কর্মক্ষেত্রে যৌন হয়রানি মোকাবিলায় মার্কিন প্রধান বিচারপতি

যুক্তরাষ্ট্রের আদালতে কর্মচারীদের যৌন হয়রানি থেকে রক্ষায় একটি পরিকল্পনা প্রকাশ করেছেন সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি জন রবার্টস। গতকাল রোববার এই পরিকল্পনা উন্মোচন করা হয়।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, যৌন হয়রানি প্রতিরোধে প্রধান বিচারপতি এর মধ্যে কাজ শুরু করেছেন। যুক্তরাষ্ট্রের আদালত প্রধান জেমস ডাফের প্রশাসনিক ভবনকে এ বিষয়ে কাজ করতে দায়িত্ব দেওয়া হয়েছে। ডাফ জানান, তিনি একটি কমিটি গঠন করতে যাচ্ছেন। এ বিষয়ে পর্যালোচনা করে কমিটি আগামী ১ মে সুপারিশ দেবে। গত বুধবার এ বিষয়ে একটি স্মারকলিপি প্রকাশ করা হয়।
সম্প্রতি ক্যালিফোর্নিয়ার ফেডারেল কোর্ট জজ অ্যালেক্স কোজিনস্কির বিরুদ্ধে যথাযথ আচরণ না করার অভিযোগ ওঠে। এই অভিযোগে গত মঙ্গলবার তিনি অবসরে যেতে বাধ্য হন। অন্তত ১৫ জন কর্মচারীর সঙ্গে অনুচিত ব্যবহারের অভিযোগ ওঠে অ্যালেক্স কোজিনস্কির বিরুদ্ধে।
রোমানীয় বংশোদ্ভূত অ্যালেক্স কোজানস্কির বিরুদ্ধে প্রধান বিচারপতির কাছে এক চিঠিতে অভিযোগ করেন প্রায় ৭০০ বর্তমান ও সাবেক কর্মচারী। তাঁরা কর্মক্ষেত্রে যৌন নিপীড়ন বন্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আরজি জানান।
২০১৭ সালের স্টেট অব দ্য জুডিশিয়ারি রিপোর্টে জন রবার্টস লেখেন, সাম্প্রতিক সময়ে কর্মীরা কর্মস্থলে যৌন হয়রানির সমস্যাটির গভীরতা প্রকাশ করেছেন এবং গত কয়েক সপ্তাহের ঘটনাগুলো স্পষ্ট করে তুলেছে যে বিচার বিভাগীয় শাখাও এর ব্যতিক্রম নয়।