
বৈশ্বিক এক গবেষণায় দেখা গেছে, গত ২০ বছরে বিশ্বজুড়ে কর্মস্থলে নারীরা ‘প্রান্তিক অগ্রগতি’ অর্জন করতে পেরেছেন মাত্র। বিশ্বজুড়ে চাকরিবাকরির ক্ষেত্রে নারী-পুরুষের যে পার্থক্য ছিল, ১৯৯৫ সাল থেকে এ পর্যন্ত সেই হার কমেছে মাত্র দশমিক ৬ শতাংশ।
গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রকাশ করা এক প্রতিবেদনে জাতিসংঘের আন্তর্জাতিক শ্রম সংস্থা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও) এই তথ্য দিয়েছে। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়েছে, যেসব দেশে নারীদের চাকরি পাওয়া তুলনামূলকভাবে সহজ, সেসব দেশেও তাঁদের কাজের ধরন ‘উদ্বেগজনক’ পরিস্থিতিতে রয়ে গেছে। প্রতিবেদন প্রকাশের সময় আইএলওর প্রধান গাই রাইডার বলেন, গবেষণায় তাঁরা দেখেছেন, সন্তোষজনক কাজ পেতে কিংবা এ ধরনের কাজ পাওয়ার পর তাতে টিকে থাকার জন্য নারীদের প্রতিনিয়ত বড় বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। পুরো পেশাগত জীবনজুড়েই তাঁদের নানা ধরনের প্রতিকূলতার মুখে পড়তে হয়। রাইডার বলেন, ১৯৯৫ সাল থেকে নারীর অগ্রগতি যা হয়েছে, তা একেবারেই প্রান্তিক পর্যায়ের।
প্রতিবেদনে বিশ্বের ১৭৮টি দেশের সব পর্যায়ের কর্মস্থলের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, ২০১৫ সালে কর্মক্ষেত্রে পুরুষের তুলনায় নারীর অংশগ্রহণ ২৫ দশমিক ৫ শতাংশ কম। এই হার ২০ বছর আগের চেয়ে মাত্র দশমিক ৬ শতাংশ কম।
প্রতিবেদনে আইএলও বলছে, বিশ্বের বহু অঞ্চলে পুরুষের তুলনায় বেকার নারীর সংখ্যা অনেক বেশি। এ ছাড়া অনেক ক্ষেত্রেই নারীদের যোগ্যতার তুলনায় নিম্নমানের কাজ নিতে বাধ্য হতে হচ্ছে। প্রতিবেদনের হিসাব অনুযায়ী, বিশ্বে বর্তমানে ৫ দশমিক ৫ শতাংশ পুরুষ ও ৬ দশমিক ২ শতাংশ নারী বেকার। এতে আরও বলা হয়, নিম্ন থেকে উচ্চ আয়ের দেশে পারিশ্রমিকহীন ও ঘর-গেরস্থালির কাজ বণ্টনের ক্ষেত্রে নারী-পুরুষের বৈষম্য রয়ে গেছে। অবশ্য এ ক্ষেত্রে সামান্য হলেও অগ্রগতি হয়েছে।
পেশাগত ও সাংসারিক উভয় ক্ষেত্রেই প্রতিদিন পুরুষের তুলনায় নারীকে অনেক বেশি পরিমাণ কাজ করতে হয় বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। এতে বলা হয়, এই পাহাড় সমান বাধা কাটিয়ে নারীর যে অগ্রগতির ধারা তা খুবই সামান্য। তাও যতটুকু অগ্রগতি হয়েছে তা ঘটেছে গোটা বিশ্বের খুব সামান্য অংশেই।
যুক্তরাষ্ট্রভিত্তিক সমীক্ষা ও কর-বিষয়ক প্রতিষ্ঠান গ্র্যান্ট থর্নটনের গবেষণায় দেখা গেছে, গত পাঁচ বছরে গোটা বিশ্বের কর্ম পরিমণ্ডলের জ্যেষ্ঠ ভূমিকায় নারীর অংশগ্রহণ মাত্র ৩ শতাংশ বেড়ে ২৪ শতাংশে দাঁড়িয়েছে।
ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে জ্যেষ্ঠ কর্মকর্তার ভূমিকায় নারীর অংশগ্রহণ এক সময় রাশিয়াতে ছিল সবচেয়ে বেশি। রাশিয়ার সেই অবস্থান এখন তৃতীয় স্থানে নেমে এসেছে। এ ক্ষেত্রে প্রথম স্থানে এখন ফিলিপাইন ও দ্বিতীয় স্থানে লিথুয়ানিয়া। সবচেয়ে পিছিয়ে আছে জাপান। সেখানে মাত্র ৭ শতাংশ নারী ব্যবসা-বাণিজ্য ও চাকরিবাকরির ক্ষেত্রে বড় পদে আছেন।