না পারায় ছেলেমেয়েসহ পরিবার–পরিজন নিয়ে খোলামেলা থাকতে বড় বাড়ি কিনছেন অনেকে।
ভালো স্কুল–কলেজর সঙ্গে আছে এমন এলাকায় ঘরবাড়ি চড়া মূল্যে বিক্রি হচ্ছে। অবশ্য মোটামুটি নাগরিক সুযোগ–সুবিধা রয়েছে এমন এলাকায় এখন বাড়ির দাম বেশ ভালোই বেড়েছ।
২০০৮ ও ২০০৯ সালে চরম অর্থনৈতিক মন্দায় যারা বাড়ি কিনেছেন অথবা যাদের বাড়ি হাতছাড়া হয়নি, এসব বাড়ির দামও অনেক বেড়েছে। বাড়ির দাম বাড়ার আরেকটি বড় কারণ হচ্ছে, করোনার কারণে নতুন বাড়ি তৈরি হচ্ছে না। তাই গ্রাহকের চাহিদা অনুযায়ী বাড়ি নির্মাণ হচ্ছে না বলে আগের বাড়িগুলোর দাম বেড়ে গেছে।
যারা দীর্ঘদিন রিয়েল স্টেট ব্যবসায় সুনামের সঙ্গে জড়িত আছেন, তাদের ব্যবসা এখন তুঙ্গে।