কর্মহীনতায় বিপর্যস্ত মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের ইতিহাস তো আজকের নয়। অতি পুরোনো এই ইতিহাসে বিলুপ্তি কতবার চোখ রাঙিয়েছে মানুষকে, কতবার মৃতদের সংখ্যা কাঁপন ধরিয়ে দিয়েছে জীবিতদের বুকে, তার কোনো হিসাব নেই। কখনো যুদ্ধ, কখনো মড়ক, কখনো প্লাবন, কখনো ভূমিকম্প, কখনো বা ঝড়-জলোচ্ছ্বাস মানুষকে চোখ রাঙিয়েছে। আর সব ধরনের দুর্যোগের সঙ্গেই অবধারিতভাবে এসেছে দুর্ভিক্ষ।
মানুষকে কতবার কত অজুহাতে যে দুর্ভিক্ষ মোকাবিলা করতে হয়েছে, তার ইয়ত্তা নেই। বাংলার মানুষকেই তো যুদ্ধের অবধারিত ফল হিসেবে দুর্ভিক্ষের অভিজ্ঞতা নিতে হয়েছে কয়েকবার। বসনিয়া কিংবা সোমালিয়ার জীর্ণ শিশুদের মুখ তো এরই মধ্যে ভোলবার কথা নয় বিশ্বের। ভোলেনি কেউ। বড় দাগের যেকোনো সংকট অর্থনীতিতে রেখে যায় গভীর ছাপ। আর আর্থিক খাতের সংকট হলে তো কথাই নেই, যেমনটা হয়েছিল গত দশকে। এমন সংকটের সময় ব্যাপক হারে কর্মহীন হয়ে পড়ে মানুষ। উৎপাদন যায় কমে। সার্বিকভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডে এমন ছেদ পড়ে যে, সাধারণ মানুষের পক্ষে জীবন চালিয়ে নেওয়াটাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।
বর্তমানে চলমান করোনাভাইরাসের সংকটও এমন এক সংকট। এরই মধ্যে বৈশ্বিক অর্থনীতিতে ভয়াবহ প্রভাব পড়েছে। মার্কিন অর্থনীতি এরই মধ্যে ভয়াবহ সংকটে পড়েছে। তারপরও এ সংকট মোকাবিলায় এবং মানবিক সহায়তা হিসাবে মোট ৩ লাখ কোটি বা ৩ ট্রিলিয়ন ডলারের প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।
এ কথা সত্য যে, করোনাভাইরাসের বিস্তার রোধে বিশ্বের অন্য দেশগুলোর মতো আমেরিকায়ও লকডাউনের পদক্ষেপ নেওয়ায় ছোট-বড় সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। স্বনিয়োজিত কাজের ক্ষেত্রগুলোও ব্যাপকভাবে সংকুচিত হয়েছে। এ অবস্থায় এমনকি মধ্যবিত্ত পরিবারগুলোও খাদ্যসংকটের মধ্য দিয়ে যাচ্ছে। নিম্নবিত্ত বা দরিদ্রদের কথা না হয় বলাই হলো না। ফলে সংকটের মাত্রাটি সহজেই অনুমেয়। কিন্তু এও তো সত্য যে, এই হঠাৎ করে কর্মহীন হয়ে পড়া মানুষদের দিকে রাষ্ট্রই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।
সরকারি সহায়তা এখনো সবাই হাতে পাননি, প্রক্রিয়াকরণের জন্য বাড়তি সময় লাগার কারণে। এদিকে সবচেয়ে আক্রান্ত অঞ্চল নিউইয়র্কে সবকিছু স্বাভাবিক হতে আরও সময় লাগবে। তাই আর্থিক সংকটের মাত্রাটি এখানে আরও তীব্র হবে সময়ের সঙ্গে। তাই এ সময়টি ধৈর্য ধরাটা খুবই জরুরি। এটা মনে রাখা জরুরি যে, বিশ্বের সব দেশ একই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। প্রতিটি দেশের কর্মজীবী মানুষেরা অথই সাগরে পড়েছেন হুট করেই। কিন্তু খুব কম দেশের সরকার তার নাগরিকদের জন্য মার্কিন সরকারের মতো সহায়তা তহবিল ঘোষণা করেছে। এখানে তবু আশা আছে। খোদ নিউইয়র্কেই সম্ভাব্য একটি ভ্যাকসিনের পরীক্ষা মানুষের ওপর চালানো হচ্ছে। এই সবকিছুকেই সংকট মোকাবিলায় সাহসের উৎস হিসেবে নিতে জানতে হবে। মনে রাখতে হবে, বিগত হাজারো দুর্যোগ পেরিয়ে আসা মানুষের সম্মিলিত শক্তি এই দুর্যোগও কাটিয়ে উঠবে। আর তার খুব দেরিও নেই। কোনো সংকটই স্থায়ী নয়। তাই সংকট নয়, সমাধানের দিকে তাকানোই জরুরি বেশি।