করোনায় হারিয়ে যাচ্ছে চেনা মুখগুলো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আমেরিকায় মৃত্যুর মিছিলে প্রতিদিন যোগ হচ্ছে বাংলাদেশি মার্কিনদের নাম। একেকজন করোনায় প্রাণ হারাচ্ছেন, শোক গ্রাস করছে পুরো পরিবারকে, পুরো কমিউনিটিকে। একেকটি মৃত্যু শুধু একেকটি সংখ্যা নয়। তার প্রভাব সুদূর প্রসারী। অথই সাগরে পড়ছে বহু পরিবার, বদলে যাচ্ছে তাদের জীবনধারা। বদলে যাচ্ছে মানুষের জীবনের গল্প। জমা হচ্ছে একের পর এক বেদনাগাথা। মৃত্যু শোকের কান্নায় নিউইয়র্কের আকাশ এখন ভারী। এমন এক পরিস্থিতি, করোনার ভয়ে কেউ কাউকে পাশে থেকে সমবেদনাও জানাতে পারছে না। একটি মৃত্যুর খবর শুনতে গিয়ে মুহূর্তেই আসছে আরেকটি মৃত্যুর খবর।
আমেরিকায় করোনায় ১৬ এপ্রিল পর্যন্ত ১৩৯ বাংলাদেশির মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এই সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। করোনায় এমন তাণ্ডবে স্তব্ধ বাংলাদেশি কমিউনিটি।
ভাগ্যের চাকা ঘোরাতে স্বপ্নের দেশ আমেরিকায় আসা মানুষগুলো আজ প্রতিনিয়ত মৃত্যু আতঙ্ক নিয়ে স্রষ্টার কাছে প্রার্থনা করছেন। যাঁদের কারণে আজকের আমেরিকায় নতুন দিগন্তের শুরু হয়েছে, সেই মানুষগুলোও করোনার কাছে পরাস্ত হয়ে ওপারে চলে গেছেন। কমিউনিটি বড় দুঃসময়ে হারিয়েছে তিনজন বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক, কামাল আহমদ, গিয়াস আহমদ, বাকের আজাদের মতো অনেক নেতাকে। করোনার এই ভয়াল থাবায় তৈরি হচ্ছে নতুন নতুন করুণ গল্প।
করোনায় লন্ডভন্ড হয়ে গেছে সাজানো সংসার। বাংলাদেশি আমেরিকান নারী তানজিদ রাশেদ দুই অবুঝ সন্তানকে রেখে চলে গেলেন ওপারে। তানজিদ রাশেদের স্বামী বিপ্লব করোনায় আক্রান্ত হওয়ার পর তাঁর বাবা গত ৩ এপ্রিল এই ভাইরাসে মারা যান। বিপ্লব করোনা থেকে মুক্তি পেলেও তাঁর স্ত্রী তানজিদ আক্রান্ত হয়ে শ্বশুরের মতো সেই অজানা গন্তব্যে ছুটলেন।
সিলেটের খন্দকার মোছাদ্দিক আলী ব্রঙ্কসে থাকতেন। নিউইয়র্ক, নিউজার্সিতে বসবাসরত বিশাল অভিবাসী পরিবারের সদস্য। তাঁর তিন ছেলের একজন ডাক্তার। দুজন নিউইয়র্ক পুলিশের ট্রাফিকে কর্মরত। আমেরিকায় কোনো পুলিশ বিভাগের সর্বোচ্চ পদের বাংলাদেশি এই পরিবারের সদস্য। ট্রাফিকে কর্মরত সন্তানের হাত ধরে ঘরে করোনার প্রবেশ। পরিবারের সবাই আক্রান্ত। ছেলে খন্দকার আব্বাসের শরীর নাজুক হতে থাকলে হাসপাতালে ভর্তি হন। একপর্যায়ে চরম শারীরিক সংকট দেখা দেয়। ঘরের অন্যরা কম-বেশি অসুস্থ। অসুস্থ বাবা জায়নামাজে বসে সদ্য বিবাহিত সন্তানের রোগমুক্তির জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ জানাতে থাকেন। জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করে আব্বাস ঘরে ফেরেন। খন্দকার মোছাদ্দিকের শরীর খারাপ হতে থাকে। ১১ এপ্রিল ভোরে হাসপাতালে নেওয়ার পরই তিনি মারা যান। আত্মীয়-স্বজন কেউ তাঁর কাছে যেতে পারছেন না।
এর আগে নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) ডিটেকটিভ জামিল সারোয়ারের পরিবারে ঘটেছে মর্মান্তিক ঘটনা। কর্তব্য পালনকালে তাঁর শরীরে ঢুকেছিল করোনাভাইরাস। যখন পজিটিভ ধরা পড়ল, ততক্ষণে সর্বনাশ যা হওয়ার হয়ে গেছে। ঘরে আক্রান্ত হন তাঁর বাবা অ্যাডভোকেট সারোয়ার হোসেন। বাবাকে সেবা দিচ্ছিলেন মা। মারাত্মক অসুস্থ অবস্থায় হাসপাতালের নেওয়ার পর গত বুধবার তাঁর বাবা সারোয়ার পৃথিবী থেকে বিদায় নেন। মা অধ্যক্ষ রেনু সুলতানাও অসুস্থ। বাবার মৃত্যুর খবর শুনে কাঁদতেও পারছেন না জনি। একদিকে মা, অন্যদিকে তাঁর পেশাগত জীবন।
সারোয়ার পিরোজপুর শহরের সিনিয়র আইনজীবী ছিলেন। তাঁর সহধর্মিণী রেনু সুলতানা পিরোজপুর সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ। ছোট ছেলে জামিলের আবেদনে তাঁরা যুক্তরাষ্ট্রে ইমিগ্রান্ট হন। তাঁরা বাংলাদেশ ও আমেরিকায় আসা-যাওয়ার মধ্যে ছিলেন।
নিউইয়র্কের ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদ ও স্টার্লিং-বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি, কমিউনিটির প্রিয়মুখ সমাজসেবী গিয়াস উদ্দিনের দাফন সম্পন্ন হয়েছে। ১১ এপ্রিল বিকেলে জানাজা শেষে নিউজার্সির টেটোয়ায় বাংলাবাজার মসজিদের কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।
করোনাভাইরাসের তাণ্ডবে নিউইয়র্কের প্রবাসীদের ব্যস্ত জনপদ আজ নির্জীব হয়ে গেছে। থেমে গেছে প্রাণের স্পন্দন। সময়রে সঙ্গে হয়তো স্বাভাবিক হয়ে যাবে সবকিছু, কিন্তু ফিরবে না হারানো সেই চেনা মুখগুলো।