করোনায় মানবতার জয়গান

করোনার বিধ্বংসী আঘাতে আজ টালমাটাল পৃথিবী। সুপার পাওয়ারগুলোও দিশেহারা। আকাশে-বাতাসে কান্নার রোল। স্বামী হারিয়েছে তার প্রিয়তমা স্ত্রীকে, সন্তান বাবাকে, বাবার কাঁধে চড়েছে সন্তানের লাশ। শোকের মাতম আজ সারা বিশ্বে। দু দুটো বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞ দেখেছে এই পৃথিবী। শুনেছে মানবতার আর্তনাদ। কিন্তু এবার করোনার হিংস্র থাবা সবকিছুকেই যেন ম্লান করে দিয়েছে।
এই ধ্বংসস্তূপের মধ্যেও জেগে উঠেছে এক নতুন পৃথিবী। যে রূপ ইতিপূর্বে কেউ আর কখনো দেখেনি। কান্নার শোরগোল ছাপিয়েও সারা বিশ্বে শোনা গেল মানবতার জয়গান। যার ঢেউ এসে আঘাত করেছে আটলান্টিক পাড়ের শহর এই নিউইয়র্কেও।
ডা.ফেরদৌস খন্দকার। জ্যাকসন হাইটসে যেতে তাঁর মেডিকেল অফিসের সাইনবোর্ড চোখে পড়েছে বহুবার। আর দশজন চিকিৎসকের বাইরে অন্য কিছু মনে হয়নি কখনো। কিন্তু করোনা যখন থাবা বসাল এই শহরে আমরা আবিষ্কার করলাম অন্য এক ফেরদৌস খন্দকারকে। স্টেথিসকোপ ফেলে রেখে মানবতার ডাকে সাড়া দিয়ে রাস্তায় নেমে পড়লেন তিনি। নিজ হাতে বানানো স্যানিটাইজার বিলি করতে লাগলেন প্রবাসীদের মধ্যে। শুধু বাঙালি নয়, এশিয়ান নয়, মুসলমান নয়—জাতি -ধর্মের ঊর্ধ্বে উঠে তিনি সেবা দিতে লাগলেন মানুষকে। শুধুই মানুষকে।
করোনার যত বিস্তার ঘটাল, আমরা দেখলাম তাঁর নতুন রূপ। কখনো চাল, ডাল, তেল, মসলা নিয়ে ছুটে যাচ্ছেন লকডাউনের মধ্যে অসহায় মানুষের ঘরে ঘরে। আমরা সংবাদপত্রে যখন দেখছি বাংলাদেশে করোনা আতঙ্কে সন্তান তাঁর জন্মদাত্রী মাকে রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে যাচ্ছে, আক্রান্ত হওয়ার ভয়ে কোনো আলেম জানাজা পড়াচ্ছেন না করোনায় মৃতের, পুলিশ কর্মকর্তাকে পালন করতে হচ্ছে ইমামের ভূমিকা, সেখানে সেই বাংলার সন্তান ডাক্তার ফেরদৌস ফোন পেয়ে ছুটে যাচ্ছেন করোনা রোগীর ঘরে ঘরে। তাঁকে অভয় দিচ্ছেন, সেবা দিয়ে সারিয়ে তুলছেন নিজের জীবন বাজি রেখে। কর্মক্লান্ত দিনের শেষে ভিডিওতে পরামর্শ দিচ্ছেন কীভাবে করোনা থেকে বাঁচা যাবে। যারা আক্রান্ত হয়েছেন সাহস জোগাচ্ছেন তাঁদের, টেলিমেডিসিন দিচ্ছেন করোনামুক্ত হয়ে নতুন জীবনে ফিরে আসার।
করোনার মধ্যে নিউইয়র্কের হাসপাতালে হাসপাতালে বিলি করতে লাগলেন ফেইস মাস্ক, গ্লাভস ইত্যাদি। এখানেই শেষ নয় তাঁর সেবার হাত পৌঁছে গেল বাংলাদেশেও। সেখানকার চিকিৎসকদের জন্যও তাঁর পক্ষ থেকে পৌঁছে গেল নিরাপত্তা সামগ্রী তথা এন-৯৫ মাস্ক, গ্লাভস ইত্যাদি।
করোনা এতই ছোঁয়াচে যে সরকারি উদ্যোগে মৃতদেহের শেষকৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হতো। সেই বিপর্যয়ের মুহূর্তে সামনে এগিয়ে এলেন আল নুর কালচারাল সেন্টারের পরিচালক মুফতি মোহাম্মদ ইসমাইল। করোনা ভীতিকে উপেক্ষা করে মৃতদেহের জানাজা পড়ানোর ঘোষণা দিলেন তিনি। মানুষ অবাক হয়ে প্রত্যক্ষ করল এই মানবিক মানুষকে।
প্রবাসের আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটি। সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদের ভূমিকা চোখে পড়ার মতো। কিন্তু করোনা তাণ্ডবের সময় দেখা গেল সংগঠনটির আরেক রূপ। করোনা মৃতদের জন্য ফ্রি করে দিলেন তাঁদের কবরস্থান। শতাধিক কবর দেওয়া হলো সম্পূর্ণ বিনা মূল্যে। যারা অসমর্থ, কবরের জায়গা ছাড়াও ফিউনারেল খরচ তুলে দেওয়া হলো তাদের হাতে।
ব্রঙ্কসের সুপরিচিত ব্যবসা প্রতিষ্ঠান আল-আকসা গ্রুপ। আল-আকসা রেস্টুরেন্ট, আল-আকসা সুপার মার্কেট, ঢাকা সুইটসসহ আরও অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তাদের। করোনা-পূর্ব এবং করোনার সময়েও জমজমাট ছিল তাদের ব্যবসা। ইতিপূর্বে সামাজিক কোনো কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততা কেউ কোনো দিন দেখেনি। করোনা বিপর্যয়ের সময় তাঁরাই কাগজপত্রহীন অভিবাসীদের পাশে এসে দাঁড়ালেন। অর্থ ও খাবার তুলে দিলেন তাদের হাতে পরম মমতায়।
সামাদ মিয়া জাকের; পেশায় এমটিএ ট্রেন চালক। তাঁর স্ত্রীও কাজ করেন সিটির সেবা সার্ভিস ৯১১-এ। দুই ভাই, ভ্রাতৃবধূ সবাই চিকিৎসক। সবাই ফাস্ট রেসপন্ডার। ডিউটি শেষে গাড়ি নিয়ে বের হন অসহায়দের ঘরে ঘরে খাবার পৌঁছে দিতে। প্রচারবিমুখ এই মানুষগুলোর সকাল-সন্ধ্যা কাটে মানুষকে সেবা দিয়েই।
আবাসন ব্যবসায়ী সালেহ উদ্দীন, অ্যাম্বুলেন্স চালক মোতাসিম বিল্লাহ তুষার, রেস্টুরেন্ট ব্যবসায়ী খলিলুর রহমান, সমাজকর্মী মামুন ইসলাম, ইমাম মাওলানা আবুল ইয়াহিয়া—এঁরা সবাই সন্ধ্যায় দাঁড়িয়ে যান ব্রঙ্কসের রাজপথে মানুষের হাতে খাবার তুলে দিতে। মানুষই যে মানুষের জন্য—কোভিড-১৯ এই চরম সত্যটিই যেন নতুন করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বিশ্ববাসীকে।