করোনায় যেমন আছেন আমাদের জ্যেষ্ঠরা
দিন গড়ানোর সঙ্গে সঙ্গে আমেরিকায় বাঙালি কমিউনিটির ভিত অনেক মজবুত হয়েছে। এখানে গড়ে উঠেছে মুক্তবুদ্ধিসম্পন্ন মানুষের একাধিক সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন। যেখানে আছেন একাধিক অভিভাবক, ক্রান্তিকালে যাদের কাছে আমরা সঠিক দিকনির্দেশনা পাই। কিন্তু এখন তো করোনাভাইরাসের ক্রান্তিকালে সবচেয়ে ঝুঁকিতে আছেন তাঁরা। আমাদের জ্যেষ্ঠরা কেমন আছেন, এই সম্পর্কে খোঁজখবর নিয়ে এই লেখা।
ওয়াশিংটন ডিসির বাসিন্দা বিটিভির এককালের তারকা সংবাদ পাঠক কাফি খান সম্প্রতি তাঁর ৯২তম জন্মদিন পালন করেছেন। তিনি সুস্থ আছেন বলে জানা গেছে। সদ্য ৮১তম জন্মদিন পালন করা শিকাগোতে বসবাসরত লেখক খাইরুল আনাম জানালেন, ‘গৃহবন্দী সময় কাটাচ্ছি। আমার জন্মদিন পালন করতে এসে মেয়েটা বাসায় আটকা পড়েছে। ও থাকাতে ভালো হয়েছে। কথা বলার কাউকে পাওয়া গেল।’
গত মার্চ-এপ্রিল মাসে শরীর খুব খারাপ ছিল লেখক শামসাদ হুসাম চৌধুরীর। এখন সেরে উঠছেন। সংগীতজ্ঞ মুত্তালিব বিশ্বাস ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গায়ক শহীদ হাসান ঘরবন্দী দিন কাটাচ্ছেন। বয়স্ক মাকে নিয়ে শিল্পী কাবেরী দাস দীর্ঘদিন ধরে গৃহবন্দী। অসুস্থ স্বামী আলী শিকদারকে নিয়ে ঘরে আছেন নজরুল সংগীত শিল্পী রুকসান আরাও।
এস্টোরিয়ার ফ্ল্যাটে দেড় মাসের বেশি সময় ধরে স্ত্রীসহ ঘরে বন্দী সংস্কৃতিকর্মী ও এককালের সক্রিয় রাজনৈতিক কর্মী সুব্রত বিশ্বাস। করোনা মহামারির ভয়াবহতা নিয়ে প্রায় ৭৫ বছর বয়সী এই মানুষটি বলেন, ‘ভয়, অদৃশ্য ভাইরাসে আক্রান্ত হলে নির্ঘাত মৃত্যু। মানুষের সবচেয়ে প্রিয় তার জীবন। তারপরও মানুষ অকাতরে জীবন দিতে পারে। যদি সেই মৃত্যুর ভবিষ্যৎ থাকে। মুক্তিযুদ্ধে জীবন দিতে গেছি, ভয় ছিল না। শহীদ হওয়ার গর্ব ছিল। এ মৃত্যুর কোন ভবিষ্যৎ নেই, এ মৃত্যু নিরর্থক। ঘরে থাকার একাকিত্ববোধ করছি না। মানুষের অসহায় মৃত্যুর খবর শুনে পীড়িত হচ্ছি। একজন করোনা রোগী হাসপাতালের এক রুমে পড়ে আছেন। ভাই, বোন, মা-বাবা, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবহীন অবস্থায় অসহায়ের মতো চলে যাচ্ছে। একটুখানি সান্ত্বনা দেওয়ার কেউ নেই। এক গ্লাস পানি দেওয়ার কেউ নেই। এ নিষ্ঠুর বেদনা সহ্য করার নয়। এত কিছুর পরও মানুষের পরিবর্তন দেখছি না—এটাই বড় বেদনা।’
এস্টোরিয়া থার্টি অ্যাভিনিউয়েতে একটি অ্যাপার্টমেন্টে পরিবার নিয়ে থাকেন প্রবীণ সাংবাদিক মোহাম্মদ মাহমুদউল্লাহ। স্ত্রী দিলরুবা আহমেদ নাসিমাসহ বাসায় আছেন ছোট ছেলে ও ছেলের স্ত্রী। বাসার উল্টো দিকে মাউন্ট সিনাই হাসপাতাল। সারা দিন, সারা রাত অ্যাম্বুলেন্স আসতে থাকে। দিনের বেলা আওয়াজটা এত কানে বাজে না। তবে রাত হলে তীব্রতা পায়। সব সময় ব্যস্ত দিনযাপন করা মাহমুদউল্লাহ দম্পতি মনে করেন, লকডাউন পরিস্থিতির কারণে এখন কিছুটা বিশ্রাম পাচ্ছেন। বিভিন্নজনের সঙ্গে ফোনে কথা বলে ভালোই সময় কাটছে এখন। শারীরিক ব্যায়াম প্রসঙ্গে মাহমুদউল্লাহ বললেন, ‘আগে তো নিয়মিত ফুটপাত কিংবা পার্কে হাঁটতে যেতাম। এখন তো সেটা সম্ভব নয়। এ জন্য বাসার মধ্যেই হাঁটি। ছেলে পিঠে তাঁর ভারী ব্যাগটা দিয়ে দেয়। সেই ব্যাগ নিয়ে আধ ঘণ্টা হাঁটি।’ দিলরুবা আহমেদ বললেন, ‘বহুদিন পরে পারিবারিক জীবন উপভোগ করছি। বিকেলে হয়তো ডালের বড়া বানালাম। সবাই চা দিয়ে খায়। আগে তো বিকেলে কারওই বাসায় থাকা হতো না। ছেলের বউয়ের অবশ্য অনলাইনে কাজ করতে হয়।’
কীভাবে দিন কাটাচ্ছেন জানতে সাংবাদিক মনজুর আহমেদ স্বগতোক্তির সুরে বলেন, ‘দিন কাটছে প্রহর গুনে গুনে, যা খুবই বিরক্তিকর। চিরন্তন অভ্যাসমত কলম হাতে নিয়ে বসি। লেখা এগোয় না। অবসন্ন লাগে। শরীর-মন ভেঙে আসে। হঠাৎ হঠাৎ একটা-দুটো কবিতা লিখে ফেলি। জানি না সেগুলো কিছু হয় নাকি!’ ৭৮ বছর বয়সী মনজুর আহমেদ যেন এই করোনাকালে দার্শনিকের ভূমিকায়। বলেন, ‘দিনান্ত আমাকে খুব পীড়া দেয়। দিনান্তের সঞ্চয় শুধু নিশান্তে পথপ্রান্তে ফেলে যেতে হয়।’ দিন শেষের সূর্যাস্ত আমার মনে একটা অদ্ভুত বোধের জন্ম দেয়। মনে হয়, আরও একটা দিন চলে গেল আমার জীবন থেকে। এই চলে যাওয়াকে তো অস্বীকার করা যাবে না, করা যায় না। চলে তো যেতেই হবে। ‘চাহি না রহিতে বসে ফুরাইলে বেলা, তখনই চলিয়া যাব শেষ হলে খেলা।’ চলে যাব, কিন্তু একটা অকর্মণ্য সময় কাটিয়ে চলে যাব, তা ভাবতে কষ্ট হয়। করোনার এই দুঃসময় আমার দিনগুলোকে অর্থহীন করে তুলেছে। এমন বিরক্তিকর অলস সময় কখনো আমার জীবনে আসেনি। কর্মব্যস্ততায় ডুবে থাকতে ভালোবাসি। সাংবাদিকতা পেশায় আমার প্রবল আনন্দ। লেখালেখি আমাকে উচ্ছ্বসিত রাখে। নিজেকে ব্যস্ত রাখতে আমি আরও একটা ছোট কাজ দুই দিনের জন্য করি। বেশ কেটে যেত সময়। কিন্তু এখন কী অসহনীয় অবস্থা। এখন বদ্ধ জীবনের প্রতিটি দিন আমার কাটছে প্রহর গুনে, যা খুবই বিরক্তিকর। জীবনের এই শেষ বয়সে আমার অনেকগুলো উজ্জ্বল দিন কেড়ে নিয়ে গেল করোনাভাইরাস।’ স্ত্রী অভিনেত্রী রেখা আহমেদকে নিয়ে কাটছে মনজুর আহমেদের করোনাকাল।
আশির কাছাকাছি বয়স হলেও নিউইয়র্কের মানুষের কাছে বেলাল বেগ এখনো ২২ বছর বয়সী তরুণ। করোনা মহামারির ভয়াবহতা তাঁকে প্রভাবিত করেনি। সময় পেলে গলা ছেড়ে গান করেন। স্ত্রী খাইরুন্নেসাকে নিয়ে ব্রুকলিনের বাড়ির পেছনে বাগান পরিচর্যা করেন। হাসতে হাসতে বলেন, ‘আমার স্ত্রী বাগানের মালিক। আমি হলাম কর্মচারী। উনি যেভাবে বলেন, সেইভাবে করার চেষ্টা করি। হা হা হা।’
গৃহবন্দীত্বের জীবনে ফেসবুকে প্রিয় মানুষদের লেখা পড়েন বেলাল বেগ। বই পড়তে ভালো লাগে না এখন আর! তিনি বলেন, ‘জীবনে তো অনেক বই পড়েছি। তাতে কী হয়েছে? যে দেশকে এত ভালোবেসেছি, সেই মাতৃভূমি এখন কিছু লোকের বিলাসিতার জায়গা। প্রতিটি জীবন সংকটময়। বিশেষ করে মেয়েদের। আমরা এই পরিস্থিতি উত্তরণে ঐক্যবদ্ধ হতে পারিনি।’
