করোনায় ম্যারিল্যান্ডে যেমন আছি আমরা
আজ শনিবার ১৪ মার্চ। যদিও শনিবার সাপ্তাহিক ছুটির একটি দিন, তবু অন্যান্য কর্মদিবসের ন্যায় শনিবারও আমার অনেক কাজকর্ম থাকে। ব্যস্ততার মধ্যেই দিন কেটে যায়। কিন্তু আজ সকালে যখন ঘুম ভাঙল, তখন শুয়েছিলাম আর মনে মনে ভাবছিলাম, আজ কী করব। কারণ আজ আমার তেমন কোনো কাজ নেই। অন্য কোন সময় হলে জিনিসটা হয়তো ভেবে অনেক শান্তি অনুভব করতাম। কারণ আমাদের এই ব্যস্ততম জীবনে, একদিন যদি ছুটি পাওয়া যায় আর করার তেমন কাজ না থাকে, আনন্দের আর শেষ থাকে না। কিন্তু এখন চারদিকে করোনা ভাইরাসের যে মহামারি দেখা দিয়েছে, যতই চেষ্টা করছি নিশ্চিত থাকতে পারছি না। নানা রকমের চিন্তা–ভাবনায় একটা আতঙ্কের মধ্যে আছি।
আমি যেহেতু চাকরি করি, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত টানা নয়টা-পাঁচটা অফিসের জীবন আমার। এরপর বাসায় আসার পর থাকে নানা কাজ। ঘর-সংসার সামলানো, বাচ্চাদের সামলানো, ঘরের প্রয়োজনীয় বাজার-সদাই করা। সন্ধ্যায় বাচ্চাদের বিভিন্ন অ্যাকটিভিটিসে নিয়ে যাওয়া। সামাজিকতা রক্ষা করা ছাড়াও আরও অনেক অনেক কাজ থাকে। শনিবার আমার দিনটি খুবই ব্যস্ত থাকে। কারণ শনিবার আমাকে সাপ্তাহিক বাজারগুলো করতে হয়। তারপর আমার ছেলের কারাতে ক্লাস থাকে। কিন্তু এই করোনা ভাইরাসের আতঙ্কে এবং সতর্কতা ও প্রস্তুতি হিসেবে দুই সপ্তাহ ধরে প্রচুর পরিমাণ খাবারের ও প্রয়োজনীয় জিনিসপত্রের বাজার করে রেখেছি। চাল, ডাল, তেল, বোতলের পানি কিনেছি। আর সঙ্গে আমাদের নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস লন্ড্রি ডিটারজেন্ট, ক্রিম লোশন, সাবান-শ্যাম্পু, পেপার টাওয়েল। তারপর প্রয়োজনীয় ওষুধপত্র তো সঙ্গে আছেই।
এর মধ্যে গত সপ্তাহে আমি বাজার করতে গিয়েছিলাম আমেরিকার সবচেয়ে বড় হোলসেল স্টোর কসকোতে। সেখান থেকে আমার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়েছি, তার মধ্যে লন্ড্রি ডিটারজেন্ট রয়েছে। রয়েছে পানির বোতলের দুটি কেইস। সেখানে প্রয়োজনীয় ব্যবহারের জিনিসপত্রের দুইটি করে লিমিট করে দিয়েছে প্রত্যেকের জন্য। এরপরও সেখানে টয়লেট টিস্যু, পেপার টাওয়েল, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড সোপ শেষ হয়ে গিয়েছিল। পরে আমি বাসায় এসে কসকো অনলাইনে চেক করে দেখলাম, সেখানেও আউট অফ স্টক ছিল। তারপর আমি আমাদের বাসার কাছে একটা সিভিএস ফার্মেসিতে গিয়েছিলাম। সেখানে টয়লেট পেপার, পেপার টাওয়েল, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড শপ, বেশ কিছু পরিমাণে কিনে রেখেছি। এই উইক এন্ডের দোকানপাটের কথা আর নাই বা বলি। কারণ দোকানপাটের যেসব সেকশনগুলোতে শুকনো খাবারদাবার ছিল, সেগুলো শেষ।
চারদিকে সবাই এই ভাইরাসের ভয়ে আতঙ্কিত। কিন্তু এই বিপদের সময় আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বন করাটা বেশি জরুরি। আমি আমেরিকার মেরিল্যান্ডে বসবাস করি। আমার মেয়েরা কলেজে যায় এবং আমার ছেলে স্কুলে যায়। এখানে আগামী দুই সপ্তাহের জন্য ম্যারিল্যান্ডের সব স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। কলেজে এই সপ্তাহের আগে থেকেই স্প্রিং ব্রেক ছিল, এরপরে দুই সপ্তাহ বাসা থেকে অনলাইনে ক্লাস করার সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। অনেক অফিস-আদালতে বাসা থেকে কাজ করার সুযোগ-সুবিধা আছে। সেগুলোতে ইতিমধ্যে বাসা থেকে কাজ করার সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে।
আজকের সংবাদে বলা হয়েছে, অনেক জায়গার গ্রোসারি স্টোরের শেলফ খালি হয়ে যাবে। আন্তর্জাতিক ভ্রমণে অনেক রেস্ট্রিকশন জারি করা হয়েছে। অনেক জায়গায় সামাজিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এ পর্যন্ত আমেরিকায় শুধু ওয়েস্ট ভার্জিনিয়া ছাড়া প্রতিটি স্টেটে পজিটিভ টেস্ট পাওয়া গেছে। স্টেট ইমারজেন্সি তো অনেক আগে থেকেই চলছে, আজ ন্যাশনাল ইমার্জেন্সি জারি করা হয়েছে।
আসুন আমরা সবাই মিলে সতর্কতা অবলম্বন করি। আর এই মহামারি থেকে বেঁচে থাকার চেষ্টা করি।