কর্মীদের ব্যক্তিগত কাজে ব্যবহার, মেয়রের ৫ বছর জেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি করপোরেশনের কর্মীদের ব্যক্তিগত কাজে ব্যবহার করার দায়ে নিউজার্সির প্যাটারসন শহরের সাবেক মেয়র জো টরেসকে পাঁচ বছরের জেল দিয়েছেন আদালত। সেই সঙ্গে আরও ১০ হাজার ডলার সিটি করপোরেশনের ফান্ডে জরিমানা হিসেবে জমা দিতে আদেশ দেওয়া হয়েছে।
নিউ জার্সির তৃতীয় বৃহৎ নগর প্যাটারসনে ১৫ থেকে ২০ হাজার বাংলাদেশি অভিবাসীর বসবাস।
জো টরেস ছিলেন প্যাটারসন সিটি করপোরেশনের তিন বারের নির্বাচিত মেয়র। এর আগে আরও দুই বার নির্বাচিত হয়েছিলেন কাউন্সিলম্যান হিসেবে। এর আগে তিনি কিছুদিন কাজ করেছেন করপোরেশনের অন্য বিভাগের কর্মী হিসেবে। সব মিলিয়ে প্যাটারসন সিটিতে তার প্রায় ২৮ বছরের দৌরাত্ম্য। আদালত তাঁর বিরুদ্ধে আনীত একটি দুর্নীতি মামলার রায়ে বলেছেন, টরেস নিয়ম বহির্ভূতভাবে তাঁর ব্যক্তিগত স্থাপনায় উন্নয়নকাজে সিটি করপোরেশনের কর্মীদের ব্যবহার করেছে।
আদালতে যখন এই রায় ঘোষণা করা হচ্ছিল তখন তিনি কান্নায় ভেঙে পড়েন। রুমাল দিয়ে চোখ মুছতে মুছতে বলছিলেন, ‘আমি অপরাধ করেছি, আমি দুঃখিত।’
জো ট্রয়েস তাঁর কন্যার নামে পরিচালিত একটি ওয়ার হাউস সংস্কার করার কাজে, সিটি করপোরেশনের ইজারাকৃত শ্রমিকদের ব্যবহার করেছিলেন। তাঁর বিরুদ্ধে দুর্নীতির এই দালিলিক প্রমাণ হাজির করা হলে গত বছর সেপ্টেম্বর মাসেই মেয়রের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হন টরেস। গত প্রায় এক বছর ধরে টরেস আইনি প্রক্রিয়ার মধ্যে ছিলেন। পুয়ের্তুরিকান বংশোদ্ভূত এই ল্যাটিনো রাজনৈতিক তুমুল জনপ্রিয় মেয়র হিসেবেই পরিচিত প্যাটারসনে। আগামী নির্বাচনে তাঁর কংগ্রেসম্যান হিসেবেই নির্বাচন করার কথা। এখন চিরদিনের মতোই তাঁর রাজনৈতিক ক্যারিয়ার সামান্য দুর্নীতির লালসায় জলাঞ্জলি গেল বলে মনে করছেন তাঁরই একসময়ের সহকর্মীরা।
নিউইয়র্ক থেকে ২০ মাইল দূরের শহর প্যাটারসনে, বাংলাদেশি বংশোদ্ভূত প্রায় ১৫ হাজারের বেশি মানুষ বসবাস করে। নিবন্ধিত ভোটার আছে তিন হাজারের বেশি। ওই শহরের একমাত্র মুসলিম সিটি কাউন্সিলম্যান, বাংলাদেশি বংশোদ্ভূত শাহিন খালিক প্রথম আলোকে বলছিলেন, মেয়র টরেসের এই ঘটনা সবাইকে নাড়া দিয়েছে। তিনি এতটাই জনপ্রিয় ছিলেন যে, আগামী নির্বাচনে কংগ্রেসম্যান হিসেবে দাঁড়ালে নির্বিঘ্নে পাশ করে যেতেন বলেই সবার বিশ্বাস।