করোনায় হারিয়ে গেল অনেক প্রিয় মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কামাল আহমেদ, আবদুল হাই,আজাদ বাকির, স্বপন হাই

যাদের পদচারনায় এক সময় মুখরিত ছিল বাংলাদেশি মার্কিন অধ্যুষিত নিউইয়র্কের জনপদ, আজ তাঁরা নেই। গেল বছর নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির অনেক পরিচিত মুখ অকালেই ঝরে গেছে। নতুন বছরের শুরুতে তাদের থাকবে না কোনো শুভেচ্ছা বার্তা। তাদের নাম লেখা হয়ে গেছে স্মৃতির পাতায়। তবে নিজেদের কর্মগুণে তারা বহু কাল বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে।

২০২০ সালের মার্চের শুরু থেকে নিউইয়র্কে এ পর্যন্ত কয়েক শ বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। আবার করোনার সঙ্গে লড়ে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন কয়েক হাজার বাংলাদেশি। এখনো এই ভাইরাসে কত বাংলাদেশি মার্কিন ভুগছেন, তার সঠিক কোনো হিসাব নেই। টিকা আসলেও এই ভাইরাসের কবল থেকে কবে মানুষ মুক্তি পাবে, তাও কেউ জানে না।

বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ। মানুষের সুখ-দুঃখে সব সময় কমিউনিটির মানুষের পাশে ছিলেন। করোনাভাইরাসে চলে গেলেন না ফেরার দেশে। তাঁর মহৎ কর্মকাণ্ড স্মৃতি চারণে আলোচনায় থাকবে বহুকাল।

আজাদ বাকির ছিলেন একাধারে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা। সর্বশেষ বাংলাদেশ সোসাইটি থেকে সহসাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন। করোনায় তিনিও চলে গেলেন দুনিয়া ছেড়ে।

আবদুল খালেক ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক নেতা ও সর্বশেষ সোসাইটির নির্বাচনে সহসভাপতি পদপ্রার্থী। হঠাৎ তাঁর মৃত্যুর খবর আসে কমিউনিটির কাছে।

কিংকর্তব্যবিমূঢ় হয়ে যান কমিউনিটির মানুষ। একের পর এক নেতৃত্বদানকারী সমাজকর্মীদের মৃত্যুর খবরের শোকে মুহ্যমান হয়ে পড়ে বাংলাদেশি কমিউনিটি।

আলোকচিত্র সাংবাদিক এ স্বপন হাই। কমিউনিটির বিভিন্ন সভা–সেমিনারে তাঁকে নিয়মিত দেখা যেত। ক্যামেরা নিয়ে ছবি তুলতেন সব সময়। প্রথম আলো, আজকালে কাজ করেছেন দীর্ঘদিন। তাঁকে প্রাণ হারাতে হয়েছে করোনাভাইরাসে। তাঁর মৃত্যু নিউইয়র্কের বাংলাদেশি সাংবাদিক সমাজকে বড় ধাক্কা দিয়েছে।

তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়ী মির্জা হুদাও চলে গেলেন করোনাভাইরাসে। রেখে যান স্ত্রী ও দুটি ফুট ফুটে শিশু। বাবার জন্য শিশুদের আর্তচিৎকার বাংলাদেশি কমিউনিটিকেও কাঁদিয়েছে। অকালে ঝরে যাওয়া স্বজন হারানোর বেদনা বুকে নিয়ে ঘুরছে পরিবারের মানুষ।

চট্টগ্রাম সমিতির সভাপতি আবদুল হাই (জিয়া)। তিনিও চলে গেলেন অল্প বয়সে। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।

বাংলাদেশ সোসাইটির সভাপতি পদপ্রার্থী কাজী আশরাফ হোসেন বলেন, ‘করোনাভাইরাসে আমরা কমিউনিটির শত শত প্রতিভাবান মানুষকে হারিয়েছি। এই বেদনা কোনো দিন ভোলার নয়। আমাদের প্রার্থনা, যারা চলে গেছেন তারা পরপারে যেন শান্তিতে থাকেন।’

বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ড সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, এই ভাইরাসে আমরা যাদের হারিয়েছি, তা কমিউনিটির জন্য অপূরণীয় ক্ষতি। ভবিষ্যতে যেন আর কাউকে করোনায় হারাতে না হয়, সে জন্য সবাইকে নগরের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।