কর্মীর চাপ কমাতে সবার ছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাম্বলের প্রতিষ্ঠাতা হুইটনি উলফ।
ছবি: রয়টার্স

অফিসে কাজের চাপ। এতে কর্মীর হাঁসফাঁস অবস্থা। এই চাপ সামাল দিতে অনেকে যান বেড়াতে। আবার অনেকে চাপ নিয়েই নিত্যদিনের কাজ চালিয়ে যান। কিন্তু কর্মীর চাপ কমাতে যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান যে পদক্ষেপ নিয়েছে, তা বিরলই বলা চলে। ডেটিং অ্যাপ বাম্বল নামের প্রতিষ্ঠানটি চলতি সপ্তাহে বিশ্বের সব কার্যালয় সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।

গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি। খবরে বলা হয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে নিয়োজিত বাম্বলের সাত শতাধিক কর্মীকে কাজে না এসে নিজেদের শরীরের প্রতি যত্ন নেওয়ার নির্দেশ দিয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।

এই অবিশ্বাস্য ঘটনার তথ্য প্রথম প্রকাশ করেন বাম্বলের একজন জ্যেষ্ঠ নির্বাহী। তিনি টুইট করেন, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হুইটনি উলফ কর্মীদের জন্য এই সিদ্ধান্ত নেন।

গত এপ্রিলে প্রতিষ্ঠানটি ঘোষণা দেয়, জুন মাসে পুরো এক সপ্তাহ বন্ধ থাকবে বাম্বলের সব কার্যালয়। তবে এ সময় যথারীতি সব কর্মীকে বেতন দেওয়া হবে।

বাম্বলের একজন মুখপাত্র বলেছেন, সাত শতাধিক কর্মীর বেশির ভাগই এক সপ্তাহের ছুটি কাটানো শুরু করেছেন। এর মধ্যে অ্যাপ ব্যবহারকারীদের অভিজ্ঞতাসংক্রান্ত কোনো কাজের জন্য প্রয়োজনে কিছু কর্মী কাজে যুক্ত থাকবেন, যাঁরা মূলত সরাসরি গ্রাহকসেবা দিয়ে থাকেন। এই কর্মীদেরও পরে পুরো এক সপ্তাহের ছুটি দেওয়া হবে।

করোনাভাইরাসের মহামারির মধ্যে লকডাউনে বিশ্বের বিভিন্ন প্রান্তের কোটি কোটি মানুষ ঘরবন্দী হয়ে পড়েন। সময় কাটাতে মানুষের অনলাইনে সঙ্গী খোঁজার হিড়িক পড়ে যায়। এর ফলে বাম্বল অ্যাপটির জনপ্রিয়তা ব্যাপক বেড়ে যায়। গত বছর থেকে চলতি বছর পর্যন্ত প্রতিযোগী অন্য প্রতিষ্ঠানগুলোর চেয়ে বেশি ব্যস্ত সময় পার করেছে প্রতিষ্ঠানটি। ভালো ব্যবসা হয়েছে তাদের। অ্যাপটির ব্যবহারকারীর সংখ্যাও ব্যাপক বেড়েছে। ফলে প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে কয়েক গুণ।

বাম্বলের মালিকানাধীন আরেকটি ডেটিং অ্যাপ বাডো। দুটি অ্যাপই ব্যাপক জনপ্রিয়। ২০২০ সালের প্রথম তিন মাসের তুলনায় চলতি বছরের প্রথম তিন মাসে এই দুই অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ৩০ শতাংশ বেড়েছে।