কর্মজীবী মায়ের মেয়েরা এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশাগত কাজের চাপ বেশি, তাই সন্তানের যত্ন-আত্তি ঠিকমতো হয় না—কর্মজীবী নারীদের এ রকম আফসোস প্রায়ই শোনা যায়। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণার ফলাফল দেখলে তাঁদের ওই নেতিবাচক ধারণা পাল্টে যেতে পারে। ওই গবেষকেরা বলছেন, কর্মজীবী মায়ের মেয়েরা বড় হয়ে সুন্দর পেশাজীবন, ভালো চাকরি ও বৈষম্যহীন সম্পর্ক পাওয়ার ব্যাপারে অন্যদের চেয়ে এগিয়ে থাকেন।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ ২৪টি দেশের কর্মজীবী মায়েদের অবস্থা ও তাঁদের সন্তানের ভবিষ্যৎ সাফল্যের তথ্য-উপাত্ত ওই গবেষণায় বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায়, গৃহবধূর নিবিড় পরিচর্যায় বেড়ে ওঠা সন্তানদের চেয়ে উপার্জনকারী মায়েদের ছেলেমেয়েরা জীবনে পিছিয়ে থাকেন না, বরং তুলনামূলক বেশি প্রতিষ্ঠা লাভ করেন। মায়ের পরিশ্রমী জীবনযাত্রার সুফল সবচেয়ে বেশি পান মেয়েরা। তাঁরা পেশাজীবন গড়ার ক্ষেত্রে মাকে দেখে ইতিবাচক প্রেরণা পান। তাঁরা কাঙ্ক্ষিত পেশাজীবন গড়তে পারেন, তুলনামূলক বেশি বেতন পান বা উপার্জন করেন এবং সমতাপূর্ণ সম্পর্কে যুক্ত হতে পারেন।
গবেষণায় নেতৃত্ব দেন হার্ভার্ড বিজনেস স্কুলের অধ্যাপক ক্যাথলিন ম্যাকগিন। তাঁদের প্রতিবেদনের উপসংহারে বলা হয়, মায়েরা বা বাবারা ঘরে থাকবেন, নাকি বাইরে গিয়ে কাজ করবেন, পূর্ণকালীন নাকি খণ্ডকালীন চাকরি বেছে নেবেন—ইত্যাদি বিষয় সন্তানের ভবিষ্যতের ওপর প্রভাব বিস্তার করে। কর্মজীবী মা-বাবারা হয়তো এ গবেষণার সুফল পেতে পারেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, কর্মজীবী মায়েদের মেয়েরা তাঁদের সমবয়সী অন্য মেয়েদের চেয়ে প্রায় ৪ শতাংশ বেশি উপার্জন করেন। শিক্ষা অর্জন ও সামাজিক আচরণ শেখার ক্ষেত্রেও কর্মজীবী নারীর মেয়েরা তুলনামূলক এগিয়ে থাকেন। কর্মক্ষেত্রে উচ্চপদে নিয়োগ পাওয়ার ব্যাপারেও তাঁরা অগ্রগামী। কর্মজীবী মায়েদের প্রতি তিন মেয়ের মধ্যে একজন ব্যবস্থাপনা পদে কাজ করেন। সেই তুলনায় কর্মজীবী নন এমন মায়েদের প্রতি চার মেয়ের একজন একই ধরনের পদে নিয়োগ পান।
সূত্র: গার্ডিয়ান।