কর্মজীবী নারী যখন সফল সংসারী

কর্মময় জীবন আমাদের। ব্যস্ততম এই নিউইয়র্ক শহরে ব্যস্ততাই নিত্যসঙ্গী। জীবিকার পেছনে ছুটতে থাকা মানুষগুলোর জীবনযাত্রার বৈচিত্র্যও চোখে পড়ার মতো। আমাদের অনেকেরই জানার আগ্রহ হয় কি করে একজন পেশাজীবী তাঁর বহুমুখী ব্যস্ততাকে ম্যানেজ করে চলেন। পেশাগত কাজের পাশাপাশি সংসার সামলানো, বাচ্চা লালন-পালন ও সামাজিকতা রক্ষা— কম ঝক্কি তো নয়। বিশেষ করে সেই ব্যক্তিটি যদি হন নারী, তাহলে এই ঝক্কি আরও বেড়ে যায়। আর সেই নারী যদি হন একজন পুরোদস্তুর সংসারী মানুষ; একজন মা, তখন আমাদের আগ্রহ আরও বেড়ে যায়। আমাদের আশপাশে এ রকম অনেক উদাহরণই আছে।
আজকের লেখায় আমি একজন নার্গিস আফরিনের গল্প বলব, যিনি একাধারে একজন পেশাজীবী, সংসারী ও মা। থাকেন নিউইয়র্কের ম্যানহাটনে। স্বামী ড. মোহাম্মদ আরিফ; পেশায় জেনেটিকস ইঞ্জিনিয়ার। মাউন্ট সিনাই হাসপাতালের ক্লিনিক্যাল ল্যাবরেটরি-ফেলো। এই দম্পতির দুই মেয়ে অহনা ও অনন্যা এখনো হাইস্কুলের গণ্ডি পেরোয়নি।
নার্গিস আফরিন পেশায় একজন রেসপিরেটরি থেরাপিস্ট। কাজ করেন দুটি হাসপাতাল। ম্যানহাটনের লেনক্সিল হাসপাতালে দিনের বেলায় পূর্ণকালীন কাজ করার পর শুক্রবার রাতের শিফটে খণ্ডকালীন কাজ করেন ব্রঙ্কসের মন্টেফিওর হাসপাতালে। ফুসফুসে সমস্যার কারণে শ্বাস-প্রশ্বাস নিতে যাদের কষ্ট হয়, তাদের সেবা দিতে ব্যস্ত সময় কাটে নার্গিস আফরিনের। খুবই স্ট্রেসফুল কাজ। সারাক্ষণই তটস্থ থাকতে হয় কর্মক্ষেত্রে। ভোর সাড়ে ৬টায় বেরিয়ে বাসায় ফিরতে ফিরতে বিকেল ৪টা। এ রকম একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে বাসায় ফিরে আবার ব্যস্ত হয়ে পড়েন বাচ্চাদের হোমওয়ার্ক ও ডিনারের ব্যবস্থা করত। সকালে বাচ্চাদের স্কুলে যাওয়ার পর্বটা অবশ্য আরিফই সারেন। কারণ নার্গিসকে খুব ভোরে কাজের জন্য বেরিয়ে পড়তে হয়।

সন্ধ্যায় ছোট মেয়ে অনন্যাকে আফটার স্কুল থেকে নিয়ে বাসায় ফেরেন বাবা আরিফ। ততক্ষণে মা নার্গিস ডিনার তৈরি করে ফেলেন। রাতে ডিনার টেবিলে উপভোগ করেন একসঙ্গে পরিবারের সবার সান্নিধ্য। উইকেন্ডের দিনগুলোও এমনই কর্মব্যস্ততায় কাটে এই পেশাজীবী নারীর। শুক্রবার রাতে বাচ্চারা ঘুমিয়ে পড়লে বেরিয়ে পড়নে ব্রঙ্কসের মন্টেফিওর হাসপাতালের উদ্দেশে। সেখানে তিনি কাজ করেন রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত। শনিবার সকাল থেকে শুরু হয় তাঁর উইকেন্ড। ছুটি কিন্তু অবসর থাকে না অনেক সময়ই। মাঝে মাঝে পরিবারের সবাইকে নিয়ে বেরিয়ে পড়েন কোথাও। না হলে ঘরেই পরিবার নিয়ে সময় কাটান।
ব্যস্ত শহরের সবকিছুই পরিকল্পনা মেনে চলে। নার্গিসের জীবনও এর বাইরে নয়। পরিবারের সবাই মিলে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অথবা বেড়াতে যাওয়ার পরিকল্পনা তাকে মাসখানেক আগে থেকেই ঠিক করে রাখতে হয়। বেড়াতে যাওয়ার বিশেষ দিনসহ সব সামাজিক কর্মকাণ্ড তিনি ক্যালেন্ডারে মার্ক করে রাখনে। সময় মতো যাতে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন, সে জন্য আগে থেকেই পরিবারের সবার পোশাক সিলেকশন করে গুছিয়ে রেখে দেন, যাতে শেষ মুহূর্তে খোঁজাখুঁজি করে বাড়তি সময় নষ্ট করতে না হয়। কোনো অনুষ্ঠানে উপহার নিয়ে যেতে হলে আগে থেকেই তা ঠিক করে রাখতে হয়। সময় বাঁচাতে এমনকি উপহারের মোড়কও আগে থেকে তৈরি করে রাখেন তিনি।
নার্গিস মনে করেন স্বামীর সহযোগিতা আর আন্তরিকতা অনেক বেশি গুরুত্বপূর্ণ একজন কর্মজীবী নারীর জন্য। তাঁর সহযোগিতা ছাড়া ব্রঙ্কসে গিয়ে রাতের শিফটে কাজ করা কখনোই সম্ভব হতো না। মানসিকভাবে সমর্থন করা ছাড়াও গভীর রাতে কর্মস্থলে পৌঁছে দেওয়ার কাজটিও আরিফ করছেন হাসিমুখে। নার্গিস তাঁর বাচ্চাদের শিখিয়েছেন নিজের কাজ গুছিয়ে করার কোনো বিকল্প নেই। তাই মেয়েদের কাছ থেকেও বাড়তি পাওনা হিসেবে ঘররে কাজে অনেক সাহায্য পান তিনি। মনের জোররে পাশাপাশি প্রিয়জনদের ভালোবাসা ও সহযোগিতা, সেই সঙ্গে আগেভাগে পরিকল্পনামাফিক কাজ গুছিয়ে রাখলে পেশাগত দায়িত্ব আর সংসার দুটোই ভালোভাবে করা যায় বলে মনে করেন সব ক্ষেত্রে সফল এই কর্মজীবী নারী।