করোনাভাইরাস মহামারিতে যারা মানসিকভাবে বিধ্বস্ত তাদের নিয়মিত কাউন্সেলিং করছেন সাংবাদিক নিনি ওয়াহিদ। সেই সত্তর দশকে সদ্য স্বাধীন বাংলাদেশে যে গুটি কতেক নারী সাংবাদিকতা শুরু করেছিলেন, তিনি সেই অগ্রজদের একজন। তিনি বলেছেন,‘এ এক নতুন জীবন। বন্দিত্বের জীবন। আমরা এক সময় বেপরোয়া হয়ে বন-বাদাড় উজাড় করেছি। আল্লাহ বলেছেন, সীমা লঙ্ঘন করো না। আমরা সেটা করেছি। শুধু বাঙালি নয়, সারা বিশ্বের মানুষ এটা করেছে। এটাই সভ্যতার সংকট। শেক্সপিয়ার, হেমিংওয়ে, লেনিন, মার্কস থেকে রবীন্দ্রনাথ—সবাই বলেছেন সভ্যতার সংকটের কথা। দিন দিন এই সংকট তীব্র থেকে তীব্রতর হয়েছে। ইয়েমেন-সিরিয়াতে বোমা ফেলে শিশুদের হত্যা করছি। কী দোষ ওই নিষ্পাপ শিশুদের? আমাদের মধ্যে সব সময় চাই-চাই, খাই-খাই একটা ভাব। করোনাভাইরাস আমাদের সবার দম্ভকে চুরমার করে দিয়েছে।’
পুরোনো দিনের স্মৃতিচারণ করে এভাবে দিন কাটছে নিনি ওয়াহিদের। বলেন-‘বই পড়ছি। মন চাইলে লিখছি। পুরোনো বন্ধুদের সঙ্গে কথা হচ্ছে বহুদিন পরে। কাউন্সেলিং করছি।’ ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার মেয়েদের পরামর্শ দিচ্ছেন তিনি।
সারা জীবন একাকী ও নিঃসঙ্গ জীবন কবি আলেয়া চৌধুরীর। করোনাভাইরাস সেই জীবনকে আরও সংকটময় করেছে। রকওয়েতে দীর্ঘদিন ধরে একা বাস করছেন। বাজার, অসুস্থ হলে হাসপাতালে যাওয়া সব একা নিজেকেই করতে হয়। কিছুদিন আগে বাজার করতে গিয়েছিলেন বাইরে। নিরাপদ দূরত্বের কারণে লম্বা লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। তারপর বাসায় এসে অসুস্থ হয়ে পড়েন। কেউ নেই যে তার সেবা করবে। রান্না করে দেবে। খারাপ লাগলে হয়তো শুয়ে থাকেন। যখন একটু শক্তি পান, উঠে কিছু বানিয়ে খান। এভাবেই চলছে আজন্ম সংগ্রামী কবি আলেয়া চৌধুরীর করোনাকাল।
নিউইয়র্কে প্রিয় লেখক ও শ্রদ্ধেয় সোনিয়া কাদের জানালেন, ‘চারপাশের অসংখ্য দুঃখজনক খবরে ভয়ের সাপ পেঁচিয়ে ধরে থাকে সারাক্ষণ। টেনশনে মনোবল নষ্ট হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা ভেঙে পড়ে। অযথাই জ্বর, জ্বর লাগে, গলা খুসখুস করে, গা ব্যথা করে। সারাক্ষণ ঘরের আশ্রয়ে থেকেও ভয়ের অতলে তলিয়ে থাকি। সারাক্ষণ হাত ধুচ্ছি, মুখ ধুচ্ছি, গরম আদা পানি, লেবু পানি, দারুচিনি, এলাচি, জিরা পানি পান করছি। কালিজিরা নিয়মিত নিজে খাচ্ছি। পরিবারের সবাইকে খেতে বাধ্য করছি। তারপরেও মনে হয় এই বুঝি রোগ আক্রমণ করল। পরিবারের দুই পুরুষই নিউইয়র্কের এসেনশিয়াল ওয়ার্কার। স্বামী ও ছেলেকে কর্মস্থলে পাঠিয়ে আধমরা হয়ে পড়ে থাকি।’
এই মহামারির মধ্যে গত ১৮ এপ্রিল জ্যাকবি হাসপাতালে সোনিয়া কাদেরের ছোট ছেলের প্রথম সন্তান জন্ম নিয়েছে। এভাবে করোনাকাল আমাদের স্বাভাবিক জীবনকে দুর্বিষহ করে তুলেছে। তবু এর মধ্যে থেমে নেই নতুনের আগমন, থেমে নেই জীবনের উদ্যাপন।