করোনায় মেমোরিয়াল ডে উদ্যাপন হবে যেভাবে
আমেরিকায় দুটি বিশেষ দিন আছে, যে দুই দিনে দেশবাসী তাদের বীরদের স্মরণ করে। একটি মেমোরিয়াল ডে, অন্যটি ভেটার্নস ডে। আমেরিকার হয়ে যুদ্ধ করে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় মেমোরিয়াল ডে’তে। আর ভেটার্নস ডে পালিত হয় জীবিত ও মৃত সব যোদ্ধার
সম্মাননা জানানোর মাধ্যমে। প্রতি বছর মে মাসের তৃতীয় সোমবার মেমোরিয়াল ডে উদ্যাপিত হয়। সেই হিসেবে এ বছর দিনটি উদ্যাপিত হবে আগামী ২৫ মে। করোনাভাইরাস মহামারির কারণে পুরো আমেরিকায় এখন লকডাউন চলছে। বিরুদ্ধ পরিবেশে কীভাবে মেমোরিয়াল ডে উদ্যাপন করা হবে, এটাই এখন আলোচনার বিষয়। দিনটা উদ্যাপনের জন্য ইতিমধ্যে ফেডারেল সরকার ও স্টেট সরকার গাইড লাইন তৈরি করেছেন।
আমেরিকায় আসার পরে আগ্রহ ছিল, বাংলাদেশে যেভাবে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে সম্মানিত করা হয়, এখানেও কি সেভাবে কোন উদ্যাপন আছে! বাস্তবে দেখলাম এখানে উদ্যাপন আরও বেশি ব্যাপক ও অর্থবহ। কারণ আমেরিকার লড়াইয়ের ইতিহাস অনেক পুরোনো। পৃথিবীর বিভিন্ন দেশে আমেরিকান সৈন্যরা এখনো যুদ্ধ করছে। আমেরিকার হয়ে যারা যুদ্ধ করেছে, তাদের এই দেশের সবচেয়ে সম্মানিত নাগরিক ভাবা হয়। এমনকি তাদের পরিবারের সদস্যরাও চাকরি-পড়াশোনা, সরকারি যে কোন বরাদ্দের ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার পায়।
রান্না রেসিপি লিখে আমেরিকায় খ্যাতির শিখরে ঠাঁই পাওয়া ‘পাওনিয়ার ওম্যান’ রি ডার্মওন্ডকে কে না চেনে! কাউবয়ের গর্বিত স্ত্রী, চার সন্তানের মা ডার্মওন্ডের সবচেয়ে গর্বের জায়গা ওনার বাবা আমেরিকান সেনাবাহিনীর হয়ে জীবন উৎসর্গ করেছেন। ইনস্টাগ্রামে ওনার ৩৩ লাখ ফলোয়ারের আমি একজন। মেমোরিয়াল ডে’তে বাবার ছবির পাশে মেয়ের আবেগময় কথা খুব হৃদয় স্পর্শ করেছিল। তখনই সিদ্ধান্ত নেই মেমোরিয়াল ডে সম্পর্কে আরও জানবার।
জীবন উৎসর্গকারী প্রত্যেকটি সৈন্যের পরিবারকে এই দেশে সর্বোচ্চ সম্মানের চোখে দেখা হয়। মেমোরিয়াল ডে’তে পরিবারের সদস্যরা সমবেত হন হারানো স্বজনের সমাধির সামনে। তবে এবার লকডাউনের কারণে দশ জনের বেশি একসঙ্গে সমবেত হতে পারবে না। যদি অনেক মানুষের মধ্যে মৃত ব্যক্তিকে স্মরণ করতে হয়, তবে লকডাউনের নীতিমালা অনুযায়ী তাঁর একটি মূর্তি কিংবা বিশাল এক ছবি ড্রাইভওয়ে কিংবা গাড়ি চলাচলের পথে রাখা যায়। যাতে করে সবাই জীবনদানকারী বীর সম্পর্কে জানতে পারবে। দূর থেকে স্যালুট দিয়ে সম্মান জানাতে পারবে। ইচ্ছে করলে ছবির নিচে কিছু লিখে আসতে পারবে।
ফুল কেনার জন্য অর্থ দান করা যেতে পারে মেমোরিয়াল ডেতে। জর্জিয়া ও আটলান্টায় বহু জাতীয় স্মৃতিস্তম্ভ আছে। সেখানে কর্তৃপক্ষকে ফুল কেনার অর্থ দিলে তারা সুন্দর করে ফুল দিয়ে স্মৃতিস্তম্ভগুলো সাজাতে পারবে। বয়স্ক জীবিত সৈন্যদের বাড়িতে ফুলের তোড়া পাঠাতে পারবে। এর বাইরে নিজের বাড়িও ফুল দিয়ে সাজাতে পারে যে কেউ এই দিন উপলক্ষে। লাল, সাদা ও নীল ফুল দিয়ে সাজানো যেতে পারে। এই তিনটি রং আমেরিকার জাতীয় পতাকাতে আছে।
এবার মেমোরিয়াল ডে’তে বহু জায়গায় কনসার্ট হবে না লকডাউনের কারণে। তার পরিবর্তে বিভিন্ন রেডিও স্টেশনগুলি দিনব্যাপী আমেরিকার বিখ্যাত উপস্থাপকদের দিয়ে বিভিন্ন অনুষ্ঠান সঞ্চালনা করবে ও দেশপ্রেমের গান অনএয়ার করবে।
সোশ্যাল মিডিয়াতে সম্মান জানানো যেতে পারে। কেউ যদি দেশের হয়ে কোন যুদ্ধে মারা যান, আর উনি কারও পরিচিত হলে মেমোরিয়াল ডে খুব সেরা সময় অনলাইনে তাঁকে স্মরণ করার। ফেসবুক, ইনস্টাগ্রাম বা টুইটারে আবেগময় বাণী দেওয়া যাবে। পরের বছর ফেসবুক মেমোরি আবার স্মরণ করিয়ে দেবে সেই পোস্ট। এদিকে, যুদ্ধে নিহত কোন বীরের পরিবারের কথা শোনা যেতে পারে এই দিনে। কিংবা ভেটার্নস বা যুদ্ধ করে যারা বেঁচে আছেন, তাদের কথাও শোনা যেতে পারে এই দিনে।
তবে সবচেয়ে সহজ ও সম্মানিত উপায়ে বীরদের উদ্দেশ্যে নিজের ভালোবাসা জানানোর উপায় হবে লকডাউনের মধ্যে আমেরিকার জাতীয় পতাকা বাড়ির সামনে উত্তোলন করা। তবে আমেরিকার পতাকা ওড়ানোর নিয়ম ও গাইড লাইন মেনে এই কাজটি করবে হবে।